
ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন আয়ারল্যান্ডে। মাসখানেক আগে এই আয়ারল্যান্ডই দেখে এলাম। গত মাসে যখন যুক্তরাজ্যের ভিসা পেলাম, তখনই আবেদন সেনজেন ভিসার জন্য। কারণ দালানকোঠার সৌন্দর্যের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যের কোনো দেশে যেতে পারলে ভালোই তো হয়। এ কারণে ঠিক হলো আয়ারল্যান্ড যাওয়ার।
যুক্তরাজ্যে না গিয়েও সরাসরি যাওয়া যায় সুন্দর ছোট্ট দেশ আয়ারল্যান্ডে। যা হোক, আমাদের আরও পরিকল্পনা থাকায় আমরা দুটি ভিসাই নিলাম। লন্ডনে কয়েক দিন থেকে গেলাম আয়ারল্যান্ডে। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের কাছেই বেলফাস্ট শহর। এখান থেকে সাড়ে তিন ঘণ্টার রাস্তা লিমরিক, আয়ারল্যান্ডের ছোট্ট একটা শহর।
লিমরিকে বিনা নোটিশে সারা বেলা বৃষ্টি হয়, মন চাইলে রোদও ওঠে মাঝেমধ্যে। ঠান্ডা বাতাস বেরসিকের মতো শরীরে কাঁপুনি দেয়। লিমরিকের এক অংশে আছে আটলান্টিকের বিশালতা, আরেক অংশে দিগন্তবিস্তৃত পাহাড়। ভেড়ার খামার আর সরিষার খেত প্রকৃতিজুড়ে। সবুজের যেন শেষ নেই এই লিমরিক শহরে। রাস্তার পাশে টিউলিপের বাগান আইরিশ শহরের অন্যতম আকর্ষণ।

একদিন দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়লাম ক্লিফ অব মোহের দেখার উদ্দেশ্যে। বিশাল সাদা পাহাড়ের অংশ বুক উঁচিয়ে আটলান্টিকের ওপর দাঁড়িয়ে আছে। নিচে অসংখ্য সাদা শঙ্খচিল উড়ে বেড়াচ্ছে। আহ্ আমি যে পাহাড়ের ওপর, আর পাখি যে নিচে উড়ছে, এটা ভেবেই আমি আত্মহারা।
শুধু কি ক্লিফ অব মোহের? আয়ারল্যান্ডের অন্যতম আকর্ষণ রিং অব কেরি। এটা একটা পাহাড়ি রাস্তা। যার একপাশে আটলান্টিক, অন্যদিকে মালভূমি। রিং অব কেরি মূলত শুরু হয় গ্যাপ অব ডানলোর পর থেকে। গ্যাপ অব ডানলো হলো দুই পাহাড়ের মাঝখানে বিরাট এক হ্রদ। এর পরের যে আঁকাবাঁকা পথ, সেটা পাহাড় ঘুরে ঘুরে উঠে গেছে। প্যাঁচানো এই পথের নামই ‘রিং অব কেরি।’
রিং অব কেরির পথ যখন আমাদের পাহাড়ের ওপরের দিকে নিয়ে যাচ্ছিল, তখন মনে হচ্ছিল পৃথিবীর বুকে এত সুন্দর জায়গা আছে! ঝিরিঝিরি ঠান্ডা বাতাস আর হলুদ বুনো ফুলের গন্ধে পাহাড়েই থেকে যাওয়ার এক প্রবল ইচ্ছা জাগল। পথের পাশে কোথাও দেখা যায় ঝরনা, আবার কোথাও নীল জলের হ্রদ। পাশে কালো আর লাল পাহাড়। সেই ঝরনার পাশে কিছু পরিবার তাঁবু গেড়ে বার-বি-কিউ করছে। উঁচু পাহাড়ের চূড়ায় উঠলে দেখা যায় গোটা রিং অব কেরির এক অংশ।
পাহাড়ের চূড়া থেকে যখন নিচে নামা শুরু করলাম, দেখতে পেলাম আইরিশ ঐতিহ্যবাহী বাড়ি, পেছনে পাহাড়, সামনে ঝরনা। এরপর শুরু হয় বন। আর বনের বুক চিরেই রাস্তা। হঠাৎ দেখলাম একঝাঁক হরিণ রাস্তা পার হচ্ছে। এই পথ দিয়ে গেলে হরিণের দেখা পাওয়া যায়। ভাগ্য খারাপ ছবি তুলতে পারিনি হরিণের।
যাত্রা এখানেই শেষ না। কারণ রিং অব কেরির বাকি অংশ পড়েছে আটলান্টিকের পাশে। সবুজ গ্রাম, মাঠে সাদা ভেড়ার পাল আমাকে রিং অব কেরির আরেকটা সৌন্দর্যে নিয়ে গেল। পাহাড়ের সরু আঁকাবাঁকা পথ, পাশে বিশাল খাদ, নিচে তাকালে নীল সাগর। কিছুদূর যেতে চোখে পড়ল সবুজ পাহাড়ের ওপর সাদা রঙের বাড়ি, আর সেই বাড়ির মুখ সাগরের দিকে। বারান্দায় বসে এক কাপ চা হাতে জীবনের অর্ধেক সময়ই যেন পার করা যাবে।

যেভাবে যাবেন
লন্ডন থেকে বেলফাস্ট বেশি দূরের না। দেড় ঘণ্টার ফ্লাইটে খুব অল্প টাকায় বেলফাস্ট চলে যেতে পারবেন বাজেট এয়ারে। বেলফাস্ট থেকে সাড়ে তিন ঘণ্টার গাড়ি চালিয়ে আয়ারল্যান্ডের শহর লিমরিক যেতে পারেন। ডাবলিনে বিশ্রাম নিতে পারেন খাবার আর শহর ঘোরার জন্য। যাঁরা লন্ডন থেকে যেতে চান না, তাঁরা সরাসরি আয়ারল্যান্ড চলে যেতে পারেন। বাংলাদেশে অনেক এজেন্সি আছে, যারা বিভিন্ন খরচে আয়ারল্যান্ড ভ্রমণের ব্যবস্থা করে দিতে পারে।