দাম ভালো, খুশি চাষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়ায় নতুন চরখাগরিয়া গ্রামে আলু তোলায় ব্যস্ত চাষি ও শ্রমিকেরা l প্রথম আলো
সাতকানিয়ায় নতুন চরখাগরিয়া গ্রামে আলু তোলায় ব্যস্ত চাষি ও শ্রমিকেরা l প্রথম আলো

সাতকানিয়া উপজেলায় এবার আলুর বাম্পার ফলন হয়েছে। ভালো দাম পেয়ে চাষি পরিবারে বইছে আনন্দের জোয়ার। উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে কৃষি বিভাগ।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়ন ও অন্যান্য এলাকায় এবার ১ হাজার ২০০ হেক্টর জমিতে স্থানীয় দোহাজারী জাতের পাশাপাশি ডায়মন্ড ও কার্ডিনাল জাতের আলু চাষ করা হয়। তবে লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ১৫০ হেক্টর। অগ্রহায়ণ মাসের প্রথম দিকে আলুর বীজ রোপণ করা হয়। তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে আলু ফলন ওঠে।
সরেজমিনে দেখা গেছে, খাগরিয়া ইউনিয়নের চরখাগরিয়া ও নতুন চরখাগরিয়া গ্রামে খেত থেকে আলু তোলায় ব্যস্ত চাষিরা। একদল আলু তুলে এক পাশে স্তূপ করছে। আরেক দল বস্তায় ভরে ভ্যানে তুলে দিচ্ছে। দম ফেলার ফুরসত নেই কারও।
চরখাগরিয়া এলাকার চাষি আবদুল কুদ্দুস (৫০) বলেন, ‘বাপ-দাদার আমল থেকেই আলু চাষ করে আসছি। এ বছর চার কানির চেয়ে সামান্য বেশি জমিতে স্থানীয় দোহাজারী জাতের আলুর বীজ রোপণ করেছিলাম। ফলন খুব ভালো হয়েছে। প্রতি কানিতে ৮০ থেকে ৮৫ মণ পর্যন্ত আলু পাচ্ছি। প্রতি মণ আলু বিক্রি করছি ৭৮০ থেকে ৮৫০ টাকার মধ্যে।’
নতুন চরখাগরিয়া এলাকার চাষি বাদশা মিয়া (৩৫) বলেন, ‘প্রায় দুই একর জমিতে স্থানীয় ও ডায়মন্ড জাতের আলুর চাষ করেছি। ফলন আশনুরূপ হয়েছে। প্রতি এক একরে বীজ রোপণ থেকে আলু ঘরে তোলা পর্যন্ত খরচ পড়বে প্রায় ৮০ থেকে ৮২ হাজার টাকা। ইতিমধ্যে এক লাখ টাকার আলু বিক্রি করেছি। এ ছাড়া প্রায় ৫০ হাজার টাকার আলু হিমাগারে মজুত করেছি। খেতের মধ্যে আরও প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের আলু তোলার অপেক্ষায় আছে।’
সাতকানিয়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, লক্ষ্যমাত্রার অধিকাংশ আলুই উপজেলার খাগরিয়া ইউনিয়নে উৎপাদন হয়। গত বছরের মতো এ বছরও চাষিরা আলুর ভালো ফলন পেয়ে খুশি। এবার আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১৮ হাজার ৯০০ মেট্রিক টন। আশা করা হচ্ছে উৎপাদন ২১ হাজার মেট্রিক টন ছাড়িয়ে যাবে।