দামি গরু দেখতেই ভিড়

গরুর গায়ের রং চকচকে কালো। তার সামনে গিয়ে কেউ সেলফি তুলছেন। কেউ পাশে রেখে নিচ্ছেন ছবি। অবলা এ পশুকে ঘিরে কিশোর-তরুণদের ভিড় বেড়েই চলছে। পাশ দিয়ে যাওয়ার সময় দাম শুনে একবার হলেও উঁকি দিচ্ছেন হাটে আসা লোকজন। আর এ গরুকে ঘিরে ভিড় হবে না কেন? কোরবানির পশুর হাটে ব্যাপারী এই গরুর দাম হাঁকিয়েছেন ১২ লাখ টাকা!
চট্টগ্রাম নগরের নূর নগর হাউজিং এস্টেটের কর্ণফুলী পশুর বাজারে ঝিনাইদহের হরিণাকুণ্ডু থেকে এই গরু নিয়ে এসেছেন ব্যাপারী ইউনুস আলী। এই হাটে এটিই সর্বোচ্চ দামের গরু বলে জানান বাজার পরিচালনা কমিটির সদস্য এসরারুল হক।
গত মঙ্গলবার বিকেলে হাটে গিয়ে গরুকে ঘিরে ক্রেতা ও আগ্রহীদের ভিড় দেখা যায়। তবে এসব নিয়ে ইউনুস আলীর তেমন ভ্রুক্ষেপ নেই। তিনি ব্যস্ত গরুর যত্ন নিয়ে। গরুর মুখে তুলে দিচ্ছেন খাবার। তিনি প্রথম আলোকে বলেন, গরুটি অস্ট্রেলিয়ান জাতের। প্রায় চার বছর আগে এ গরু কিনে নেন তিনি। এ সময় ধরে তিনি ও পরিবারের সদস্যরা এর লালন-পালন করেছেন। বিক্রির জন্য এবারই প্রথম হাটে তুলেছেন।
গত শুক্রবার ঝিনাইদহ থেকে এ গরু নিয়ে হাটে আসেন তিনি। হাটে গরুর লালন-পালনের জন্য বাড়ি থেকে নিয়ে এসেছেন একজনকে। তিনি বলেন, তিন-চারজন ক্রেতা পাঁচ লাখ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা দর দিয়েছেন। একজন ক্রেতা প্রায় ২২ মণ ওজনের এ গরুর জন্য ছয় লাখ টাকা দাম দিয়েছেন। তবে আট থেকে নয় লাখ টাকা হলেই বিক্রির ব্যাপারে চিন্তাভাবনা করবেন তিনি।
এদিকে কর্ণফুলী পশুর হাটের মতো নগরের বিবিরহাট গরুর বাজারে ক্রেতাদের আকর্ষণ করেছে অস্ট্রেলিয়ান জাতের আরেকটি গরু। ফেনী সদর থেকে গত রোববার এ গরু নিয়ে এসেছেন খায়রুল আমিন। তিনি এর দর হাঁকাচ্ছেন ছয় লাখ টাকা।
খায়রুল আমিন জানান, হাটের সর্বোচ্চ দামের এ গরুকে ঘিরে ক্রেতা ও দর্শনার্থীদের মধ্যে আকর্ষণ আছে। তবে মঙ্গলবার বিকেল পর্যন্ত কেউ কেনার ব্যাপারে আগ্রহ দেখাননি। প্রাথমিকভাবে ছয় লাখ টাকা দাম দিলেও সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা হলে বিক্রি করে দেবেন বলে জানান তিনি।
গত মঙ্গলবার বিবিরহাট ও কর্ণফুলী পশুর বাজারে গিয়ে দেখা যায়, হাটে আসা লোকজন ছোট ও মাঝারি আকারের গরু কিনছেন বেশি। তবে প্রায় সবাই বড় আকারের গরু যেখানে রাখা হয়েছে সেখানে একবার হলেও ঢুঁ মারেন। দরদাম করলেও কিনছেন না। তাঁদের মতে, ব্যাপারীরা গরুগুলোর দাম দ্বিগুণের বেশি হাঁকাচ্ছেন। দু-এক দিন পর এসব গরুর দাম কমবে বলে আশা করেন তাঁরা।
দুই হাটের ইজারাদার ও ব্যাপারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অস্ট্রেলিয়ান জাতের দুটি গরু ছাড়া বরাবরের মতো এবারও বেশি দামের গরু এসেছে কুষ্টিয়া থেকে। এই এলাকা থেকে আসা গরুগুলোর সর্বোচ্চ দাম ছয় থেকে সাত লাখ টাকা হাঁকিয়েছেন ব্যাপারীরা।
কুষ্টিয়া থেকে ১৩টি নেপালি জাতের গরু নিয়ে এসেছেন ব্যাপারী সিরাজুল ইসলাম। তিনি বলেন, গরুগুলোকে খৈল, ভুসি, খুদের ভাত, ছোলা ও সাগুজাতীয় খাবার দেওয়া হয় নিয়মিত। মোটা-তাজা করার জন্য কোনো ওষুধ খাওয়ানো হয়নি। এক বছর ধরে এসব গরুর লালন-পালন করা হচ্ছে। এবারই প্রথম গরুগুলো বিক্রির জন্য হাটে তোলা হয়েছে। তিনি বলেন, ‘গরুগুলো চার লাখ টাকা করে বিক্রি করতে চাই। সোম ও মঙ্গলবার সাত-আটজন এসে দরদাম করেছেন। কিন্তু তাঁরা যে দর দিয়েছেন তা পছন্দ হয়নি। তিন লাখ টাকার নিচে বিক্রি করার কোনো ইচ্ছে নেই। আশা করি, এ দামে কেনার মতো ক্রেতা হাটে আসবেন।’
সক্রিয় ভেটেরিনারি মেডিকেল টিমের সদস্যরা: নগরের বিবিরহাট গরুর বাজারে দায়িত্ব পালন করছিলেন সাদা অ্যাপ্রোন পরা তিন তরুণ। তাঁরা ঘুরে ঘুরে হাটে আসা গরুগুলোর শরীর পরীক্ষা-নিরীক্ষা করে দেখছিলেন, গরুগুলোর কোনো সমস্যা আছে কি না। বিবির হাটের মতো নগরের দুটি স্থায়ী ও ছয়টি অস্থায়ী পশুর হাটে দায়িত্ব পালন করছে একটি করে টিম।
বিবিরহাট টিমের সদস্য মো. ইউসুফ প্রথম আলোকে বলেন, হাটে আসা অনেকগুলো গরুর শরীর পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। কোনো সমস্যা পাওয়া যায়নি। ক্রেতা কিংবা বিক্রেতারাও কোনো অভিযোগ দেননি।