দাবার ছকে সফল মাহমুদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদা হক চৌধুরী
খালেদ সরকার

ছোটবেলায় স্বপ্ন দেখতেন আকাশে ওড়ার। কিন্তু বৈমানিক হওয়ার ইচ্ছাটা কবে যে আটকে গেছে সাদা-কালোর চৌষট্টি ঘরে, তা টেরও পাননি মাহমুদা হক চৌধুরী, দাবা অঙ্গনে যিনি মলি নামেই পরিচিত।

মাহমুদার বড় পরিচয়, তিনি জাতীয় দাবাড়ু। তবে খেলতে গিয়ে দাবার সব অঙ্গনে পা পড়েছে মাহমুদার। স্বীকৃতি আর অর্জনে দেশে ও দেশের বাইরে হয়ে উঠেছেন অনন্য। ফিদের (আন্তর্জাতিক দাবা সংস্থা) চার বিভাগের স্বীকৃতি যোগ হয়েছে তাঁর নামের পাশে। একাধারে তিনি ফিদের নারী ক্যান্ডিডেট মাস্টার, বাংলাদেশে ফিদের প্রথম জাতীয় প্রশিক্ষক, ফিদে আরবিটার ও আইও বা আন্তর্জাতিক সংগঠক। গত বছর দাবা ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নারী সদস্যও নির্বাচিত হয়েছেন তিনি। ফেডারেশনের অর্থায়নে কোনো কার্যকরী দাবা একাডেমি নেই, তিনি নিজের উদ্যোগে গড়ে তুলেছেন এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি।

স্বামী সৈয়দ শাহাবুদ্দিন ক্রীড়া সংগঠক। বর্তমানে দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক। একমাত্র ছেলে সৈয়দ রিদওয়ানও খুদে দাবাড়ু। জাতীয় সাব-জুনিয়র অনূর্ধ্ব-১২-এ দাবায় রানারআপ হয়েছে রিদওয়ান। রীতিমতো একটা দাবা পরিবার মাহমুদার।

মা নূরজাহান হক চৌধুরীর কাছ থেকে মাহমুদার দাবায় হাতেখড়ি। বাবা মসরুল হক চৌধুরী ছিলেন পুলিশ কর্মকর্তা। বাবা শুরুতে দাবা খেলার প্রতি খুব বেশি আগ্রহ না দেখালেও মায়ের অনুপ্রেরণায় খেলতেন মাহমুদা। খেলার সঙ্গীও ছিলেন বাড়িতেই। খেলতেন বড় দুই বোন আফরোজা হক চৌধুরী, ফিরোজা হক চৌধুরীর সঙ্গে। মাহমুদারা তিন বোনই জাতীয় পর্যায়ে দাবা খেলেছেন। দাবায় শুরুর গল্পটা বলছিলেন মাহমুদা, ‘আমাদের ছিল দাবা পরিবার। আম্মা নিয়মিত দাবা খেলতেন। বোনদের সঙ্গে আমিও খেলতাম। একবার চট্টগ্রাম থেকে জেলা চ্যাম্পিয়ন হয়ে ঢাকায় খেলতে এসেছিলাম। সেবারই প্রথম বাছাইপর্ব পেরিয়ে জাতীয় দলে খেলার সুযোগ পাই। এরপর থেকে নিয়মিত ফেডারেশন আয়োজিত সব টুর্নামেন্টে খেলতে শুরু করি।’

মাহমুদা ১৯৯৯ সালে জাতীয় মহিলা সাব-জুনিয়র অনূর্ধ্ব-১৬-এ চ্যাম্পিয়ন হন। এর আগে ১৯৯৭ সালে চট্টগ্রাম জেলায় নারী চ্যাম্পিয়ন হয়ে ঢাকায় খেলার শুরু। সেই থেকে জাতীয় দাবায় খেলেছেন ২০১২ সাল পর্যন্ত। চ্যাম্পিয়ন হতে না পারলেও অর্জন কম নয়। ২০১২ সালে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত বিশ্ব দাবা অলিম্পিয়াডে খেলেছেন। ২০১৬ সালে আজারবাইজানে ও ২০১৮ জর্জিয়ায় অনুষ্ঠিত বিশ্ব দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ দলের নন-পেয়িং অধিনায়ক ছিলেন।

দাবাড়ুদের সর্বোচ্চ খেতাব গ্র্যান্ডমাস্টার। আর দাবা সংগঠকদের জন্য সর্বোচ্চ স্বীকৃতি আন্তর্জাতিক সংগঠক বা আইও। দক্ষিণ এশিয়ার প্রথম ও একমাত্র নারী দাবা সংগঠক হিসেবে মাহমুদা এই মাইলফলক ছুঁয়েছেন দুই বছর আগে। বর্তমানে মাহমুদার সব স্বপ্ন নিজের একাডেমিকে ঘিরে। দাবাড়ু গড়ার কারিগর হিসেবে এলিগেন্ট একাডেমিকে নিয়ে যেতে চান আন্তর্জাতিক পর্যায়ে, তিনি বলেন, ‘দুবাই, চেন্নাই, কলকাতায় আন্তর্জাতিক মানের দাবা একাডেমি দেখেছি। সেগুলো দেখেই মনে হয়েছে, আমাদের দেশেও এমন একাডেমি গড়া সম্ভব। এরপর থেকে উদ্যোগ নিই।’

উত্তরা ও ধানমন্ডিতে এলিগেন্ট চেস একাডেমির দুটি শাখা। যদিও করোনার ধাক্কায় ধানমন্ডির কার্যক্রম আপাতত বন্ধ। এই একাডেমির দাবাড়ু মনন রেজা, নওশীন আনজুম, সুব্রত বিশ্বাসসহ অনেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিয়মিত সাফল্য পাচ্ছে। একাডেমির ব্যবস্থাপনা পরিচালক শুধু নন, খুদে দাবাড়ুদের শেখানোর কাজও করেন তিনি।

বর্তমানে শতাধিক খুদে দাবাড়ু এলিগেন্ট একাডেমিতে দাবা শিখছে। দেশের বাইরেও অনেকে অনলাইনে দাবা শিখছে এলিগেন্ট একাডেমিতে। দাবা খেলার সুবাদে নওশীনকে নৌবাহিনী থেকে বৃত্তি, আর্থিক সুবিধা ও রেশনের ব্যবস্থা করে দিয়েছেন মাহমুদা। দাবায় দিন দিন শিশুদের আগ্রহ বাড়ছে, এটা দেখেই খুশি মাহমুদার, ‘এখন অনেকে দাবা খেলতে আগ্রহী হচ্ছে। এবার দ্বিতীয় বিভাগের সময় দল গড়তে গিয়ে অনেক অনুরোধ পেয়েছি। পরে বাধ্য হয়ে চারটি দল গড়ি। এত ছেলেমেয়ে খেলতে পারছে, এতেই আমার আত্মতৃপ্তি।’

দাবা খেলার সুবাদে ঘুরেছেন অনেক দেশে। সারা বিশ্বে যেন বাংলাদেশের একাডেমির সুনাম ছড়িয়ে পড়ে, দাবা সংগঠক হিসেবে যেন বিশ্বে আরও পরিচিতি পান, দাবা-অন্তঃপ্রাণ মাহমুদার চাওয়া এটাই।