
সাতকানিয়া উপজেলায় এবার আলুর বাম্পার ফলন হয়েছে। ভালো দাম পেয়ে খুশি চাষিরাও। স্থানীয় বাজারের পাশাপাশি এ আলু যাচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, তিন পার্বত্য জেলাসহ দেশের বিভিন্ন স্থানে।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন গ্রামে এবার চাষের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ১৫০ হেক্টর। চাষ হয়েছে ১ হাজার ৩০০ হেক্টরে। স্থানীয় ‘দোহাজারী’ জাতের পাশাপাশি ‘ডায়মন্ড’ ও ‘কার্ডিনাল’ জাতের আলুর চাষ করেছেন চাষিরা। তবে স্থানীয় জাতের আলুর ফলনই বেশি হয়েছে।
চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, অগ্রহায়ণ মাসের শুরুর দিকে উপজেলার বিভিন্ন গ্রামে আলুর বীজ বপন করা হয়েছিল। ফাল্গুন মাসের প্রথম থেকে আলুর ফলন পরিপক্ব হয়। পুরো ফাল্গুন মােস আলু তোলার ব্যস্ততা থাকবে চাষি পরিবারে।
গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলুর রাজ্য হিসেবে পরিচিত খাগরিয়া ইউনিয়নের চরখাগরিয়া ও নতুন চরখাগরিয়া গ্রামে গিয়ে দেখা গেছে, খেতজুড়ে চলছে আলু তোলার উৎসব। সবাই ব্যস্ত। রোদের তেজ উপেক্ষা করে কেউ কোদাল নিয়ে মাটি আলগা করার কাজ করছেন, কেউ আলু কুড়িয়ে এক জায়গায় স্তূপ করে রাখছেন। অন্যরা আলু বস্তায় ভরে বাড়ির পথ ধরছেন।
চরখাগরিয়া গ্রামের চাষি সুলতান আহমদ (৫০) বলেন, ‘চলতি বছর আড়াই কানি জমিতে স্থানীয় জাতের আলুর চাষ করেছি। ফলন ভালো হয়েছে। বাজারে দামও পাওয়া যাচ্ছে ভালো।’ তিনি জানান, এক কানি জমিতে বীজ রোপণ করা থেকে ফলন বাড়ি নিয়ে যাওয়া পর্যন্ত ৩০ থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত খরচ পড়ে। এখন প্রতি মণ আলু বিক্রি হচ্ছে আকারভেদে ৭০০ থেকে ৮০০ টাকায়। প্রতি কানিতে আলু উৎপাদন হচ্ছে ৮০ থেকে ৯০ মণ।
নতুন চরখাগরিয়া চরপাড়া গ্রামের চাষি আহমদুর রহমান (৬২) বলেন, কৃষি বিভাগের লোকজন মাঠপর্যায়ে এসে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। ফলে গত বছরের চেয়ে এবার ফলন ভালো হয়েছে। তিনি বলেন, ফাল্গুন মাসের শুরু থেকে খেত থেকে আলু তোলা হচ্ছে। ইতিমধ্যে ১৫০ মণের কাছাকাছি আলু হিমাগারে মজুত রাখা হয়েছে।
জানতে চাইলে সাতকানিয়া উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিধান চন্দ্র দেব বলেন, এ বছর আলু উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। কৃষি কার্যালয়ের লোকজন মাঠপর্যায়ে খেতের অবস্থা পর্যবেক্ষণ করায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে।