দাবা ছিল সহজাত

১৯৮৭ সালের শেষের দিকে আপনারা কেউ দৈবাৎ আমার দৈনন্দিন জীবনের রুটিনটা দেখলে বিশ্বাসই করতেন না যে, এই ছেলে আর ছয় মাসের মধ্যে উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার খেতাব পাওয়ার জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করবে। ওই সময় একটা ১৯ বছরের ছেলে যা যা করে, তার সবই আমি করতাম, শুধু দাবা খেলাটা ছাড়া। পড়ালেখা করতাম বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব বলে। এ ছাড়া প্রেম করতাম, ঘুরে বেড়াতাম, বন্ধুদের সঙ্গে তাস খেলতাম, সিগারেট খেতাম ইত্যাদি ইত্যাদি। অবিশ্বাস্য হলেও সত্য, ওই সময় আট-নয় মাস আমি দাবা থেকে একরকম বিছিন্নই ছিলাম।
এর একটা কারণও ছিল। ১৯৮৫ সালটা আমার শুরু হয়েছিল খুবই খারাপভাবে। ১৯৮৪ সালে এককথায় বাম্পার সাফল্য এসেছিল আমার। মার্চ-এপ্রিলে হংকংয়ে কমনওয়েলথ দাবায় রানারআপ হয়ে আমি আমার প্রথম গ্র্যান্ডমাস্টার নর্ম পূর্ণ করি। ঠিক তার পরপরই জিতি ইংল্যান্ডে তখনকার অন্যতম সেরা জুনিয়র টুর্নামেন্ট ওকহ্যামের শিরোপা। তাই ১৯৮৫ নিয়ে আমার অনেক আশা ছিল। কিন্তু ১৯৮৫-র শুরুতেই এশিয়ান জোনালে আমি হোঁচট খাই। আমারই প্রতিদ্বন্দ্বী সাঈদ আহমেদ সাঈদ আরব আমিরাতে শিরোপা জিতে নেন। এমনকি বিশ্ব জুনিয়রেও আমার পারফরম্যান্স ছিল হতাশাব্যঞ্জক। এর মধ্যে লন্ডনে কমনওয়েলথে আমি শুরুটা ভালো করলেও শেষটায় গুলিয়ে ফেললাম।
এসব শেষ করে যখন বাড়ি ফিরলাম, তখন বছরের মাঝামাঝি। সামনে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পদার্থবিজ্ঞান আর রসায়ন বই বের করে দেখি, ধুলার পুরু আস্তরণ। মাধ্যমিক পরীক্ষার সময়ও আমার অবস্থা ছিল তথৈবচ। তবে মাস খানেক পড়েই আমি চারটা লেটার নিয়ে প্রথম বিভাগে পাস করলাম। আমি ছাত্র ছিলাম ঢাকা কলেজের। কিন্তু দুই বছরে সাকল্যে সাতটি দিনও কলেজে গিয়েছিলাম কি না সন্দেহ। দু-চার দিন যাও বা গিয়েছিলাম, বন্ধুদের সঙ্গে পাসিং ব্রে খেলে সময় কাটিয়েছি। এবার উচ্চমাধ্যমিক বইয়ের আকার দেখেই বুঝলাম, এটা এসএসসি নয়। আমি বিপদে পড়তে যাচ্ছি। হলোও তাই। সেকেন্ড ডিভিশন পেলাম। মার্কশিট দেখে কাটা ঘায়ে নুনের ছিটে পড়ল। মাত্র একটি নম্বর কম, অর্থাৎ ৫৯৯ পেয়েছি। চারপাশ অন্ধকার মনে হলো।
এ সময় একটি মেয়ের সঙ্গে আমার ফোনে পরিচয় হয়। স্বাভাবিকভাবেই ওই বয়সে মেয়েদের সঙ্গে মেশার আগ্রহ থাকে মারাত্মক। মেয়েটির সঙ্গে দেখা হলো। মারাত্মক সুন্দরী ছিল সে। আমিও তখন মোটামুটি সেলিব্রিটি। প্রেম হলো। তখন সেলফোন ছিল না। প্রেম বলতে মা না থাকলে ল্যান্ডফোনে কথা বলা আর সপ্তাহে কি দুই সপ্তাহে একবার লুকিয়ে ডেট করা। তার পরও প্রথম প্রেম বলে কথা। অত খারাপের মধ্যেও সময়টা কাটত ভালো। অনেক দিন আগের কথা, এখন বলা কঠিন হবে, প্রেমটা আমাকে ঠিক কতখানি অনুপ্রেরণা জুগিয়েছিল। তবে আমার গ্র্যান্ডমাস্টার খেতাবটা এখনো রয়ে গেলেও প্রেমিকাটি চলে গেছেন অনেক আগেই।
