দারুণ উদ্ভাবন
‘আপনার ফেলে দেওয়া জিনিসটি আমাদের দিন’—এই স্লোগান দিয়ে তাঁরা জোগাড় করেছেন প্লাস্টিকের বোতল, স্যালাইনের নল, নষ্ট বাল্ব ও শ্যাম্পুর শিশিসহ ছোটখাটো আরও অনেক কিছু। এ দিয়েই তাঁরা প্রায় বিনা মূল্যে বানিয়েছেন বিজ্ঞান শিক্ষার শতাধিক উপকরণ। যা ইতিমধ্যেই রাজশাহী বিভাগের পাঁচটি জেলার হাজার হাজার শিশুর মনে আবিষ্কারের ভাবনা জাগিয়ে তুলেছে। তারা বিজ্ঞান শিক্ষায় উৎসাহী হয়ে উঠেছে। এই আন্দোলন তৈরি করেছেন রাজশাহী শিক্ষক প্রশিক্ষণ কলেজের ১১ জন শিক্ষক। আর তাঁদের নেতৃত্বে রয়েছেন ওই কলেজের উপাধ্যক্ষ আবদুস সামাদ মণ্ডল। বিভিন্ন বিদ্যালয় ঘুরে আবদুস সামাদ মণ্ডল দেখেছেন, যে বিদ্যালয়গুলোতে বিজ্ঞানের পর্যাপ্ত যন্ত্রপাতি নেই। বেশির ভাগ বিদ্যালয়ে গবেষণাগারই নেই। আবার কোনো বিদ্যালয়ে যন্ত্রপাতি থাকলেও আলমারিতে তালাবদ্ধ অবস্থায় রাখা হয়েছে। শিক্ষার্থীদের পরীক্ষণ ও পর্যবেক্ষণ ছাড়াই শুধু মুখস্থ করানো হয়। এনসিটিবি অনুমোদিত তৃতীয় থেকে দশম শ্রেণীর পাঠ্যবইয়ে প্রায় ২০০ পরীক্ষণ ও পর্যবেক্ষণের বিষয় রয়েছে। পরীক্ষা ছাড়াই বিষয়গুলো মুখস্থ করতে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান শিক্ষা নিয়ে অনীহা তৈরি হয়েছে। বিষয়টি তাঁকে আলোড়িত করে। তিনি হিসাব করে দেখেন যে আর্কিমিডিসের সূত্র প্রমাণের একটি যন্ত্র বাজারে কিনতে প্রায় ৮০০ থেকে এক হাজার টাকা প্রয়োজন। অথচ এই পরীক্ষাটি একটি প্লাস্টিকের বোতল ও একটি হোমিওপ্যাথি ওষুধের শিশি দিয়ে করা সম্ভব। একই উপকরণ দিয়ে বয়েল ও প্যাসকেলের সূত্র প্রমাণ করা যায়। আবদুস সামাদ মণ্ডল কলেজের ১১ জন বিজ্ঞানের শিক্ষককে নিয়ে ফেলনা সব জিনিসপত্র সংগ্রহ শুরু করলেন। তাঁরা স্লোগান তৈরি করলেন। সেগুলো ব্যানারে লিখে ফেলেন। যেমন: ‘আপনার ফেলে দেওয়া জিনিসটি আমাদের দিন। কেন? আমরা বিজ্ঞান শিক্ষার যন্ত্রপাতি তৈরি করব তো, তাই। এসো আমরা স্বল্প ও বিনা মূল্যের উপকরণ তৈরি করি, বিজ্ঞান শিক্ষায় ব্যবহার করি। বিজ্ঞান শিক্ষা একটা খেলা। বৈজ্ঞানিক যন্ত্রপাতি হচ্ছে খেলনা। রসায়ন সহজ বিষয়। রসায়ন জীবন-ঘনিষ্ঠ বিষয়। বাল্যবিবাহ নয় বিজ্ঞান শিক্ষা।’ তাঁদের এই স্লোগানে চারদিকে সাড়া পড়ে যায়। তাঁরা হাতের কাছে পেয়ে যান বিপুল পরিমাণ কাজের জিনিস। এই ১১ শিক্ষকের স্বল্প ও বিনা মূল্যের হাতে তৈরি উদ্ভাবনীমূলক যন্ত্রপাতির প্রয়োগ দেখে শিক্ষকদের গুণগত মানোন্নয়নের জন্য এডিবির সহায়তাপুষ্ট এবং সরকার অনুমোদিত টিচার্স কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ইন সেকেন্ডারি প্রজেক্ট (টিকিউআইএসইপি) তাঁদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এই প্রকল্পের আর্থিক সহায়তায় তাঁরা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট