খাগড়াছড়ি জেলায় বোরো মৌসুমের ধান কাটা চলছে। তবে কৃষকের মুখে হাসি নেই। বাজারে যে দামে ধান বিক্রি হচ্ছে তাতে কৃষকের উৎপাদন খরচ উঠছে না। তবে জেলায় সরকারিভাবে ধান–চাল সংগ্রহের উদ্যোগ নেওয়া হলে ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে সক্ষম হবেন বলে মনে করেন অনেক কৃষক।
খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর জেলায় প্রায় ১১ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় ফলনও ভালো হয়েছে। তবে ধানের দাম না ওঠায় উৎপাদন খরচ তুলতে পারছেন না কৃষকেরা।
মহালছড়ি উপজেলার মাইসছড়ি বাজার জেলা শহর থেকে ১২-১৩ কিলোমিটার দূরে। এই বাজারে দূর–দূরান্ত থেকে ধান নিয়ে আসেন কৃষকেরা। ৯ মে মাইসছড়ি বাজারে গিয়ে দেখা যায়, কৃষকেরা প্রতি মণ ধান ৪০০-৪৩০ টাকায় বিক্রি করছেন। অথচ গত বছর এক মণ ধান ৬০০ টাকায় বিক্রি হয়েছিল।
মাইসছড়ি বাজারে সুজন ট্রেডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সুজন বড়ুয়া বলেন, তিনি এই বাজার থেকে বিআর-২৮ ধান ৪৩০ টাকা ও হাইব্রিড ধান ৪০০ টাকায় কিনে ৩০ টাকা বেশি দামে খাগড়াছড়ি সদরে নিয়ে বিক্রি করছেন।
ব্যবসায়ীরা লাভ করলেও লোকসান গুনছেন কৃষক। মাইশছড়ি বাজারে কথা হয় গামারিঢালা গ্রামের কৃষক আলো জ্যোতি চাকমার সঙ্গে। তিনি বলেন, ‘প্রতি মণ ধান উৎপাদন করতে আমার খরচ হয়েছে ৬০০–৬৫০ টাকা। অথচ প্রতি মণ ধান বিক্রি করছি প্রায় ২০০ টাকা কমে।’
খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুপন চাকমা জানান, ইউনিয়নের অনেক কৃষক ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে তাঁর কাছে অভিযোগ করেছেন। তিনি জানান, খাগড়াছড়ি জেলায় সরকারিভাবে যদি ধান বা চাল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয় তাহলে কৃষকেরা কিছুটা হলেও উপকৃত হবে।
জেলা খাদ্য কার্যালয়ের কর্মকর্তারা জানান, বহু বছর থেকে খাগড়াছড়ি জেলা থেকে কোনো খাদ্যশস্য সরকারিভাবে কেনা হয় না। তবে সরকার যদি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় তাহলে তা সংগ্রহ করা হবে। তবে এ ক্ষেত্রে খাগড়াছড়ি জেলায় ধানের পরিবর্তে চাল সংগ্রহ করা হবে। তবে এক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়িয়েছে সেদ্ধ চালের কল না থাকা। জেলা খাদ্য কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় সিদ্ধ চালের কল একটিও নেই।
খাগড়াছড়ি জেলা কৃষি বিপণন কর্মকর্তা তুষার কান্তি চাকমা জানান, গত এক মাসে চালের দাম প্রতি কিলোগ্রামে দুই থেকে তিন টাকা কমেছে। খুচরা বাজারে মোটা চাল ২৮-২৯ টাকায়, মাঝারি আকারের চাল ৩১-৩২ টাকা দামে বিক্রি হচ্ছে।