
অভাবের কারণে আরজিনা খাতুন পড়াশোনা করার সুযোগ পাননি। মাত্র ১৩ বছর বয়সে বাধ্য হয়েছিলেন বিয়ের পিঁড়িতে বসতে। যৌতুক দিতে না পারায় বিয়ের ১৩ মাসের মাথায় তাঁকে তালাক দেওয়া হয়। কিন্তু আরজিনার জীবন তাতে থেমে যায়নি। তাঁর নেতৃত্বের গুণে বরং পাল্টে গেছে রংপুরের তারাগঞ্জ উপজেলার বহু নারীর জীবন। সেখানে বন্ধ হয়েছে বাল্যবিবাহ, থেমেছে নারী নির্যাতনের ঘটনা। তাঁর দূরদর্শিতায় গ্রামের হতদরিদ্র নারীরা মুঠো মুঠো চাল জমিয়ে দারিদ্র্য জয় করেছেন।
পঞ্চায়েতপাড়ায় আরজিনাদের গ্রামে ঢুকলে চোখে পড়ে মাঠ আর উঠোনজুড়ে চরে বেড়াচ্ছে গাভি, বাছুর ও ছাগল। শণ বা খড়ের কুঁড়েঘর নেই একটিও। বেশির ভাগ বাড়িতে চকচক করছে টিনের চালা। আধাপাকা বাড়িও আছে বেশ কিছু। প্রতিটি বাড়িতে আছে স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানির ব্যবস্থা, বিদ্যুতের আলো। পুকুরে মাছ, বসতভিটায় হচ্ছে সবজির চাষ।
গ্রামটির এভাবে বদলে যাওয়ার পেছনে সবাই একবাক্যে বললেন আরজিনার নাম। গ্রামের বাসিন্দা ও স্কুলশিক্ষক মাহাবুব ইসলাম বললেন, আরজিনার প্রচেষ্টায় গ্রামের মেয়েরা স্বাস্থ্য, শিক্ষাসহ বহু বিষয়ে সচেতন হয়ে উঠেছেন। শ্বশুরবাড়িতেও ভালো ব্যবহার পাচ্ছেন। গ্রামের আরেক বাসিন্দা, স্থানীয় সরকারের সাবেক সদস্য, আফজাল হোসেন বললেন, নিজের বিয়ে বা সংসার নিয়ে ব্যতিব্যস্ত না হয়ে আরজিনা খাতুন অবিরাম কাজ করে যাচ্ছেন মেয়েদের কল্যাণে।
আরজিনার বাড়িতে গিয়ে দেখা গেল, সমিতির সদস্যদের নিয়ে তিনি বৈঠক করছেন। তাঁর সংগ্রামমুখর জীবনের কথা জানতে চাইলে চকচক করে উঠল দুই চোখ। ফিরে গেলেন বহু দিন আগের সেই কাহিনিতে, ‘জন্মের পর থেকেই দেখি অভাব আর অভাব। লেখাপড়ার সৌভাগ্য আমার হয়নি। বাবা ছিলেন দিনমজুর। ছয় ভাইবোনের সংসারে দুই বেলা ভাত খাওয়ার মতো অবস্থাও ছিল না। মা মারা যাওয়ার পর ১৯৮৯ সালে মাত্র ১৩ বছর বয়সে আমার বিয়ে দিয়ে দেওয়া হয়। সেই স্বামীর নির্যাতনের কথা আজও আমার মন থেকে মুছে যায়নি। নির্যাতন করে তিনি আমার ডান হাত ভেঙে দেন নয় হাজার টাকা যৌতুকের জন্য। দুই দিন উপোস রেখে বিয়ের ১৩ মাসের মাথায় তালাক দেন।’
স্বামীর বন্দিশালা থেকে মুক্তি পেয়ে আরজিনা সেই যে বাবা মোবারক হোসেনের বাড়িতে ফিরে এলেন, আর বিয়েমুখো হননি। কিছুদিন পর বাবা মারা গেলে তিনি পড়ে যান অথই সাগরে। বাধ্য হয়ে অন্যের বাড়িতে ঢেঁকিতে ধান ভানার কাজ নেন। বয়স তখন তাঁর মাত্র ১৪ বছর তিন মাস। হাতে কিছু টাকা এল। সেই টাকায় কিনলেন দুটো ছাগল আর নয়টা মুরগি। মুরগি ডিম পাড়ল, ছাগল বাচ্চা দিল। আরজিনার মনে জাগল নতুন স্বপ্ন আর শক্তি। আরজিনা তাঁরই মতো ভেঙেপড়া গ্রামের মেয়েদের ডেকে আনলেন বাড়িতে। তাঁদের বোঝালেন, এখন থেকে সবাই প্রতিদিন রান্নার হাঁড়ি থেকে এক মুঠো করে চাল তুলে রেখে জমাবেন। জমানো সেই চাল বিক্রি করে যে টাকা আসবে, তাতে তাঁরা বড় একটা কিছু করবেন।
