দাম বাড়ছে, বাড়ছে কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে দাম বাড়ার তালিকায় প্রতি সপ্তাহে যোগ হচ্ছে নতুন পণ্য, কম করে হলেও বাড়ছে দু-তিনটির। কিন্তু সপ্তাহ কিংবা মাসে বাড়ছে না আয়। ক্রেতারা তাই অসহায়। দাম বাড়ার কারণে বড় বিপদে পড়েছে নির্দিষ্ট আয়ের লোকজন। হতদরিদ্র মানুষের অবস্থা আরও খারাপ। দুবেলা খাওয়ার জন্য জীবনপণ লড়াই করতে হচ্ছে তাদের।সরকারি হিসাবেই আছে, মাত্র এক মাসের ব্যবধানে মাছ, মাংস থেকে শুরু করে ১৭টি খাদ্যপণ্যের দাম বেড়েছে। গত এক মাসে এসব পণ্যের মধ্যে পাম, সয়াবিন তেল, চিনি ও চালের দাম বেড়েছে কয়েক দফা। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদরে পণ্যের দাম বাড়ার এ চিত্র পাওয়া গেছে। গতকাল সোমবার টিসিবির প্রতিবেদনে দেখা যায়, গত এক মাসে যেসব পণ্যের দাম বেড়েছে, এক বছর আগের তুলনায় এ হার অনেক বেশি। এক বছরের ব্যবধানে সাড়ে ৬ থেকে ৬২ শতাংশ দাম বেড়েছে ১৮টি পণ্যের। সবচেয়ে বেশি বেড়েছে পাম তেলের দাম। টিসিবির প্রকাশ করা ২৪টি পণ্যের মধ্যে দাম কমেছে মাত্র সাতটির, কমার হারও কম। মাত্র দশমিক ৬১ শতাংশ থেকে ২২ দশমিক ৭৩ পর্যন্ত কমেছে এসব পণ্যের দাম। সবচেয়ে বেশি কমেছে আলুর দাম। এক বছরের ব্যবধানে আলুর দাম কমেছে কেজিতে দু-তিন টাকা। পেঁয়াজের দাম কমায় একটু স্বস্তিতে ক্রেতারা। তবে এক মাস আগেও পেঁয়াজের অস্বাভাবিক দাম বেড়ে গিয়েছিল, সে কথা ভোলেননি ক্রেতারা। বাজার ঘুরে এবং টিসিবির বাজারদর বিশ্লেষণে দেখা যায়, প্রতি সপ্তাহেই কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে। এ সপ্তাহে গত রোববার দাম বেড়েছে পাম তেল ও সয়াবিনের। এর আগের সপ্তাহে বেড়েছে পাম তেল, সয়াবিন ও চিনির। চলতি মাসের প্রথম সপ্তাহেও পাম তেল, ছোলা, চিনি ও চালের দাম বেড়েছে। সপ্তাহ ঘুরে এভাবেই বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। নগরের কর্ণফুলী ও রিয়াজউদ্দিন বাজার ঘুরে দেখা যায়, এখন সবচেয়ে নিম্ন মানের চালের কেজিও ৩৫ টাকা। বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে লিটারে ১২৫ টাকা। কেজি হিসাবে দাম পড়ে ১৩৭ টাকা। খোলা সয়াবিন বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১১৮ টাকা, পাম তেল ১০৫-১০৬ টাকা ও চিনি ৬০-৬২ টাকা। দাম বাড়ার তালিকায় এ রকম নিত্যপণ্য যুক্ত হচ্ছে প্রতি সপ্তাহেই। আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি কিংবা সংকটের দোহাই দিয়ে এভাবে দাম বাড়ানো হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা। গত শনিবার রিয়াজউদ্দিন বাজারে সাপ্তাহিক কেনাকাটা করছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সিরাজুল ইসলাম। ‘বাজারে ৫০০ টাকার নোট এখন কিছুই না। একটা-দুটো জিনিস কিনলেই টাকা ফুরিয়ে যায়। এভাবে কী চলে?’ ক্ষোভের সঙ্গে জানালেন তিনি।ক্রেতাদের এই ক্ষোভ প্রতিনিয়ত দেখছেন বিক্রেতারা। কর্ণফুলী সিডিএ মার্কেটের গিয়াস অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘কোম্পানিগুলো ভোজ্যতেল সরবরাহ করছে না। দিনে পাঁচ কার্টন চাহিদার বিপরীতে দিচ্ছে এক কার্টন। নিত্যপণ্যের দাম শুনে সাধারণ ক্রেতার ক্ষোভ দেখছি প্রতিনিয়ত।’বাজারে ভোজ্যতেলের সংকট দেখালেও আমদানি পরিসংখ্যানে দেখা যায় ভিন্নচিত্র। চট্টগ্রাম বন্দর দিয়ে ভোগ্যপণ্যের আমদানি স্বাভাবিক আছে। গত বছরের চেয়ে বেড়েছে প্রতিটি পণ্যের আমদানিও। চট্টগ্রাম বন্দরের হিসাবে দেখা যায়, বছরে ১৪ লাখ টন চাহিদার বিপরীতে অপরিশোধিত চিনি আমদানি হয়েছে ১৫ লাখ ২০ হাজার টন। ভোজ্যতেল পাম ও সয়াবিনের চাহিদা ধরা হয় ১২-১৩ লাখ টন। গত বছর আমদানি হয়েছে ১৪ লাখ ১৫ হাজার টন। এ ছাড়া চাল, গম ও ডাল—এই তিনটি পণ্য আমদানি হয়েছে প্রায় ৩৬ লাখ টন। এর মধ্যে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসেই গম আমদানি হয়েছে ১৭ লাখ ৭৯ হাজার টন। চাল আমদানি হয়েছে প্রায় ছয় লাখ টন। সংকট তৈরি হলেও আমদানিচিত্র সে কথা বলে না।খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমেদ প্রথম আলোকে বলেন, ‘দেশের বেশির ভাগ ভোগ্যপণ্যই আমদানি-নির্ভর। এ কারণে আন্তর্জাতিক বাজার অস্থিতিশীল হওয়ায় দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এরপরও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে সরকার উদ্যোগ নিয়েছে। যেমন, সরকার আমদানি বাড়াচ্ছে। বেসরকারি আমদানিতে কোনো সমস্যা থাকলে সেগুলো দূর করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। গত রোববার ঢাকায় এক বৈঠকে প্রধানমন্ত্রী আমাদের এ বিষয়টি জানিয়েছেন।’