ও বগুড়া জেলার প্রত্যন্ত অঞ্চলের ৯২টি মাধ্যমিক বিদ্যালয়ে স্বল্প ও বিনা মূল্যের বিজ্ঞান শিক্ষার উপকরণ নিয়ে হাজির হন। তাঁরা নিজেরাই এই সব উপকরণ তৈরি শুরু করে। প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা যন্ত্রপাতির পাশাপাশি বানিয়েছে ব্যবহারিক খাতা। পাঠ্যবইতে যত ধরনের পরীক্ষা আছে, তারা নিজেরাই তা করে। মুখস্থ না করে হাতেনাতে বিজ্ঞান শিক্ষার সহজ উপায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দেয়। এক জরিপে ইতিমধ্যেই দেখা গেছে, গত দুই বছর বিদ্যালয়গুলোতে বিজ্ঞান শিক্ষার হারও দুই থেকে চার শতাংশ বেড়েছে। তারা এই উপকরণ নিয়ে অর্ধশতাধিক বিজ্ঞান মেলায় অংশ নেয়। ঢাকায় শেরেবাংলা নগর বালিকা উচ্চবিদ্যালয় ও সিলেটের বিয়ানী বাজাররের বিজ্ঞান মেলাতেও তারা অংশ। এই দুই জায়গায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও জনপ্রিয় বিজ্ঞান কল্পকাহিনি লেখক মুহম্মদ জাফর ইকবাল তাদের উপকরণ দেখে তাঁর মুগ্ধতা প্রকাশ করেন। গত এপ্রিল মাসে এই প্রকল্পের আন্তর্জাতিক কনসালটেন্ট ড. ডেবোরাহ ওয়াইবার্ন এই কার্যক্রমের ওপরে একটি প্রতিবেদন তৈরি করেছেন। এতে বলা হয়েছে, প্রকল্পের আওতাভুক্ত বিদ্যালয়গুলোতে প্রায় সব ক্ষেত্রেই বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের ভর্তির হার বেড়েছে। তবে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই উন্নতিটা চোখে পড়ার মতো। প্রতিবেদনে স্বল্প ও বিনা মূল্যের বিজ্ঞানের মডেল জাতীয় কর্মসূচি হিসেবে গ্রহণ করার জন্য সুপারিশ করা হয়েছে। ভ্রাম্যমাণ পরীক্ষাগারসম্প্রতি উপাধ্যক্ষ আবদুস সামাদ মণ্ডলের কার্যালয়ে গিয়ে দেখা যায়, তাঁর টেবিলের সামনেই উপকরণের একটি বাক্স রয়েছে। তার ভেতরে প্রায় ৩০ ধরনের উপকরণ রয়েছে। এটার নাম দেওয়া হয়েছে ভ্রাম্যমাণ পরীক্ষাগার। কোনো বিদ্যালয় পরিদর্শনের গেলেই আবদুস সামাদ মণ্ডলের সঙ্গে থাকে এই ভ্রাম্যমাণ পরীক্ষাগার। আবদুস সামাদ মণ্ডলের প্রত্যাশা আগামী দুই-তিন বছরের মধ্যে প্রতিটি শিক্ষার্থীর বাড়িতে এই ভ্রাম্যমাণ পরীক্ষাগার তৈরি হয়ে যাবে। এই আন্দোলন মাধ্যমিক বিদ্যালয় ছাড়াও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। রাজশাহী নগরের বিবি আনোয়ারা রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে নগরের সবচেয়ে অভাবী পরিবারের শিশুরা পড়াশোনা করে। তাদের ভালো জামা-কাপড় নেই, কিন্তু সবার আছে বিজ্ঞান শিক্ষার উপকরণ। সম্প্রতি ওই বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তাদের শেণীকক্ষের জন্য ভ্রাম্যমাণ পরীক্ষাগার তৈরি করেছে। তৃতীয় শ্রেণীর পাঠ্যবইয়ে সাতটি পরীক্ষা রয়েছে। নিজেদের তৈরি উপকরণ দিয়ে শিক্ষার্থীরা পাঁচটি পরীক্ষা করতে