দাদুর সেলামি
খুব ছোটবেলার কথা। আমার বয়স তখন ৬-৭ বছর। বাবা-মার চাকরির কারণে বছরে একবারই আমাদের গ্রামের বাড়ি যাওয়ার সুযোগ হতো। আর তা ঈদের সময়। আমার দাদু-দাদি থাকেন গ্রামের বাড়িতে। তার আট ছেলে-মেয়ে সবাই থাকে ঢাকায় আর দেশের বাইরে। যারা ঢাকায় থাকে কর্মব্যস্ততার জন্য খুব একটা দেখা হয় না। তাই রোজার ঈদে দাদু বাড়িতে সবাই একত্রিত হওয়ার চেষ্টা করে। চাচাতো-ফুফুতো ভাই-বোন মিলে আমরা ১৫ জন হলেও দেশে থাকি ১২ জন। তো আমরা এই এক ডজন ভাই-বোন ঈদের ছুটিতে দাদু বাড়িতে খুব মজা করি। মাছ ধরা, পুকুরে সাঁতার, গাছে উঠে ফল খাওয়া, সাইকেল চালানো, বৃষ্টিতে ভেজা, ট্রেনে চড়ে শেষ স্টেশনে যাওয়া আবার ফিরে আসা। এ এসব করে ছুটির দিনগুলো যে কীভাবে পার হতো বুঝতেই পারতাম না।
সবচেয়ে মজা পেতাম দাদুর কাছ থেকে সেলামি আদায় করে। আমার দাদু এলাকায় একজন গণ্যমান্য ব্যক্তি। তার বয়স এখন ৮৫ বছর। সব সন্তানরাই সমাজে ভালোভাবে প্রতিষ্ঠিত হওয়ার কারণে এলাকায় সকলেই তাকে সম্মান করতেন। তবে তিনি ছিলেন কিছুটা কৃপণ স্বভাবের। অবশ্য শুধু কৃষিকাজ করে আট সন্তানকে প্রকৌশলী, ডাক্তার, অধ্যাপক বানাতে তাকে কৃপণতা করেই চলতে হয়েছে। তা ছাড়া আগের দিনের মানুষ হওয়াতে তার কাছে ৫ / ১০ টাকাই ছিল অনেক বেশি।
তো যাই হোক ঈদের দিন খুব সকালে ঘুম থেকে উঠে আমরা হাঁটতে বের হতাম। দাদি ফজরের আজানের সময় উঠে রান্নাবান্নার কাজে লেগে যেতেন। বাড়ি ভর্তি ছেলেমেয়ে, নাতি-নাতনিদের জন্য সেমাই, পিঠা, পায়েস, পোলাও কোর্মা কত কি রাধতেন। বড়রা তাকে সাহায্য করত।
আমরা হেঁটে এসে পুকুরে গোসল করে দাদির রান্না করা সেমাই, পায়েস মজা করে খেয়ে অপেক্ষা করতাম কখন বড়রা অর্থাৎ দাদু, বড় আব্বু, বাবা, চাচা, ফুফারা নামাজ পড়ে ফিরবেন আর আমরা সালাম করব। কে কত সেলামি আদায় করতে পারব শুরু হবে সেই প্রতিযোগিতা। তো সকলের কাছ থেকে আমরা মোটামুটি একই পরিমাণ সেলামি পেতাম। এখন প্রতিযোগিতায় ফার্স্ট হতে হলে আমাদের দাদুর আশ্রয় নিতে হতো।
দাদু ঈদের আগে ব্যাংকে চাকরি করা মেয়ের কাছ থেকে দুই, পাঁচ ও দশ টাকার নতুন চকচকে নোট সংগ্রহ করে রাখতেন। আর নামাজ পড়ে এসে বাড়ির উঠানে একটা চেয়ার পেতে বসতেন। আর আমরা একে একে সালাম করে পাঁচ/দশ টাকা করে পেতাম। ঈদ উপলক্ষে আমাদের প্রায় ডজন খানেক জামা উপহার হিসেবে পেতাম। আর আমরা কিছুক্ষণ পর পর জামা পরিবর্তন করে গিয়ে দাদুকে সালাম করে সেলামি নিতাম। চোখে কম দেখার কারণে আর জামা পরিবর্তন করার কারণে দাদু আমাদের চিনতে পারতেন না। কখনো সন্দেহ হলে তিনি নাম জিজ্ঞাসা করতেন। আর আমরা প্রতিবেশীদের ছেলেমেয়েদের নাম বলতাম। এভাবে দুপুর পর্যন্ত যে যতবার পারতো সালামি আদায় করত। তারপর গুনতে বসা কে কত বেশি পেয়ে প্রথম, দ্বিতীয় আর তৃতীয় হয়েছে। সবার টাকা একত্রিত করে আবার তাদের পুরস্কার দেওয়া হতো এবং বাকি টাকায় পিকনিক করতাম।
ছোটবেলার সেই সেলামির কথা মনে হলে আজও মনটা কেঁদে ওঠে। এখন বড় হয়ে আর গ্রামে ঈদ করতে যাওয়া হয় না। আচ্ছা মানুষ কেন বড় হয়?