দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কাউখালীতে স্থানীয়দের মধ্যে অর্থ বিতরণ
দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে রাঙামাটির কাউখালী উপজেলায় তিনটি ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে শীতকালীন সবজি চাষ, শিশুদের বিদ্যালয়ে যেতে উদ্বুদ্ধ করা ও স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে। স্টিমুলেটিং হাউসহোল্ড অ্যাডভান্সমেন্ট থ্রু ইন্টিগ্রেটেড লার্নিং অ্যান্ড ইকোনমিক এমপাওয়ারমেন্ট (শৈলী) প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা গ্রিনহিল ১৪৫ পরিবারের মাঝে ৬৩ লাখ এক হাজার ৫০০ টাকা বিতরণ করে।
এ উপলক্ষে গত রোববার কাউখালী উপজেলা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রিনহিলের জেলা ব্যবস্থাপক মং শেনুক মারমা। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আখতার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মং সুই উ চৌধুরী, কলমপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যজাই মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার দাশ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নীলু কুমার বড়ুয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ।
শৈলী প্রকল্পের উপজেলা কর্মকর্তা হিতৈষী খীসা জানান, উপজেলার বেতবুনিয়া ইউনিয়নে ১৯ লাখ ৩৮ হাজার, ঘাগড়া ইউনিয়নে ৩০ লাখ ৪১ হাজার ৫০০ এবং কলমপতি ইউনিয়নে ১৯ লাখ ৩৮ হাজার টাকা বিতরণ করা হয়। প্রকল্পের আওতায় উপজেলার দরিদ্র পরিবারগুলোকে মৌসুমভিত্তিক শর্তসাপেক্ষে নগদ অর্থ প্রদান করা হয়।