
চলচ্চিত্র নির্মাতাদের রাজনৈতিক চেতনা ও সামাজিক দায়বদ্ধতার অভাবে ভালো চলচ্চিত্র নির্মিত হচ্ছে না। এমন মন্তব্য এ দেশে বিকল্পধারার চলচ্চিত্র আন্দোলনের অন্যতম পথিকৃৎ ও লেখক তানভীর মোকাম্মেলের। ‘তানভীর মোকাম্মেলের চলচ্চিত্র–বিষয়ক বক্তৃতা’ শিরোনামের এক আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। নগরের মেহেদীবাগে বিস্তার আর্ট কমপ্লেক্সের পরম্পরা আর্ট গ্যালারিতে ১৭ মে সন্ধ্যা সাড়ে সাতটায় দর্শক-শ্রোতাদের সামনে নিজের চলচ্চিত্র–বিষয়ক ভাবনা তুলে ধরেন তিনি। বিস্তারের পরিচালক আলম খোরশেদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে প্রদর্শিত হয় তানভীর মোকাম্মেল পরিচালিত প্রামাণ্যচিত্র কর্ণফুলীর কান্না। প্রদর্শনীর পর ছিল কথামালার পর্ব।
প্রামাণ্য চলচ্চিত্র কর্ণফুলীর কান্না সম্পর্কে তানভীর মোকাম্মেল বলেন, ‘আমি খুবই বিস্মিত হই, যখন দেখি আমাদের দেশের শিক্ষিত সমাজের অনেক মানুষই জানেন না পার্বত্য চট্টগ্রামের জনজীবনের কথা। দেশে বিদ্যুতের প্রয়োজনে ১৯৫৬ সালে শুরু হলো জলবিদ্যুৎ প্রকল্পের কাজ। বেছে নেওয়া হলো অনিন্দ্যসুন্দর কর্ণফুলী নদীকে। কর্ণফুলীর কান্না প্রামাণ্যচিত্রটি নির্মাণের আগে আমরা প্রায় নয় মাস ধরে গবেষণার কাজ করি। আর প্রামাণ্যচিত্রটি করেছিলাম অনেকটা গেরিলা কায়দায়।’
কাহিনিচিত্রের পাশাপাশি নির্মাতাদের প্রামাণ্যচিত্র নির্মাণেরও আহ্বান জানান তানভীর। তিনি বলেন, ‘চলচ্চিত্রকে মানুষের কাছাকাছি নিয়ে যাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে প্রামাণ্যচিত্র। তাই আমি প্রামাণ্যচিত্রই বেশি বানাই এবং যাঁরা নবীন চলচ্চিত্রকার তাঁদেরও নির্মাণের পরামর্শ দিই।’
ভালো চলচ্চিত্র তৈরির সহজ কোনো রাস্তা নেই বলে তানভীর মন্তব্য করেন। তিনি বলেন, ‘মানুষ স্বভাবকবি হতে পারে। কিন্তু একজন মানুষের পক্ষে স্বভাব–চলচ্চিত্রকার হওয়া সম্ভব নয়। কারণ চলচ্চিত্রের মধ্যে প্রযুক্তির ব্যবহার আছে, তাই এটা শিখতে হবে।’
চলচ্চিত্রে সামাজিক দায়বদ্ধতা প্রসঙ্গে তানভীর বলেন, ‘আমি চলচ্চিত্র নির্মাণ করি বিবেকের তাড়নায়। তাই আমার তৈরি চলচ্চিত্রগুলোর মধ্যে সমাজের নানা শ্রেণি ও ধর্ম-বর্ণের মানুষের নিপীড়নের কথা উঠে এসেছে।’