দাম বেড়েছে মান বাড়েনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছোট্ট এক টুকরো মুরগি বা গরুর মাংস, অল্প একটু ভাজি আর ঐতিহাসিক সেই ডালের পানি—এই হচ্ছে আমাদের হলের খাবার। এ খাবার কীভাবে খাই, আর কীভাবে দিন কাটাই, তা শুধু আল্লাহ জানেন।’ হলের খাবারের মান নিয়ে এভাবেই দুঃখ প্রকাশ করলেন ড. কুদরত-ই-খুদা হলের শিক্ষার্থী মাহফুজুর রহমান। একই অভিযোগ শহীদ মোহাম্মদ শাহ হলের আবাসিক ছাত্র কামরুল হাসানের। তাঁরা জানান, গত ডিসেম্বর থেকে দুপুর ও রাতের খাবারের মাসিক খরচ এক হাজার ১০০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ২০০ টাকা করা হলেও খাবারের মানের কোনো পরিবর্তন হয়নি। একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, খাবারের টাকা না দিয়ে কিছু শিক্ষার্থী ডাইনিংয়ে খাবার খাচ্ছেন। এর ফলে ভর্তুকি দিতে হচ্ছে এবং খাবারের মান বাড়ানো সম্ভব হচ্ছে না। এ প্রসঙ্গে শহীদ মোহাম্মদ শাহ হলের প্রাধ্যক্ষ আবদুল ওয়াজেদ প্রথম আলোকে বলেন, ‘এ অভিযোগ আমার কানে এসেছে। আমি ইতিমধ্যে কয়েকবার হল পরিদর্শনে গিয়েছি, কিন্তু কাউকে শনাক্ত করতে পারিনি। মেস ব্যবস্থাপকও ব্যাপারটি অস্বীকার করলেন।’ শহীদ তারেক হুদা হলের আবাসিক ছাত্র মিজানুর রহমান বলেন, খাবার নিয়ে তাঁদের এই দুর্ভোগ প্রতিদিনের। হল কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে বহুবার অভিযোগ করা হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। তাই মেনে নেওয়া ছাড়া কিছু করার নেই। এ প্রসঙ্গে শহীদ তারেক হুদা হলের সহকারী প্রাধ্যক্ষ মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, ‘বাজারে প্রতিটি পণ্যের দাম বেড়েছে। তার পরও চেষ্টা করছি খাবারের মান ঠিক রাখতে। এ জন্য হলের ডাইনিং মাঝেমধ্যে পরিদর্শনের ব্যবস্থাও করা হয়েছে।’ তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যাতে ১২০০ টাকার সমমূল্যের খাবার পায়, এ ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। তবে খাবারের মান ঠিক রাখার জন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাঁচটি আবাসিক হল রয়েছে। এর মধ্যে চারটি ছাত্রদের এবং একটি ছাত্রীদের জন্য। এসব হলে এক হাজার ৮৩৬ জন শিক্ষার্থীর থাকার ব্যবস্থা রয়েছে।ছাত্র হলের মতো খাবার নিয়ে দুর্ভোগ ছাত্রী হলেও। ছাত্রী হলের শিক্ষার্থী রূপা রাণী কুণ্ডু বলেন, ‘হলের খাবার খাওয়া যেন এক নীরব যন্ত্রণা। খাওয়াও দায়, না খেয়েও উপায় নেই।’ এদিকে চুয়েটের আশপাশের হোটেল মালিকেরাও খাবারের দাম বাড়িয়ে দিয়েছেন। এ বিষয়ে চুয়েটের প্রধান ফটকসংলগ্ন খাজা গরিবে নেওয়াজ হোটেলের মালিক আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় আমরা খাবারের দাম একটু বৃদ্ধি করতে বাধ্য হচ্ছি। ইচ্ছে থাকলেও কম রাখতে পারছি না।’