
মর্নিংওয়াকে বের হবেন খামারুজ্জামান সাহেব। কিন্তু মোজা খুঁজে পাচ্ছেন না। নিয়মানুযায়ী মোজা কেডসের ভেতরেই থাকার কথা। কাজের লোক রহিম মিয়াকে ডেকে পাঠালেন খামারুজ্জামান। রহিম মিয়া কোনো সন্তোষজনক জবাব দিতে পারলেন না। মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। চেয়ার থেকে উঠে খামারুজ্জামান ড্রয়ারের দিকে এগোলেন। পিস্তলটা বের করে রহিম মিয়ার কপাল বরাবর দুটো গুলি করলেন। দুই মোজার জন্য দুই গুলি। দায়িত্বে অবহেলা খামারুজ্জামান একদম সহ্য করতে পারেন না। ড্রয়ার থেকে নতুন এক জোড়া মোজা বের করলেন সঙ্গে সঙ্গে। নতুন মোজা পরে তিনি যখন বেরিয়ে পড়লেন তখন ‘তারা’ ঘুমাচ্ছেন। কারণ, রহিম মিয়ার কোনো মানবাধিকার নাই!
হাঁটতে হাঁটতে খামারুজ্জামান দেখলেন, এক টোকাই পার্কের বেঞ্চে শুয়ে ঘুমাচ্ছে। পার্কের বেঞ্চ কি ঘুমানোর জায়গা? দেশে কোনো সিস্টেম নাই। সিস্টেম লস দেখে খামারুজ্জামানের মেজাজ বিগড়ে গেল। কোমর থেকে পিস্তলটা বের করে টোকাইটার পিঠ বরাবর গুলি করলেন। টোকাইটার আর ঘুমই ভাঙল না। ঘুম ‘তাদের’ও ভাঙেনি। কারণ টোকাইটার মানবাধিকার নাই।
পার্কের গেটে এসে খামারুজ্জামান রিকশা ডাকলেন। রিকশাওয়ালাকে জিজ্ঞেস করলেন মগবাজার যাবে কি না। রিকশাওয়ালা ভাড়া চাইল ২০ টাকা। আবারও মেজাজ খারাপ হয়ে গেল খামারুজ্জামানের। আরও দুটি মূল্যবান গুলি খরচ করলেন তিনি। দেশে লোভী থাকলে ঝামেলা। দেশ টিকবে না। ধ্বংস হয়ে যাবে। দুই ভাগও হয়ে যেতে পারে। লোভীরা পূর্ব ভাগে, নির্লোভীরা পশ্চিম ভাগে। রিকশাওয়ালার নিথর দেহ যখন মাটিতে পড়ে রইল, তখনো ‘তারা’ ঘুমিয়ে ছিলেন। কারণ রিকশাওয়ালার মানবাধিকার নাই।
এতগুলো মানুষ খুন করেও খামারুজ্জামান পার পেয়ে যাবেন? দেশে আইন-আদালত-শৃঙ্খলা নাই? আছে বলে তাঁকে সেদিনই গ্রেপ্তার করা হলো। এতগুলো মানুষ হত্যার অপরাধে আদালত তাঁকে মৃত্যুদণ্ড দিলেন।
খামারুজ্জামানের ফাঁসিতে ঝোলার দিন ঘনিয়ে আসছে। ঠিক সে সময় ‘তাদের’ ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে তাঁরা দেখলেন, দেশে মানবাধিকার নাই! ‘বিনা অপরাধে’ মানুষজনকে ফাঁসিতে ঝোলানো হচ্ছে। সেদিনই তাঁরা বিবৃতি দিলেন, ‘আমরা হিউম্যান রাইটস ওয়াচ, খামারুজ্জামানের ফাঁসি স্থগিত ও দণ্ড বাতিলের আহ্বান জানাচ্ছি। ফাঁসি মানবাধিকারবিরোধী এবং হত্যার শামিল। আমরা যেকোনো হত্যার বিপক্ষে। আমরা উদ্বিগ্ন এবং মর্মাহত।’
খবর: একাত্তরের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ করার দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর নেতা মুহাম্মদ কামারুজ্জামানের সাজা অবিলম্বে স্থগিত করার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
(প্রথম আলো, ১০ নভেম্বর ২০১৪)