দাম পড়ে অর্ধেক, আদা নিয়ে বিপাকে চাষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষকদের কাছ থেকে আদা কিনে বাছাই করছেন পাইকারি ব্যবসায়ীরা। ছবিটি রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া বাজার থেকে ৭ ডিসেম্বর তোলা l প্রথম আলো
কৃষকদের কাছ থেকে আদা কিনে বাছাই করছেন পাইকারি ব্যবসায়ীরা। ছবিটি রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া বাজার থেকে ৭ ডিসেম্বর তোলা l প্রথম আলো

রাঙামাটিতে গত বছর প্রতি মণ আদা বিক্রি হয় ২ হাজার ২০০ থেকে ৩ হাজার টাকায়। এবার তা নেমে এসেছে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকায়। দাম প্রায় অর্ধেক কমে যাওয়ায় চাষিরা পড়েছেন বিপাকে। এবার চাষের খরচ তোলা নিয়ে শঙ্কায় আছেন চাষিরা।
রাঙামাটি কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্র জানায়, জেলায় চলতি মৌসুমে সাত হাজার একর জমিতে আদা চাষ হয়েছে। এর মধ্যে কাপ্তাই ও কাউখালী উপজেলায় ২ হাজার ১০২ একর জমিতে আদা চাষ করা হয়। এর মধ্যে কাপ্তাইয়ের মধ্যে ওয়াগ্গা ও কাউখালীর ঘাগড়া ইউনিয়নে চাষ হয়েছে ১ হাজার ৭০৫ একর জমিতে। ইউনিয়নের হিসাবে এই দুটিতে চাষ হয়েছে বেশি।
ওয়াগ্গা ও ঘাগড়া ইউনিয়নের আদাচাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘাগড়া ইউনিয়নের চেলাছড়ি, কচুছড়ি, ঝনুমাছড়া, কুয়াপাড়া, কলমবতী, নভাঙা, দুলুছড়ি, উগলছড়ি বড় হলক এবং ওয়াগ্গা ইউনিয়নের মৌড়লীপাড়া, ওয়াগ্গাপাড়া, তম্বপাড়া ও বড় পাকলীপাড়ায় দুই শতাধিক পরিবার শুধু আদা চাষ করে জীবিকা নির্বাহ করে। চলতি মৌসুমে আদার দাম না থাকায় এসব এলাকার চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন।
৭ ডিসেম্বর রাঙামাটি জেলার আদা বিক্রির বড় পাইকারি বাজার ঘাগড়ায় গিয়ে দেখা যায়, চাষিরা খাঁচাভর্তি করে নিয়ে আসছেন আদা। চাষিদের কাছ থেকে এসব আদা পাইকাররা কিনে পাঠাচ্ছেন ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চলে। এখানে হাট বসে প্রতি বুধ ও শনিবার।
বাজারে আদা বিক্রি করতে আসা ওয়াগ্গা ইউনিয়নে মৌড়লীপাড়ার আদাচাষি সুখীর তঞ্চঙ্গ্যা ও বিনয় কুমার তঞ্চঙ্গ্যা বলেন, ‘গত বছর আদার দাম পাওয়ায় এ বছর বেশি মানুষ আদা চাষ করেছেন। আমাদের পাড়ায় ৫০ পরিবার আদা চাষ করেছে।’ তাঁরা বলেন, প্রতি মণ ৪ হাজার ৫০০ থেকে ৫ হাজার টাকা দরে আদার বীজ কেনা হয়। এক মণ আদা চাষ করলে ফলন পাওয়া যাচ্ছে সর্বোচ্চ পাঁচ মণ। বর্তমান বাজারদর অনুযায়ী আদা বিক্রি করে পাওয়া যাচ্ছে মাত্র সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা। অথচ পাঁচ মণ আদা উৎপাদনে খরচ হয়েছে ৯ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। এ ছাড়া নিজের মজুরি রয়েছে।
কাউখালীর ঘাগড়া ইউনিয়নের কচুছড়ি এলাকায় চাষি সঞ্জীব চাকমা ও প্রভাত চাকমা বলেন, ‘গত বছর প্রতি মণ আদা বিক্রি করে পেয়েছি কমপক্ষে আড়াই হাজার টাকা। পরবর্তী সময়ে ৩ থেকে ৩ হাজার ৫০০ টাকা দরেও বিক্রি করেছি। অথচ এ বছর বিক্রি করতে হচ্ছে মাত্র ১ হাজার ৩০০ থেকে দেড় হাজার টাকা করে। ফলে আমাদের উৎপাদন খরচও উঠে আসছে না।’
ঘাগড়া বাজারের আদা ব্যবসায়ী মো. আতাউর রহমান বলেন, ‘প্রতিবছর ঘাগড়া বাজার থেকে শত শত মণ আদা ঢাকার কারওয়ান বাজার পাঠাই আমরা। কিন্তু এ বছর আদার দাম একেবারে নেই। সে জন্য চাষিদের কাছ থেকে কম দামে কিনে নিতে হচ্ছে। আমরা জানতে পেরেছি আমদানি করায় দেশের আদার দাম কমে গেছে।
রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রমনী কান্তি চাকমা বলেন, ‘এবার আদার ফলন ভালো হয়েছে। চাষের সময় আমরা নানাভাবে সহযোগিতা করতে পারি। কিন্তু বাজারজাতকরণে আমাদের কোনো হাত নেই। চলতি বছরে বাজারে আদার দাম নেই বলে চলে।’