৪০ জন নারী সদস্যকে নিয়ে ২০০২ সালে আরজিনা প্রতিষ্ঠা করলেন একটি সমিতি, ‘পঞ্চায়েতপাড়া শ্রমজীবী নারীর দল’। সমিতির সদস্যরা প্রতিদিন জমাতে লাগলেন ৪০ মুঠো করে চাল। এক সপ্তাহ পরে জমানো চাল বিক্রির টাকা লটারি করে তুলে দেওয়া হলো একজনের হাতে। সেই টাকায় তিনি কিনে আনলেন হাঁস-মুরগি। এভাবে প্রতি সপ্তাহের লটারির টাকায় ৪০ সপ্তাহে হাঁস-মুরগিতে ভরে উঠল একে একে ৪০টি অভাবী সংসার। সেখান থেকে আসতে লাগল একটু একটু করে নগদ টাকা।
এবার আরজিনা চালের বদলে জমাতে শুরু করলেন দিনে দুই টাকা করে চাঁদা। প্রতি সপ্তাহে জমে ওঠা ৫৬০ টাকায় আগের নিয়মে লটারি করে একেকজনকে কিনে দেওয়া হলো একটি করে ছাগল। আগে ছিল হাঁস-মুরগি। সবাই এবার হয়ে উঠলেন একটি করে ছাগলের মালিক। ফিকে হতে শুরু করল দারিদ্র্যের অন্ধকার।

২০০৬ সালের ১০ ফেব্রুয়ারি আরজিনাকে নিয়ে প্রথম আলোয় প্রকাশিত হলো একটি প্রতিবেদন। তা দেখে এগিয়ে এল বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার। মেয়েদের তারা শেখাল বাড়ির আঙিনায় সবজি আর ঘরের ভেতরে মাশরুমের চাষ। আরজিনাকে তারা নিয়ে গেল ভিয়েতনামে। তিনি শিখে এলেন মাশরুম চাষের উন্নত পদ্ধতি।
বেসরকারি সংস্থা ব্র্যাক আরজিনাকে প্রধান করে ‘পল্লিসমাজ’ নামে ৩০০ সদস্যের একটি সমিতি গড়ে তুলল। আরজিনাও তাঁর ‘শ্রমজীবী নারীর দল’-এর সদস্য বাড়িয়ে করলেন ১৭০ জন। সপ্তাহে এখন তাঁরা ২০ টাকা করে জমা দেন। টাকা ভাগ করে নেন তিন বছর পর পর। সেখান থেকে এ পর্যন্ত ২১টি গরু বর্গা দেওয়া হয়েছে। তহবিলের সঞ্চয়ও এখন পাঁচ লাখ টাকা।
এই দুই সমিতির সহযোগিতায় আরজিনা বাল্যবিবাহ, যৌতুক, বিবাহবিচ্ছেদ ও নারী নির্যাতনের ঘটনা রোধ করে চলেছেন। অপ্রাপ্তবয়স্ক কোনো মেয়ের বিয়ের খবর পেলেই সেখানে ছুটে যান। নিরাপদ মনে করলে একাই, নইলে সমিতির সদস্যদের নিয়ে। এ পর্যন্ত তাঁরা ঠেকিয়েছেন ২১টি বাল্যবিবাহ। সমিতি থেকে ৩৭টি গরিব মেয়ের বিয়ে দিতে সহযোগিতা করেছেন। ৬১ জন দরিদ্র শিক্ষার্থীকে দিয়েছেন শিক্ষাসামগ্রী। জেনে রাখা হয়েছে সমিতির সদস্যদের রক্তের গ্রুপ। গ্রামে কারও রক্ত প্রয়োজন হলে তাঁরাই ভরসা।
আরজিনার নিজের আছে আটটি ছাগল, চারটি গাভি ও অনেক হাঁস-মুরগি। জমি কিনেছেন বেশ অনেকটা। বাড়িতে আছে নলকূপ ও পাকা পায়খানা। তুলেছেন দুই কামরার আধাপাকা টিনের ঘর। বাড়ির সামনে লাগিয়েছেন আম, কাঁঠাল আর পেঁপেগাছ।
দারিদ্র্যজয়ের গল্প শোনালেন সমিতির সদস্য সুলতানা খাতুন ও আয়শা খাতুন। তাঁরাও হাঁস, মুরগি, গাভি, ছাগলের মালিক। ঘর তুলেছেন টিনের। স্কুলে যাচ্ছে তাঁদের ছেলেমেয়েরা।
গৃহবধূ আসমা খাতুন বললেন, তাঁর বিয়ে হয়েছিল ১৫ বছর বয়সে। বাড়ি বাড়ি ঝিয়ের কাজ করে দিন চলত তাঁর। স্বামীর উপদ্রব সইতে হতো কথায় কথায়। সেই স্বামী এখন ধান-চালের ব্যবসা করছেন তাঁর উপার্জিত টাকায়। তাঁদের দুই সন্তান। তাঁর আর কোনো সন্তান না নেওয়ার সিদ্ধান্ত স্বামীও মেনে নিয়েছেন।
তারাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান বললেন, ‘আরজিনা আমাদের মাথা উঁচু করে দিয়েছেন। বিভিন্ন সভা-সমিতিতে তিনিই আমার উদাহরণ। আমার বিশ্বাস, একদিন তিনি তাঁর কাজের বড় স্বীকৃতি পাবেন।’
আরজিনা বলেন, ‘অবহেলিত নারীর পাশে নারীকেই এগিয়ে আসতে হবে আগে।’ তিনি স্বপ্ন দেখেন, তাঁর গ্রামের সব মেয়ে পুরুষদের মতো একই মর্যাদা নিয়ে একদিন কাজ করছে।