দাম কমছে সয়াবিন, চিনি ও গমের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাইকারি বাজারে নিত্যপ্রয়োজনীয় চিনি, গম ও সয়াবিন তেলের দাম কমছে। এই তিনটি পণ্যের সরবরাহ আগের চেয়ে বেড়েছে। এর প্রভাবে পাইকারি বাজার খাতুনগঞ্জে এই তিনটি পণ্যের দাম কমছে বলে ব্যবসায়ীরা জানান। শিগগিরই খুচরা বাজারে এসব পণ্যের দাম কমার প্রভাব পড়বে বলে মনে করেন তাঁরা।ব্যবসায়ীরা জানান, আমদানি-নির্ভর পণ্যের দাম নির্ভর করে আন্তর্জাতিক বাজারে ক্রয়মূল্য এবং দেশীয় বাজারে সরবরাহের ওপর। আন্তর্জাতিক বাজারে দাম স্থিতিশীল থাকলেও দেশীয় বাজারে সরবরাহ কম হলে দাম বেড়ে যায়। একইভাবে সরবরাহ বাড়লে দাম কমার ক্ষেত্রেও প্রভাব পড়ে অনেক সময়। কারণ, পণ্য কেনা বাবদ ব্যাংকঋণের সুদের চাপে অনেক সময় লোকসানেও পণ্য বিক্রি করতে বাধ্য হন আমদানিকারকেরা।ভোগ্যপণ্য আমদানিকারক ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নুরুল আলম প্রথম আলোকে বলেন, চিনি, গমসহ যেসব ভোগ্যপণ্যের সরবরাহ বেড়েছে, সেগুলোর দাম কমে গেছে। এ কারণে বাজারে ভোগ্যপণ্যের সরবরাহ যাতে স্বাভাবিক থাকে, সে জন্য পণ্য আমদানিতে নানা প্রতিবন্ধকতা দূর করতে সরকারের নিয়মিত পর্যবেক্ষণ থাকা উচিত।খাতুনগঞ্জের পাইকারি বাজারের ব্যবসায়ীদের সঙ্গে আলাপে জানা গেছে, গত দুই সপ্তাহের ব্যবধানে প্রতি মণ সয়াবিনের দাম ২০০ টাকা কমেছে। কোম্পানিভেদে পাইকারি বাজারে সয়াবিন এখন বিক্রি হচ্ছে মণপ্রতি চার হাজার ৪৫০ থেকে ৫০০ টাকায়। প্রতিবছর আমদানির হিসাব অনুযায়ী, প্রতিমাসে দেশে গড়ে সয়াবিনের চাহিদা প্রায় ৩৫ হাজার টন। শীত মৌসুমে এই চাহিদা কিছুটা বেড়ে যায়। শীত কমে আসায় পামতেল এখন জমাট বাঁধে না। এ কারণে শীত মৌসুমে সয়াবিনের চাহিদা বেড়ে গেলেও এখন কমতে শুরু করেছে। বিপরীতে মার্চ মাস পর্যন্ত শীত মৌসুম থাকবে মনে করে ব্যবসায়ীরা সয়াবিন আমদানি বাড়িয়ে দিয়েছিলেন। ব্যবসায়ীদের আমদানি বাড়ানোর এই চিত্র পাওয়া গেছে বন্দরের তথ্যে। গত জানুয়ারি মাসে বন্দর দিয়ে ৬৩ হাজার ৮৮৮ টন সয়াবিন খালাস হয়। চলতি মাসে প্রথম তিন সপ্তাহে দুই জাহাজে ৫৩ হাজার ৭৫০ টন সয়াবিন আমদানি হয়। সয়াবিনের মতো চিনির সরবরাহও বেড়েছে। বন্দরের হিসাবে, জানুয়ারি মাসে বন্দর দিয়ে এক লাখ ৪৭ হাজার টন অপরিশোধিত চিনি আমদানি হয়। চলতি মাসে বন্দরে তিন জাহাজে এক লাখ ২৮ হাজার টন চিনিভর্তি তিনটি জাহাজ এসেছে। চট্টগ্রাম বন্দরের পাশাপাশি স্থলবন্দর দিয়েও ভারত থেকে প্রস্তুত চিনি আমদানি হওয়ায় বাজারে এখন ভারতীয় কম দামের চিনি পাওয়া যাচ্ছে। এ কারণে বাড়তি সরবরাহ চিনির বাজারকে প্রভাবিত করেছে। খাতুনগঞ্জে পাইকারি বাজারে এক থেকে দেড় সপ্তাহ আগে প্রতিমণ চিনির দাম ওঠে দুই হাজার টাকা। দেশীয় পরিশোধন কারখানার এসব চিনি এখন মণপ্রতি ৫০ টাকা কমে বিক্রি হচ্ছে এক হাজার ৯৫০ টাকায়। ভারতীয় চিনির দাম আরও কম। অপেক্ষাকৃত নিম্নমানের ভারতীয় চিনি বিক্রি হচ্ছে প্রতিমণ এক হাজার ৯০০ টাকায়।বন্দর সূত্রে জানা গেছে, অর্থবছরের প্রথমদিকে গম আমদানি ব্যাপক হারে কমে যায়। এখন আবার বাড়তে শুরু করেছে। গত জানুয়ারি মাসে বন্দর দিয়ে তিন লাখ ২৫ হাজার ৯১৪ টন গম আমদানি হয়। এ মাসে ছয় জাহাজে এসেছে দুই লাখ ৭০ হাজার টন গম।খাতুনগঞ্জের পাইকারি বাজারে দেখা যায়, পাকিস্তান থেকে আমদানি করা গমের দাম প্রতিমণ ৯০০ টাকা পর্যন্ত উঠেছিল। এখন এই মানের গম প্রতিমণ বিক্রি হচ্ছে ৮৫০ থেকে ৮৬০ টাকা। একইভাবে কানাডা থেকে আমদানি করা ভালো মানের গম এক হাজার ৩০০ থেকে কমে বিক্রি হচ্ছে এক হাজার ১৫০ থেকে ২০০ টাকায়।