দামি গরু কুষ্টিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের সাগরিকা পশুর হাটে গত বুধবার কুষ্টিয়ার আবদুল বাতেন মোল্লার আনা এই গরুর দাম হাঁকা হয় ১০ লাখ টাকা l প্রথম আলো
নগরের সাগরিকা পশুর হাটে গত বুধবার কুষ্টিয়ার আবদুল বাতেন মোল্লার আনা এই গরুর দাম হাঁকা হয় ১০ লাখ টাকা l প্রথম আলো

দামি গরু মানেই কুষ্টিয়ার। এবারও ব্যতিক্রম হয়নি। কুষ্টিয়া থেকে আনা গরু নজর কাড়ছে ক্রেতাদের।
গত শুক্রবার নগরের অন্যতম বড় পশুর হাট মুরাদপুরের বিবিরহাটে গিয়ে দেখা যায়, বিশাল আকৃতির চারটি গরু নিয়ে এসেছেন কুষ্টিয়ার ব্যাপারী জহিরুল ইসলাম। তাঁর একেকটি গরুর দাম হাঁকা হচ্ছে ৪ থেকে সাড়ে ৪ লাখ টাকা। জহিরুলের দাবি, দাম ও সৌন্দর্য বিবেচনায় এই বাজারে তাঁর গরুগুলোই সেরা।
এদিকে গত বুধবার সাগরিকা বাজারে গিয়ে দেখা যায়, কুষ্টিয়ার আবদুল বাতেন মোল্লা নিয়ে এসেছেন বিশাল আকারের গরু। দাম হাঁকা হয়েছে ১০ লাখ টাকা। বাতেন বলেন, ‘অনেকে এসে দেখেছেন, এখনো দামে-দরে হয়নি। ৮ লাখ টাকা পর্যন্ত দিতে চেয়েছেন একজন ক্রেতা। তবে আমি ৯ লাখ টাকা হলে ছাড়ব।’
বাজার ঘুরে দেখা গেছে, বিবিরহাট ও সাগরিকায় বিক্রি এখনো জমে ওঠেনি। বাজারে পর্যাপ্ত গরু-ছাগল রয়েছে। অল্প অল্প করে নগরের বিভিন্ন এলাকা থেকে লোকজনও আসছেন। তাঁরা বাজার ঘুরে দেখছেন। গরুর দরদাম জিজ্ঞাসা করছেন।
বিবিরহাটে জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সাড়ে ৪ লাখ টাকা করে গরুগুলো বিক্রি করতে চাই। বৃহস্পতি ও শুক্রবার ১০-১২ জন দরদাম করেছেন। কিন্তু কেউ ৩ লাখ টাকার বেশি দাম দেননি। দেখি ৪ লাখ টাকা হলে তখন বিবেচনা করে দেখব। তবে এর নিচে বিক্রি করার ইচ্ছা নেই।’
জহিরুল ইসলাম গত বুধবার চারটি গরু নিয়ে বিবিরহাটে এসেছেন। এসব গরু দেখাশোনার জন্য আছেন তিনজন।

বিবিরহাটে গত শুক্রবার এই গরুগুলোর দাম হাঁকা হয় ৪ থেকে সাড়ে ৪ লাখ টাকা। এই গরুগুলোও কুষ্টিয়া থেকে আনা l প্রথম আলো
বিবিরহাটে গত শুক্রবার এই গরুগুলোর দাম হাঁকা হয় ৪ থেকে সাড়ে ৪ লাখ টাকা। এই গরুগুলোও কুষ্টিয়া থেকে আনা l প্রথম আলো

গরুগুলোর খাবারের বিষয়ে জানতে চাইলে জহিরুল ইসলাম বলেন, স্বাভাবিক খাবার দেওয়া হয়। খৈল, ভুসি, খুদ ভাত, ছোলা, সাগুজাতীয় খাবার দেওয়া হয় নিয়মিত। মোটাতাজাকরণের জন্য কোনো ওষুধ খাওয়ানো হয়নি। দুই বছর ধরে এসব গরুর লালন-পালন করা হচ্ছে। এবারই প্রথম গরুগুলো বিক্রির জন্য বাজারে তোলা হয়েছে।
বিবিরহাট পশুর হাটের ইজারাদার মঞ্জুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এই হাটে সর্বনিম্ন ৪০ হাজার থেকে সর্বোচ্চ আট লাখ টাকার গরু পাওয়া যায়। তবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দামের সাড়ে ৪ লাখ টাকা দামের চারটি গরু নিয়ে এসেছেন কুষ্টিয়ার এক ব্যাপারী। গরুগুলো ​িনয়ে হাটে আসা লোকজনের ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।
বাকলিয়ার নূরনগর হাউজিং সোসাইটি এলাকায় বসা কর্ণফুলী পশুর হাটে নেপালি জাতের গরু নিয়ে আসেন কুষ্টিয়ার ব্যাপারী আমিরুল ইসলাম। এই হাটের আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে গরুগুলো।
আমিরুল ইসলাম জানান, ২১টি গরু নিয়ে হাটে এসেছেন তাঁরা। এর মধ্যে সাতটি নেপালি জাতের গরু। গরুগুলো নিয়ে ক্রেতাদের আগ্রহ বেশি। কয়েকজন এসব গরুর দর হাঁকিয়েছেন ২ লাখ থেকে আড়াই লাখ টাকা। তবে তিন লাখ টাকার নিচে গরুগুলো বিক্রি করা হবে না।