দাফন
ডিসেম্বর মাসের শেষ দিক। আমি পড়ি ক্লাস থ্রিতে। পরীক্ষাও শেষ। আনন্দটা দ্বিগুণ তাই। সারা দিন পিঁপড়ার পেছনে পেছনে, ঘাস-ফড়িংয়ের পেছনে পেছনে। বেলা কেটে যায়...অর্ধবেলা...দ্বিতীয় বেলা। সন্ধ্যা আসে; হয়। তাও আনন্দ ডাবল। পড়ার টেবিলে বসাবসি নেই। টিভি দেখা, খাওয়া, ঘুমানো। শিশুবেলার চরম ব্যাপার, আর কি...। এমনই একদিন। না না, এমনি এমনি নয়। হয়েছে কী—সন্ধ্যাবেলা হাত-পা ধুয়ে ঘরে আসার পরপরই কানে ব্যথা। অদ্ভুত। খর খর। খর খর। যেন পোকা ঢুকে হাঁটছে, কাটছে। কানের ভেতর। আমি চেপে যাই। অল্প কিছুক্ষণ। তারপর আর না পেরে ভ্যা চিত্কার। ভাইয়েরা ছুটে আসে। আপা ছুটে আসে। ‘অ্যাই, চুপ থাক। পড়া নেই, লেখা নেই, ভেংচা, সব ভেংচা। তোরে আমি চিনি। চুপ। একদম চুপ।’কানে অদ্ভুত যন্ত্রণা। খর খর। খর খর। খবর দেওয়া হয় তাঁকে। তিনি আসেন। আমার বাবা। যাঁকে ভালোবাসি। ‘কী হইছে। শার্ট গায়ে দাও। ...তোরে ডাক্তারের কাছে লইয়া যামু।’ শার্ট পরি। ফুলহাতা শার্ট। বোতাম লাগাই। আমি রেডি। মানুষটা তখনই বলে ওঠেন, ‘নাকের লাইগ্যা চউখে দেখস নারে। বুতাম উঁচা-নিচা কিয়ারে?’ এই স্তরের রসিকতা কখনোই আমার সঙ্গে হয়নি। হয় না। আমার ব্যথা কমে যায়। অর্ধেক। আরও অর্ধেক। বোতাম খুলে ঠিক করি। রসিকের রসিকতায় মুগ্ধ হই। এই ছিলেন আমার বাবা হাবিবুর রহমান আখন্দ। সার্টিফিকেটের নাম। ডাকনাম মুর্তজা। বড় ভাই, মিয়া সাহেব, বড় সাহেব আরও কত...কত...। জানি না।আদর করে বলতেন ছুনু। আমাকে। যেমন—‘ছুনু, কী দিয়া খাইছ আজকে? পেডো ভুক লাগছেনি অহন? আবার খাইবা? খাইলে বসো। আবার সাধলে খাইবা?’ কিংবা ‘অ্যাই (শুদ্ধ বলার অপচেষ্টাও তাঁর), এদিকে আসো। তুমার লাইগ্যা দুইটা ডাকটিকিট আনছি। জমাইয়া রাহো, কাউরে দেখাইও না, বইল না। আরও দিমু।’ বলা বাহুল্য, এগুলো আমি সযত্নে ফেলে দিতাম পানিতে। পানিতে তা ভাসত। আমি দেখতাম। নৌকা ভাসে, কাগজের নৌকা।‘তুমারে দুইটা টেহা দিমু, কাউরে কইবানি?’ না, দেন। ‘নেও। স্কুলে গিয়া চুপ্পে চুপ্পে খাইবা।’ আইচ্ছা। আমি নিতাম। দুই টাকা। স্কুলে যেতাম ও ফিরিয়ে নিয়ে আসতাম। আমার আছে। ‘অহনে লাগত না।’ কাল স্কুলে যেতাম। পরশুও যেতাম। টাকাটা ফিরিয়ে নিয়ে আসতাম। নতুন দুই টাকার নোট যে (নব্বইয়ের দশকের শুরুর কথা বলছি) দোয়েল পাখির দুই টাকার নোটটা দারুণ সুন্দর। তখন। বাবাকে বলিনি। এই কারণটা বলব কেন? বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। আমি মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা করি। মুক্তির দিনের গান ভালো লাগে, ভালোবাসি। শেষটা মনে আছে, শুরুটাও আবছা আবছা। বাবাকে মাটিতে শুইয়ে দেওয়া হয়েছে। চারপাশে আগরবাতির কেমন কেমন ঘ্রাণ। লোকে-লোকারণ্য। পায়ের আওয়াজ, জুতার আওয়াজ। গমগম। ‘অ্যাই সরো সরো। সবাই সইরা দাঁড়াও। নায়েব সাবেরে দেখতে আইছে। অমুক সাব।’ ছোট্ট তখন। আমি ক্লাস ফাইভ পেরোইনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে ‘বোধ’টা কেড়ে নেওয়ার চেষ্টা করি। কাঁদি। শার্টের হাতায় চোখের পানি মুছি। জুতা ঠিক আছে কি না, তা-ও দেখি। শীতের কাপড় খুঁজে বের করে গায়ে দিই। ছোট মানুষ। কেউ কিছু বলত না, আবার বাবার সামনে আসি। বাবাগো বলে কাঁদি। চোখে পানি আনার চেষ্টাও করি বাবার জন্য। মানুষটা না বলে চলে গেছেন না-ফেরার দেশে। আর আসবেন না। কাঁদলেও না। শুরুটা ভাবি। জুমাবারের জুমা ধরার জন্য তৈরি হচ্ছিলেন। হঠাত্ স্ট্রোক। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু। ইন্না লিল্লাহি...রাজিউন। সবাই এই বলল। বলে দুঃখ প্রকাশ করল। সবাই কাঁদল, লোকটা নাকি বড় ভালো লোক ছিলেন। বড় ভালো, এমন মানুষ হয় না।আহারে: সরকারি চাকুরে। নামে-ডাকে ডাঁটফাট ছিল। কিন্তু আয়রন মেশিনটা ছিল নষ্ট। মুক্তিযোদ্ধা ছিলেন, এমনটা বলতেন না। আমাকেও বলেননি। আমার অন্য ভাইদেরও না। তো বাংলাদেশ সরকার সহায়তা-সাহায্য দিচ্ছে কাকে? আমার মুক্তিযোদ্ধা বাবাকে কেন নয়? তালিকায় তাঁর নামও নেই।কাউছার হাসানজগন্নাথ বিশ্ববিদ্যালয়।