দাবি আদায়ে অতিরিক্ত কাজ করলেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাগত দাবি আদায়ে কর্মবিরতি না দিয়ে অতিরিক্ত একঘণ্টা দায়িত্ব পালন করেছেন রাঙামাটির ডিপ্লোমা প্রকৌশলীরা। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ৪ অক্টোবর সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি পালনের ডাক দিয়েছিল। সারা দেশের মতো রাঙামাটিতে ১০ অক্টোবর প্রকৌশলীরা এই ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেন।কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটির নানা প্রতিষ্ঠানে কর্মরত ডিপ্লোমা ডিগ্রিধারী প্রকৌশলীরা ওই দিন বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নিজ নিজ দপ্তরে অতিরিক্ত এক ঘণ্টা কাজ করেন।দাবি আদায়ের সংস্কৃৃতিতে ইতিবাচক পরিবর্তন আনা এবং গণমানুষের কাছে ডিপ্লোমা প্রকৌশলীদের দাবির গ্রহণযোগ্যতা ও যৌক্তিকতা তুলে ধরতে এই ব্যতিক্রমী কর্মসূচি বলে জানা গেছে।আইডিইবি রাঙামাটির জেলা সাধারণ সম্পাদক শেখ জামাল উদ্দিন বলেন, ‘ডিপ্লোমা প্রকৌশলীরা ক্ষতিকর কোনো কর্মসূচি পালন করে না। সে কারণে আমাদের দাবি আদায়ে আমরা ইতিবাচক কর্মসূচি পালন করছি।’ শেখ জামাল উদ্দিন জানান, ডিপ্লোমা প্রকৌশলীদের ৫০ ভাগ পদোন্নতি, যেসব ডিপ্লোমা প্রকৌশলী একই পদে ১৫ বছর ধরে চাকরি করছেন তাঁদের তৃতীয় টাইম স্কেল প্রদান এবং চাকরি ক্ষেত্রে বৈষম্য দূরীকরণসহ বিভিন্ন দাবিতে ডিপ্লোমা প্রকৌশলীরা দেশব্যাপী আন্দোলন করছেন। তারই অংশ হিসেবে রাঙামাটিতেও কর্মসূচি পালন করা হচ্ছে।ডিপ্লোমা প্রকৌশলীদের অভিযোগ, তাঁদের দাবির প্রতি সহানুভূতিশীল হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি আন্তমন্ত্রণালয় সচিব কমিটি গঠন করেছেন। ওই কমিটি ডিপ্লোমা প্রকৌশলীদের দাবির প্রতি সমর্থন দিলেও একটি মহল তাতে বাধা সৃষ্টি করছে।