দাম বাড়তি, খুশি পানচাষিরা

পানের বাড়তি দামে হাসি ফুটেছে চাষিদের মুখে। মহেশখালী উপজেলায় গত তিন সপ্তাহ ধরে পানের হাটে এলাকায় উৎপাদিত বিখ্যাত মিষ্টি পানের দাম বেড়ে যাওয়ায় চাষিরা উৎসাহিত। এর আগে গত বছর নভেম্বর ও ডিসেম্বর মাসে টানা কয়েক দফা অবরোধ ও হরতালের কারণে ভরা মৌসুমেও চাষিরা পানের ন্যায্য দাম পাননি। তাতে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাঁরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কয়েক যুগ ধরে উপজেলার বড় মহেশখালী, হোয়ানক, কালারমারছড়া, ছোটমহেশখালী ও শাপলাপুর ইউনিয়নের বিভিন্ন পাহাড়ি ঢালু ও কৃষিজমিতে পান চাষ করে আসছেন স্থানীয় চাষীরা। পানের বরজ থেকে পান তুলে চাষিরা উপজেলার গোরকঘাটা, বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজার, হোয়ানক ইউনিয়নের টাইম বাজার, পানিরছড়া বাজার, কালারমারছড়া ইউনিয়নের কালারমারছড়া বাজার, জনতাবাজার ও শাপলাপুর বাজারে বিক্রি করতে আনেন। সপ্তাহে দুই দিন এখানে পানের বাজার বসে।
গত বছর শুরুতেই পানের বাড়তি দাম থাকলেও নভেম্বর ও ডিসেম্বর মাসে টানা অবরোধ ও হরতালের কারণে স্থানীয় চাষিরা পানের ন্যায্য দাম পাননি। জাতীয় সংসদ নির্বাচনের পর পানের হাট জমে উঠেছিল। কিন্তু দাম বাড়েনি। তাতে চাষিরা লোকসান গুনে হতাশ হয়ে পড়েছিলেন।
তবে তিন সপ্তাহ ধরে পানের দাম বেড়ে গেছে। তার ফলে গত বছরের লোকসান কিছুটা কাটিয়ে উঠতে পারবে বলে তাঁদের বিশ্বাস। পানের হাট জনতাবাজার গিয়ে দেখা যায়, বেচা-কেনা করতে শতাধিক চাষি পান নিয়ে বাজারে বসেন। আর চট্টগ্রাম, বাঁশখালী, চকরিয়াসহ বিভিন্ন এলাকা থেকে আসা ব্যবসায়ীরা চাষিদের কাছ থেকে পান কিনছেন। এসব পান ট্রাকভর্তি করে ব্যবসায়ীরা চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় নিয়ে যান।
বাঁশখালী থেকে আসা পান ব্যবসায়ী দিদারুল আলম জানান, পানের দাম বেড়েছে। তিন সপ্তাহ আগে এক পণ পান বিক্রি হতো ৪০ থেকে ৭০ টাকা। সেই পান এখন বিক্রি হচ্ছে ১০০ টাকার ওপরে।
কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলি এলাকার পানচাষি বেলাল হোসেন ও নুরুন্নবী জানান, গত বছরের নভেম্বর থেকে বাজারে পানের মূল্যে ধস নামে। তবে এবারে পানের ফলন যেমন বেড়েছে, তেমনি দামও বেড়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, মহেশখালীতে এক হাজার ৫০০ হেক্টর জমিতে পান চাষ হচ্ছে। তার মধ্যে বিল বরজ ১০০ হেক্টর ও পাহাড়ি বরজ এক হাজার ৪০০ হেক্টর। এক হেক্টর জমিতে পান চাষ করতে চাষিদের খরচ লাগে গড়ে ছয় লাখ ৫৫ হাজার টাকা। বছরে প্রতি হেক্টর জমিতে ১০০ ৭ মে.টন পান উৎপাদন হয়। প্রতি হেক্টরে পান বিক্রি হয় গড়ে প্রায় ১৬ লাখ ১২ হাজার ৫০০ টাকা। এতে চাষিরা খরচ বাদ দিয়ে লাভবান হন প্রতি হেক্টরে গড়ে প্রায় ৯ লাখ ৫৭ হাজার টাকা। প্রতি বছর মহেশখালী থেকে ১ লাখ ৬৩ হাজার ৫০০ মে.টন পান বাইরে রপ্তানি হচ্ছে। এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল বাহারাইন বলেন, পানের দাম বেড়ে যাওয়ায় চাষিদের মুখে হাসি ফুটেছে।