অবশেষে কক্সবাজারের মহেশখালীতে পানচাষিদের মুখে হাসি ফুটেছে। গত এক সপ্তাহ ধরে পানবাজারের এই এলাকায় উৎপাদিত মিষ্টিপানের দাম বাড়ছে। অতিবৃষ্টির কারণে এবার পানের বরজ নষ্ট হলেও ন্যায্যমূল্য পাওয়ায় ক্ষতি কাটিয়ে উঠেছেন পানচাষিরা। জানা গেছে, বহু বছর ধরে উপজেলার বিভিন্ন পাহাড়ি ও সমতল আবাদি জমিতে পানের চাষ করছেন স্থানীয় চাষিরা। পাহাড়ি এলাকায় একবার পানের চাষ করলে দুই-তিন বছর পর্যন্ত ফলন পাওয়া যায়। সমতল জমিতে ফলন পাওয়া যায় ছয় মাস। সমতল জমিতে পানের চাষ শুরু হয় অক্টোবর-নভেম্বরে, শেষ হয় মে মাসে। আর পাহাড়ি এলাকায় পানের চাষ যেকোনো সময়ে করা যায় বলে স্থানীয় কৃষকেরা জানিয়েছেন।উপজেলার গোরকঘাটা, বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজার, হোয়ানক ইউনিয়নের টাইম বাজার, পানিরছড়া বাজার, কালারমারছড়া ইউনিয়নের কালারমারছড়া বাজার, জনতা বাজার ও শাপলাপুর বাজারে পানের বাজার বসে। সপ্তাহে তিন দিন এসব বাজারে পান বিক্রি হয়।ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলার পানচাষি মনীন্দ্র লাল দে (৪৫) বলেন, ‘গত মাসে পানের দাম কমে গিয়েছিল। এ কারণে এ বছর পান চাষে লাভ তো দূরের কথা, লোকসান গুনতে হবে বলে মনে করেছিলাম। কিন্তু এক সপ্তাহে পানের দাম এক লাফে অনেক বেড়ে যাওয়ায় লাভের মুখ দেখেছি।’ বাজার ঘুরে দেখা গেছে, গতমাসে এক বিড়া পানের দাম ছিল মাত্র ৭০ টাকা। এখন সেই পান বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৫০ টাকা পর্যন্ত। শাপলাপুর ইউনিয়নের জেমঘাটের পানচাষি আবদুল মোনাফ (৪৫) জানান, ‘কৃষিজমিতে অক্টোবর মাসে অতিবৃষ্টির কারণে পানের বরজ নষ্ট হয়ে যায়। এক একটি পানের বরজে প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি হয়। কিন্তু গত এক সপ্তাহ ধরে পানের দাম বেড়েছে তাই লোকসানও কমেছে।’ শাপলাপুর ইউনিয়ন পরিষদ সদস্য (ইউপি) সাইয়েদুল আলম প্রথম আলোকে বলেন, ‘একটি পানের বরজ তৈরি করতে এক লাখেরও বেশি টাকা খরচ হয়। গত মাসে ন্যায্যমূল্য না পাওয়ায় চাষিরা অনেকটা হতাশাগ্রস্ত হয়ে পড়েন। কিন্তু গত এক সপ্তাহ ধরে পানের বাজার চাঙা। ’শাপলাপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা কাইছার উদ্দিন বলেন, ‘এক সপ্তাহ ধরে পানের দাম বাড়তে থাকায় লাভ হচ্ছে চাষিদের। এক বিড়া পান ২৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। চাষিদের জন্য এটা সুখবর।’ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, মহেশখালীতে ১৫০০ হেক্টর জমিতে পানের চাষ হচ্ছে। তার মধ্যে ১৫০ হেক্টর সমতল জমিতে ও ১৩৫০ হেক্টর পাহাড়ি জমিতে পানের চাষ হচ্ছে। প্রতি হেক্টর জমিতে পানের বরজ আছে প্রায় ছয়টি। উপজেলায় পানের বরজের সংখ্যা প্রায় নয় হাজার। পানচাষিদের সংখ্যা প্রায় ১৩ হাজার। এক হেক্টর জমিতে পানচাষ করতে খরচ হয় ছয় লাখ ৫৫ হাজার টাকা। বছরে প্রতি হেক্টর জমিতে ১০৭ মেট্রিকটন পান উৎপাদন হয়। প্রতি হেক্টরে পান বিক্রি হয় প্রায় ১৬ লাখ ১২ হাজার ৫০০ টাকা। হেক্টর প্রতি লাভ হয় প্রায় নয় লাখ ৫৭ হাজার টাকা। প্রতি বছর মহেশখালী থেকে এক লাখ ৬৩ হাজার ৫০০ মেট্রিকটন পান রপ্তানি হচ্ছে। উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ-সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আহমদ প্রথম আলোকে বলেন, ‘ন্যায্যমূল্য পাওয়ায় পানচাষিরা অন্যান্য বছরের তুলনায় এ বছর বেশি লাভবান হবে।’এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, ‘পানের ন্যায্য দাম পাওয়ায় পানচাষিরা তাদের পরিবার-পরিজন নিয়ে আনন্দ করছে।’