যা হোক, এরপর চলে এল ১৯৮৬ সাল। বছরের শুরুতেই দাওয়াত পেলাম কলকাতা থেকে, বহুল প্রত্যাশিত টাটা স্টিল ইভেন্টে অংশ নেওয়ার। আমার ফুপা রাশেদ আহমেদ তখন কলকাতায় ডেপুটি হাইকমিশনার। পরে তার মুখে শুনেছি, সংগঠকেরা নাকি আমাকে ওই টুর্নামেন্টে ডাকতে চাইছিল না। তিনি অনেক কষ্টে তাঁদের ফরেন অফিসের মাধ্যমে রাজি করান। সংগঠকদের হোটেলে থাকার দাওয়াত বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করে ফুফুর বাড়ি থেকেই আমি আমার গ্র্যান্ডমাস্টার ক্যাম্পেইন শুরু করি।
ওই সময় একটা ব্যাপার লক্ষণীয় ছিল। এশিয়াতে আমরা যে কজন আন্তর্জাতিক মাস্টার নিজেদের সেরা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলাম—আমি, বিশ্বনাথন আনন্দ, দিব্যেন্দু বড়ুয়া, কজন চীনা, ফিলিপিনো ও ইন্দোনেশীয়-অন্য খেলোয়াড়দের চেয়ে আমাদের খেলার মান ছিল বেশ উঁচু। এর কারণ ছিল। ১৯৮৪-১৯৮৫ সালের প্রতিযোগিতাগুলো বাদ দিলে ১৯৮২ সাল থেকে আমার ইউরোপে টানা খেলার অভিজ্ঞতা ছিল। তখনকার দিনে এটা ছিল বিরল। ১৯৯০ সালের আগে আনন্দ ও বড়ুয়ার সঙ্গে ছাড়া আর মাত্র একটিমাত্র খেলায় আমি কোনো ভারতীয় খেলোয়াড়ের কাছে পরাজিত হয়েছিলাম। বাকি সিংহভাগই ছিল আমার জয়।
১৯৮৬ সালে টাটা স্টিল জি এম টুর্নামেন্টে বড়ুয়ার বিরুদ্ধে শুরুর দিকেই জয় পেয়ে আমি স্বাভাবিকভাবেই ভালো অবস্থানে চলে আসি। আমি তিনজন রুশ গ্র্যান্ডমাস্টার আর হাঙ্গেরিয়ার অভিজ্ঞ গ্র্যান্ডমাস্টার জান্সার বিরুদ্ধে নিরাপদে খেলার সিদ্ধান্ত নেই। আমার পরিকল্পনা কাজে আসে। দুই রুশ গ্র্যান্ডমাস্টার ভিতালি চেস্কভস্কি আর ইউরি রাজুভায়েভের বিরুদ্ধে ড্র করে চলে আসি শক্ত অবস্থানে। কিন্তু বিপত্তি ঘটাল বিশ্বনাথন আনন্দের সঙ্গে পরাজয়।
আনন্দের রেটিং তখনই আমাদের চেয়ে বেশি। এখন বুঝতেই পারছেন, ১৬ বছরের সেই কিশোর আর আজকের কিংবদন্তি এক নন। আনন্দের কাছে ওই দিনের পরাজয়ে ওর কৃতিত্বের চেয়ে আমার অবদানই ছিল বেশি।
ব্যাপারটা ঘটেছিল টুর্নামেন্টের মাঝামাঝি। সে অবস্থান থেকে আবারও নর্মের সুযোগ তৈরি করার জন্য আমাকে দুজন গ্র্যান্ডমাস্টার-যুক্তরাষ্ট্রের অ্যান্ডু সোল্টিস আর বুলগেরিয়ার ভেন্টজিস্লাভ ইনকিওভকে পরাজিত করতে হয়। কিন্তু প্র্যাকটিসে কমতি থাকলেও তখন যেন আমি অন্য রকম অনুপ্রেরণা খুঁজে পাই। তাঁদের হারিয়ে শেষ রাউন্ডে ঠিকই রাশিয়ার জি আগজামভের মুখোমুখি হই। জি এম নর্মের জন্য আমার দরকার ছিল সম্ভবত ১৩ খেলাতে ১০ পয়েন্ট। আর সেটা করতে হলে এই খেলাতে ড্র আমাকে করতেই হবে। আগজামভ তখন বিশ্বের ৩২তম খেলোয়াড়। আমার জন্য সেটা ছিল উদ্বেগের কারণ।
