দাবায় 'ঝরণা ধারা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝরণা বেগম ছবি: সাজিদ হোসেন
ঝরণা বেগম ছবি: সাজিদ হোসেন

কাঁধে ঝোলানো কাপড়ের ব্যাগ। হাতে ছাতা। ঢাকার দাবা ফেডারেশনের বারান্দায় শুকনো মুখে দাঁড়িয়ে মুজিবুর রহমান। ফেডারেশনের ভেতরে তখন দাবার বোর্ডে চাল দিতে ব্যস্ত মেয়ে ঝরণা বেগম। দাবার সাদা-কালো ঘরগুলোর মতো মুজিবুর রহমানের জীবনটাও বিবর্ণ। পঞ্চাশোর্ধ্ব ভদ্রলোক নারায়ণগঞ্জ শহরে ভ্যানগাড়িচালক। একদিন ভ্যানের চাকা না ঘুরলে থেমে থাকে সংসারের চাকাও। অথচ কাজে না গিয়ে নিয়মিতই মেয়েকে নিয়ে চলে আসেন ঢাকায়, দাবা ফেডারেশনে। দাবার জটিল চালগুলো কখনোই মাথায় ঢোকে না। তবে এটুকু বুঝেছেন—‘মেয়েটা দাবা বেশ ভালোই বোঝে।’
মুজিবুর রহমানের শুকনো মুখে এবার হাসি ফুটিয়েছেন ঝরণা। নারায়ণগঞ্জ বিবি মরিয়ম বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী প্রথমবারের মতো জাতীয় মহিলা দাবার বাছাই পেরিয়ে সুযোগ পেলেন চূড়ান্ত পর্বে খেলার। সাত খেলায় চার জয় এবং দুই ড্রয়ে চতুর্থ হওয়া ঝরণা খেলবেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ আর বর্তমান চ্যাম্পিয়ন শারমিন আক্তারের সঙ্গে।
ঝরণার জন্য সুযোগটা আকাশের চাঁদ হাতে পাওয়ার মতোই! বাবা মুজিবুর রহমানের একার আয়ে সংসার চলে না বলে মা ইনজু বেগমকেও অন্যের বাড়ি ঝিয়ের কাজ করতে হয়। মেয়ের লেখাপড়ার খরচ জোগাতে হিমশিম খেতে হয় মা-বাবাকে। এর ওপর দাবা খেলা যেন বিলাসিতাই তাঁদের কাছে! একটা সময় ভেবেছিলেন মেয়েকে গার্মেন্টসের কাজেই ঢুকিয়ে দেবেন। তাহলে অন্তত সংসারে কিছুটা হলেও সাহায্য করতে পারবে মেয়েটি। কিন্তু ঝরণার যেমন পড়াশোনার ইচ্ছা, তেমনি দাবা খেলার নেশা। ঝরণার আগ্রহ দেখে দাবা খেলা শেখাতে এগিয়ে আসেন নারায়ণগঞ্জের নাহার চেস একাডেমির কোচ নাজমুল হাসান। বাড়ির পাশের ওই চেস একাডেমিতে গিয়ে অন্যদের দাবা খেলা চেয়ে চেয়ে দেখতেন ঝরণা। আর মনে মনে ভাবতেন, ‘আহা! আমিও যদি ওদের মতো দাবা খেলতে পারতাম।’ ঝরণার আগ্রহ দেখেই কোচ নাজমুল একদিন বলেন, ‘তুমি কি দাবা খেলা শিখতে চাও? ’ ঝরণা ‘হ্যাঁ’ বলতেই, তাকে ভর্তি করে নেন নিজের একাডেমিতে। কিন্তু অন্যদের চেয়ে ভর্তি ফি অর্ধেক করে দেন ঝরণার জন্য। আর ঝরণার ভেতরে সম্ভাবনা দেখে সপ্তাহের প্রতিদিনই আলাদাভাবে অনুশীলন করিয়েছেন কোচ।
শেখ রাসেল স্মৃতি দাবা প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি বিভাগে দুবার চ্যাম্পিয়ন হয়েছেন ঝরণা। একবার হয়েছেন রানারআপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে নিয়েছেন পদক আর সার্টিফিকেট। ধানমন্ডি মহিলা ক্রীড়া সংস্থায় আয়োজিত আন্তজেলা মহিলা দাবায় পেয়েছেন সেরা উদীয়মান দাবাড়ুর পুরস্কার। এবার নারায়ণগঞ্জ জেলা মহিলা দাবার বাছাইপর্বে হয়েছেন অপরাজিত চ্যাম্পিয়ন।
ঝরণার বর্তমান রেটিং ১৫৭১। ফিদে মাস্টার হতে এখনো প্রয়োজন অন্তত ৬০০ পয়েন্ট। অথচ এখন থেকেই গ্র্যান্ডমাস্টার হওয়ার সাহসী স্বপ্ন ঝরণার, ‘যেদিন থেকে দাবা খেলতে শুরু করেছি, সেদিন থেকেই গ্র্যান্ডমাস্টার হওয়ার স্বপ্ন দেখি। রানী হামিদ আপার মতো আমিও সারা বিশ্বে খেলতে চাই।’
কিন্তু চাইলেই তো আর সব কিছু হয় না। দরিদ্র পরিবারের মেয়ের নারায়ণগঞ্জ থেকে ঢাকায় খেলতে আসার যাতায়াত ভাড়াটাও অনেক সময় থাকে না। কোচ নাজমুল হাসান তাই পৃষ্ঠপোষকদের দিকে তাকিয়ে আছেন, ‘এই মেয়ের মধ্যে অনেক সম্ভাবনা। যদি ওকে কেউ পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসে, তাহলে হয়তো অনেক দূরে যেতে পারবে। অন্তত একটা ল্যাপটপ হলেও দাবার আধুনিক ভার্সনের গেমস অনুশীলন করতে পারত।’
সাধারণ মেয়েরা যেখানে দাবার ওপেনিং চালটাই খেলে কুইন পণ দিয়ে, সেখানে ঝরণা খেলেন ইউনিভার্সাল ওপেনিংয়ে। অন্যদের চেয়ে একটু ব্যতিক্রম এই দাবাড়ুকে নিয়ে অনেক স্বপ্ন বাবা মুজিবুর রহমানের, ‘আমার বংশের কেউ কোনো দিন খেলাধুলা করেনি। কিন্তু মেয়েটা চমৎকার দাবা খেলছে। ফুটবলের মতো দৌড়াদৌড়ির খেলা না এটা, আবার ঘরে বসে খেলা যায়। তাই আপত্তি করিনি। আমি চাই দাবা খেলে এই মেয়ে দেশের নাম উজ্জ্বল করুক।’
কিন্তু ঝরণারা চাইলেই তো হবে না। প্রতিভাবান এসব দরিদ্র দাবাড়ুকে ধরে রাখতে ফেডারেশনেরও উদ্যোগী হতে হবে।