১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়ায় এক কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গিয়েছিল। পানি উন্নয়ন বোর্ড গত ২০ বছরে বাঁধটি মেরামতের জন্য প্রায় ৮০ কোটি টাকা খরচ করলেও তা তেমন কাজে আসেনি। ইতিমধ্যে জোয়ারের পানিতে এলাকার কয়েক শ বসতবাড়ি ও প্রায় ১০ হাজার একর ফসলি জমি সাগরে তলিয়ে গেছে। বর্তমানে দ্বীপের প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দী জীবন কাটাচ্ছেন।
জেলার মানুষ বাঁধটি সংস্কারসহ নানা বিষয়ে ৬৯টি দাবি বাস্তবায়নে শেখ হাসিনার আশ্বাস চেয়েছিলেন। শেখ হাসিনা জনসভায় বেড়িবাঁধ নির্মাণ, বনায়ন এবং উখিয়ার বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ জাতীয়করণের আশ্বাস দিয়েছেন। কিন্তু ‘সময়ের অভাবে’ অন্যান্য দাবির ব্যাপারে কিছু বলেননি। এতে হতাশ হয়েছেন এলাকার লোকজন।
কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী বলেন, এই কলেজে আট হাজার শিক্ষার্থীর জন্য শিক্ষক রয়েছেন মাত্র ৪২ জন। রয়েছে নানা সমস্যা। শিক্ষার্থীরা এসব সমস্যা দূর করা ও কলেজটিকে জাতীয়করণের দাবিতে আন্দোলন করছে। কিন্তু জনসভায় এ ব্যাপারে কিছুই বলা হয়নি।
কক্সবাজার বাঁচাও আন্দোলনের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, ২০১১ সালে ৩ এপ্রিল শেখ হাসিনা কক্সবাজার সফরে এসে ১৮৬ কিলোমিটার দীর্ঘ দোহাজারী-কক্সবাজার রেললাইন সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করেন। কিন্তু এখন পর্যন্ত তার কিছুই হয়নি। তা ছাড়া কক্সবাজার পর্যন্ত গ্যাস লাইন স্থাপন, সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দর স্থাপন, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত উপকূলীয় সড়ক নির্মাণ, কক্সবাজার বিমানবন্দরের আধুনিকায়ন, বাঁকখালী নদী খননসহ ২২টি প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন। এর কোনোটির বাস্তবায়ন হয়নি। এবার উখিয়ার জনসভায় এসব নিয়ে তিনি কিছুই বলেননি। শেখ হাসিনার ছয় ঘণ্টার সফরে উখিয়া ও রামুতে ২০ কোটি টাকায় নির্মিত ১৯টি বৌদ্ধবিহার উদ্বোধনসহ ৪০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন।
রামু কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোশতাক আহমদ বলেন, ‘আমাদের দাবি ছিল রামুকে পৌরসভায় উন্নীত করা এবং রামু কলেজ ও শত বছরের পুরোনো রামু খিজারী আদর্শ উচ্চবিদ্যালয়কে সরকারীকরণ করা। এ ছাড়া, একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিও ছিল আমাদের। কিন্তু প্রধানমন্ত্রী এ ব্যাপারে কোনো ঘোষণা না দেওয়ায় এলাকাবাসী হতাশ হয়েছেন।’