পারে। বায়ুর ঊর্ধ্বমুখী চাপ আছে। কে পরীক্ষা করে দেখাতে পারে। প্রশ্নের সঙ্গে সঙ্গে সবাই প্রস্তুত। ডাকতেই সামনে চলে আসে রাব্বি, জামিলুর, বাদশা, আবীরসহ আরও কয়েকজন। একই রকম সাড়া চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ক্লাসে। পঞ্চম শ্রেণীর বইতে মোট ২৩ পরীক্ষণ ও পর্যবেক্ষণ রয়েছে। এর ১১টির জন্য যন্ত্রের প্রয়োজন পড়ে। তারা তা নিজেরাই বানিয়েছে। শিক্ষার্থী তানিয়া খাতুন একটি অর্ধেক করা প্লাস্টিকের বোতলের ভেতরে পলিথিন ব্যাগ এবং তার সঙ্গে লাগানো একটু স্যালাইনের নল দিয়ে প্রমাণ করে দিল বাতাস জায়গা দখল করে। মাস কয়েক আগে রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজ, মিশন বালিকা উচ্চবিদ্যালয়, রাজশাহী বালিকা উচ্চবিদ্যালয় ও আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নিজেদের তৈরি বিজ্ঞান শিক্ষার যন্ত্রপাতির এক প্রদর্শনীর আয়োজন করে। সেখানে একেকজন শিক্ষার্থীর উপস্থাপনা দেখে মুগ্ধ হতে হয়। চাঁপাইনবাবগঞ্জের ১৪টি বালিকা উচ্চবিদ্যালয় এই প্রকল্পের মধ্যে নেওয়া হয়েছে। কয়েকটি উপকরণএকটি কাটা বাল্ব দিয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের পরীক্ষা। অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞার বইয়ে ও নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ে আলোর প্রতিসরণ অধ্যয়ে পরীক্ষাটি রয়েছে। কাটা বাল্বের ভেতরের তার ও পেছনের কালো অংশটি খুলে এর ভেতরে পানি ও একটি সাইকেলের বল দিয়ে এই পরীক্ষাটি সহজেই করা যায়। একটি প্লাস্টিকের বোতল, একটি বেলুন, বলপয়েন্ট কলমের দুটি সিস ও পানি দিয়ে বায়ু যে জায়গা দখল করে এই পরীক্ষাটি সহজেই করা যায়। একটি সিসের মাথায় বেলুন বেঁধে এবং অপরটির মুখ খোলা অবস্থায় বোতলের ভেতরে ঢুকিয়ে বোতলটি ওপর করলে যে পরিমাণ পানি বের হবে, সেই পরিমাণ বাতাস বেলুনের ভেতরে জায়গা দখল করে। ষষ্ঠ শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ে বায়ু অধ্যায়ে এটি রয়েছে। একটি বোতল, বলপয়েন্ট কলমের চারটি সিস, পানি ও সুতা দিয়ে আনায়াসে নিউটনের তৃতীয় সূত্র, অর্থাৎ ‘প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে’—এই পরীক্ষাটি করা যায়। নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ে গতি অধ্যায়ে পরীক্ষাটি রয়েছে। বোতলে পানি ঢাললে এর গায়ে লাগানো সিস দিয়ে যে পাশে পানি পড়ে তার বিপরীত দিকে বোতলটি ঘুরতে শুরু করবে। একটি মোমবাতি ও সুতায় বাঁধা কয়েল আকৃতির মোটা কাগজ দিয়ে বায়োবীয় মাধ্যমে তাপের পরিচালন পরীক্ষা করা যায়। পরীক্ষাটি অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ে রয়েছে। মোমবাতি জ্বেলে তার ওপরে কাগজটি উঁচু করে ধরলে এই সূত্রে কাগজটি ঘুরতে থাকবে।