দাবা নিয়ে অলিম্পিয়াড
অলিম্পিয়াড শুরু হতে তখনো ঘণ্টা দেড়েক বাকি। আকাশজুড়ে শীতের আমেজ। ভোরের সূর্যের আলো কুয়াশা ভেদ করে সবে উঁকিঝুঁকি করছে। জনা দশেক শিক্ষার্থী শীতের বাধা উপেক্ষা করে শিশিরভেজা ঘাসে পা মাড়িয়ে হাঁটছে আর নিজেদের মধ্যে খুনসুটিতে ব্যস্ত।এই শিক্ষার্থীরা বৃহত্তর সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছে। তাদের সবাই দাবা অলিম্পিয়াডে অংশ নিতে ২৬ নভেম্বর সকাল আটটায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ক্যাম্পাসের হ্যান্ডবল গ্রাউন্ডে এসে হাজির হয়।অলিম্পিয়াডে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের তিন শতাধিক ‘খুদে দাবাড়ু’ অংশ নেয়। সকাল সাড়ে নয়টায় অলিম্পিয়াডের উদ্বোধন করেন দেশের জনপ্রিয় লেখক ও দাবা অলিম্পিয়াড উদ্যাপন কমিটির আহ্বায়ক মুহম্মদ জাফর ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াসমিন হক, গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, এনামুল হোসেন রাজীব, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক চৌধুরী সউদ বিন আম্বিয়াসহ অনেকেই।তিন পর্বে বিভক্ত এই খেলায় ৫০ জন শিক্ষার্থীকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়। বেলা পৌনে দুইটায় আমন্ত্রিত দুজন গ্র্যান্ডমাস্টার একসঙ্গে একাধিক প্রতিযোগীর সঙ্গে খেলায় অংশ নেন। এ সময় আরও ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিকেল সাড়ে তিনটায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদসহ বেশ কয়েকজন আমন্ত্রিত অতিথি। তাঁরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।সিলেটের দি এইডেড উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী সাব্বির আহমেদের ভাষ্য, ‘দাবা খেলে আনন্দ পাই, তাই খেলি। দাবা নিয়ে প্রথমবারের মতো আয়োজিত অলিম্পিয়াডে অংশ নিতে পেরেছি, তাই ভালো লাগছে।’ গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তারের সঙ্গে শেষ পর্যন্ত খেলায় টিকে থাকা সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী নওশাদ রুহানী উচ্ছ্বাস প্রকাশ করে বলে, ‘গ্র্যান্ডমাস্টারের সঙ্গে জীবনে প্রথম কোনো খেলায় অংশ নিলাম। এককথায় অসাধারণ অনুভূতি। আমিও ভবিষ্যতে একজন গ্র্যান্ডমাস্টার হতে চাই।’সমাপনী অনুষ্ঠানে দেশব্যাপী অলিম্পিয়াডসহ দাবা আন্দোলন ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মুহম্মদ জাফর ইকবালকে সভাপতি করে ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এতে সহসভাপতি হিসেবে গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, এনামুল হোসেন রাজীব এবং সাধারণ সম্পাদক হিসেবে বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলামকে মনোনীত করা হয়। সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, অধ্যাপক ইয়াসমিন হক, অধ্যাপক সুশান্ত কুমার দাস, তৈয়বুর রহমান সুমন, ড. শাহাদাত উল্লাহ খান ও আইরিন বাশার।এ সময় দাবা আন্দোলন ছড়িয়ে দিতে পাঁচ দফা দাবি-সংবলিত ঘোষণাপত্র পাঠ করা হয়। দাবিগুলো হচ্ছে: প্রাথমিক বিদ্যালয়ে দাবা খেলা বাধ্যতামূলক, ইয়ুথ চেজ উ ৎসবে অংশগ্রহণ, গণমাধ্যমে একটি নির্দিষ্ট কলাম দাবাড়ুদের জন্য রাখা, বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষককে দাবার বিষয়ে প্রশিক্ষণ ও প্রতিটি সরকারি-বেসরকারি সংস্থার কাছে বিদ্যালয়গুলোতে ১০ সেট করে দাবার বোর্ড প্রদানের অনুরোধ জ্ঞাপন।বিকেলের দিকে শেষ হয় দাবা অলিম্পিয়াড। অন্য রকম আর অন্য ধাঁচের এই আয়োজনজুড়ে ছিল প্রতিযোগীদের সুষম মেলবন্ধন। অলিম্পিয়াডে শামিল হতে পেরে আন্দোলিত ও অনুপ্রাণিত শিক্ষার্থীদের দাবি, প্রতিবছর এই অলিম্পিয়াডের আয়োজন করা হোক। সবারই আশা, বিশ্ববিদ্যালয়ের চৌহদ্দি ছাড়িয়ে এই উ ৎসব একদিন দেশময় ছড়িয়ে পড়বে। আর সেই আশা নিয়েই দিনমান উচ্ছ্বাসে কাটানো ফেলে আসা সময়ের রোমন্থন করে গন্তব্যে পাড়ি জমায় শ তিনেক শিক্ষার্থী। [email protected]