ওই দিনটির কথা আমার বেশ মনে আছে। আমার ফুফাতো বোন সিগারেটের অতিরিক্ত প্যাকেট নিয়ে দর্শকসারিতে বসে ছিল। সিগারেটের প্যাকেটের গায়ে তখন কোনো সতর্কবাণী থাকত না। আপনি বোর্ডে বসে প্রায় প্রতিপক্ষের মুখেই ভকভক করে ধোঁয়া ছাড়তে পারতেন। এ নিয়ম অবশ্য অনেক আগেই পাল্টে গেছে। আমিও বহু আগেই ত্যাগ করেছি এই বদভ্যাসটি। যা হোক, কয়েক চাল পরেই আমি আগজামভকে ড্রয়ের অফার দিই। তিনি যথারীতি তা প্রত্যাখ্যান করলে দুশ্চিন্তায় পড়ে যাই। খেলা চলতে থাকে। একপর্যায়ে আমার কাছে নিজের অবস্থান কিছুটা ভালো মনে হলে আবারও ড্রয়ের কথা বলি। এবার তিনি প্রস্তাব মেনে নেন। আমি ভেবেছিলাম, তিনি আমাকে ছাড় দিয়েছেন। কিন্তু পরে কম্পিউটারের প্রচলন হলে চেক করে দেখেছি, তিনি ড্রয়ের প্রস্তাব মেনে নেওয়ার সময় আমার অবস্থানই ভালো ছিল। সেই ড্রয়ের সুবাদে আগজামভ চ্যাম্পিয়ন হন, আমি রানারআপ হয়ে পেয়ে যাই আমার কাঙ্ক্ষিত নর্ম।
আমার গ্র্যান্ডমাস্টার খেতাব পেতে পেতে বছর গড়িয়ে যায়। তখন এমনটাই ছিল। অনেক দিন পর পর ফিডে কংগ্রেস বসত। তা ছাড়া গ্র্যান্ডমাস্টার হতে প্রয়োজন পড়ত ২৪টি খেলার। আমার খেলা ছিল ২৩টি। তবু আমি দক্ষিণ এশিয়ার প্রথম গ্র্যান্ডমাস্টার হব বলে ফিডে ছাড় দেয়।
ফেডারেশনকে বেশি তদবির করতে হয়নি। তখন ফিডে প্রেসিডেন্ট ছিলেন ফিলিপাইনের কাম্পোমানেশ। তিনিই নিজ উৎসাহে টাইটেলটা পাস করিয়ে দেন।
১৯৮৭ সালের মার্চে যখন এ খবরটা পাই, তখন আমি যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে। আমি সে সময় পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। আমাকে প্লেনের টিকিট পাঠিয়ে সাত দিনের জন্য ঢাকায় আনা হলো। ওই সময়ের হইহুল্লোড়ের অধিকাংশ ঘটনাই আমার মনে নেই। শুধু মনে আছে, আমাকে অনেক ফুলের মালা দিয়ে লোকে কাঁধে তুলে নিয়েছিল। সে ছবি পরদিন সংবাদপত্রগুলোর প্রথম পাতায় ছাপা হয়। আর মনে আছে, আমার মা আর দুই ভাইয়ের হাস্যোজ্জ্বল মুখ। সেদিনের আরও তিনটি মুখের হাসি আজও আমার মন ভরিয়ে দেয়—সাবেক ক্রীড়াসচিব মোহাম্মদ আসাফউদ্দৌলা, প্রবীণ সাংবাদিক সালেহ চৌধুরী আর আমার কোচ শরফুদ্দীন মোহাম্মদ হাই।
পাঠক, আপনারা কি অবাক হলেন? আমি সিগারেট, প্রেম—এই হাবিজাবি কথা বললাম, কিন্তু সাধনা আর কষ্টের কথা কিছুই বললাম না? নতুন প্রজন্ম তাহলে উৎসাহ পাবে কোত্থেকে? আসলে আমি নিজেও মনে করতে পারি না, দাবা খেলতে কখন আমাকে কষ্ট করতে হয়েছে। হয় অনেক দিন আগের কথা বলে ভুলে গেছি; নয়তো দাবা নামের জটিল খেলাটি আমার সহজাত। সে কারণে কোনো কষ্টই হয়তো কষ্ট মনে হয়নি। ওপরে যে অনুভূতিগুলোর বর্ণনা করেছি, তা নিছক একজন সাধারণ মানুষের। আর আমরা খেলোয়াড়েরা আসলে তা-ই।
হয়তো এ কারণেই আমার অতীতের প্রায় কোনো কিছুই আমি সংরক্ষণ করিনি। কিন্তু এখনো পথেঘাটে এখানে-সেখানে মানুষ আমাকে চিনে ফেলে। চেহারা না চিনলেও নামটা জানেন অনেকেই। তখন ভালো লাগে। কারণ, আমি জানি, জীবন থেকে অনেক কিছুই হারিয়ে যেতে পারে। কিন্তু মানুষের এই ভালোবাসার চেয়ে বড় প্রাপ্তি আর কী থাকতে পারে?