দানব ও দেবতা
ব্যক্তিটি কে? ঘরভর্তি শিশু। দরজা বন্ধ করে তিনি তাদের বেত দিয়ে পিটিয়ে রক্তাক্ত করছেন। বাইরের কারোরই শিশুদের বাঁচাতে এগিয়ে আসার উপায় নেই। কে এই ব্যক্তি? পাষণ্ড পুরুষ দুর্বৃত্ত, উন্মাদ নাকি অসুস্থ মানসিকতার শিক্ষক? মা-বাবার পরে শিক্ষক নামের ব্যক্তিটিকেই শিশুরা অনুসরণীয় ভাবতে চায়, পেতে চায় তাঁর দরদি যত্ন। এই শিশুপীড়নকারী ব্যক্তিটি সেই শিক্ষকদের মতো নন, যাঁরা শ্রদ্ধা পান, পান শিক্ষার্থীদের ভালোবাসা। এই ব্যক্তি শিক্ষক নামের কলঙ্ক। তাঁর ধারণা কিলিয়ে কাঁঠাল পাকানোর মতো, পিটিয়ে শিশুদের পড়ালেখার মান বাড়ানো যায়। বৃহস্পতিবারের প্রথম আলোয় নিজ জবানিতে তিনি বলেছেন, ‘পড়া না শেখার অপরাধে সবাইকে বেত্রাঘাত করা হয়েছে।’ কেন করা হয়েছে? ভালো শিক্ষার জন্য। ভালো শিক্ষার খেসারত হিসেবে চতুর্থ শ্রেণীর ১৩টি শিশুকে যন্ত্রণাবিদ্ধ করা কেমন ধারার শিক্ষা? গত ১৩ জানুয়ারি উচ্চ আদালতের এক রায়ে সব শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক শাস্তি দেওয়াকে অসাংবিধানিক আখ্যা দেওয়া হয়েছে। সব সংস্কৃতিতেই শিশুর প্রতি বড়দের অনুভূতি হয় আদরের। শিশু অবুঝ, শিশু দুর্বল—তাই তার জন্য ভালোবাসার ফল্গুধারা সবার হূদয়েই বয়ে যায়। কিন্তু এটাও সত্য যে, সব দেশেই বড়দের হাতে শিশুদের দুঃখ পেতে হয়, কষ্ট পেতে হয়, এমনকি মারও খেতে হয়। চরম কোমলের প্রতি চরম কঠোরতা কি তাহলে আমাদের মনের অবচেতনের লুকানো ব্যাধি, যার চিকিৎসা দরকার? অথচ কী বৈপরীত্য গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার শিবরাম গ্রামের অন্য এক শিক্ষকের সঙ্গে এই শিক্ষকের। সেখানকার এক প্রধান শিক্ষকের অপার যত্ন আর মেধাবী হাতের ছোঁয়ায় বদলে গেছে ওই গ্রামের শিশুদের জীবন। হাসতে-খেলতে গাইতে গাইতে ওরা পড়ে আর পড়তে পড়তে খেলে। ওখানে কেউ খারাপ ফল করে না। পরপর চার বছর ওই স্কুল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ২১০ জনই বৃত্তি পায়। প্রধান শিক্ষক নুরুল আলম প্রমাণ করেছেন, বেত ও চোখ রাঙানি না থাকলেই বরং শিশুদের মেধা বেশি বিকশিত হয়। তিনিও শিক্ষক, ইনিও শিক্ষক। কিন্তু একজন দেবতা অন্যজন অপরাধী।—ফারুক ওয়াসিফ