দার্জিলিংয়ের বৃষ্টিকন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

একটা নিরুপদ্রব বিকেলের জন্য খুব করে প্রার্থনা করেছিলাম। এত অল্প সময় নিয়ে বেড়াতে আসা কত বড় ভুল হয়েছে, তা প্রমাণ করতেই যেন দুপুর থেকে দার্জিলিংয়ের আকাশ অঝোরে কেঁদে চলেছে! বিরামহীন কান্না মন খারাপের অনুষঙ্গ হয়ে টুপটাপ করে ঝরে পড়ছে গাছের পাতায়, উঁচু পাহাড়ে কিংবা পাথরের গায়ে। বিকেলেও যদি আকাশের মন ভালো না হয়, তবে দিনটাই ভেস্তে যাবে। পাহাড়ের বুকে আলপিনের মতো দাঁড়িয়ে থাকা হোটেলের লবিতে বসে মেঘ যাপন করছি। পেঁজা তুলার মতো মেঘেরা ইতস্তত ছোটাছুটি করছে। যেন জরুরি কোনো চিঠি নিয়ে প্রাপককে খুঁজে বেড়াচ্ছে! মেঘপিয়নের সঙ্গে সখ্য করতে পারলে বেশ হতো। মেঘের ঝাঁপি থেকে টুক করে একটা চিঠি তুলে নিয়ে পড়তে পারতাম। কী লেখা আছে তাতে? আমার মনের বাসনার সঙ্গে কোনো সাযুজ্য থাকলেও তো থাকতে পারে!
আমার আশঙ্কার বিপরীতে সূর্যের তেজ কমতেই দার্জিলিংয়ের আকাশ মুচকি হেসে ওঠে। আকাশের সঙ্গে তাল মিলিয়ে একেক রঙের আলো নিজের গায়ে জড়িয়ে নেয় প্রকৃতির একেকটা উপকরণ। তাতে হঠাৎ করেই চেনা পাহাড়, স্থির পাথর আর লতা-গুল্ম-বৃক্ষরা রংতুলির নিখুঁত কারুকাজে অপার্থিব হয়ে ওঠে। সেই সব ছুঁয়ে দেখার তাড়নায় তড়িঘড়ি বের হয়ে পড়ি। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। পঞ্চাশোর্ধ্ব চালকের নাম শানু। তার তাড়া আমার চেয়ে কম নয়। দিনের আলো মিলিয়ে যাওয়ার আগেই আমাকে ঘুরিয়ে আনার দায়িত্ব পালনে যথেষ্ট সচেতন। আঁকাবাঁকা রাস্তা কোথাও বহুদূর পর্যন্ত নিচে নেমে গেছে, কোথাও আবার হুট করেই খাড়া হয়ে উঠে গেছে অনেক উঁচুতে। অনভ্যস্ততার কারণেই হয়তো এ পথে চলতে বেশ অস্বস্তি বোধ হচ্ছিল। তা দূর করতে শানুর সঙ্গে আলাপ জুড়ে দিই।
—আমার অনেক দিনের ইচ্ছা, মেঘকে একটা কৌটায় ভরে ঘরের এক কোণে সাজিয়ে রাখব। ইচ্ছে হলে ছুঁয়ে দেখব, গল্প করব...
—আপনি তো কবিদের মতো কথা বলছেন!
—দার্জিলিংয়ে এসে কেউ কি আর সাধারণ থাকে! প্রকৃতি তা থাকতে দেয় না। সমরেশ, নচিকেতা কিংবা অঞ্জন দত্তকে জিজ্ঞেস করে দেখুন। তঁাদের সৃষ্টিতেও আছে এই শহর।
—ভালো বলেছেন।
—আচ্ছা, আপনি কি আমাকে জনশূন্য কোনো চা-বাগানে রেখে আসতে পারবেন?
—আপনি চাইলে রেখে আসব। কিন্তু আমার দায়িত্ব তো আপনাকে হোটেল অবধি পৌঁছে দেওয়া।
—সে না হয় আমি খুঁজে নেব। তার আগে কিছু সময়ের জন্য চা-বাগানে হারিয়ে যাব। চায়ের পাতার ওপর দীর্ঘদিনের জমানো একটা অভিমান আছে। নিভৃতে তাদের সে কথা জানাব।
শানু আমাকে সত্যিই একটা চা-বাগানে রেখে আসে। ঠিক যেন সবুজ চাদর! চা-বাগানের একটা অসুবিধা আছে, নিজেকে আড়াল করা যায় না। দূর থেকেও মানুষের চোখে পড়তে হয়। আকাশ দ্রুত ঔজ্জ্বল্য হারাচ্ছে। খুচরো মেঘের আনাগোনা বাড়ছে। এখন বৃষ্টি নামলে সত্যিই বড় বিপদে পড়ে যাব। কিছুটা দূরেই একটা টংদোকান চোখে পড়ে। ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হতেই দৌড়ে সেদিকে যেতে উদ্যত হই। হঠাৎ পেছন থেকে একটা শব্দ ভেসে আসে, সঙ্গে অচেনা কারও ইশারা। ছাতা নিয়ে সরু গাছের নিচে দাঁড়ানো মেয়েটা তার দিকে ডাকছে। আগেপিছে না ভেবে সেদিকে ভোঁ–দৌড় দিই। বৃষ্টির কবল থেকে বাঁচতে শৈশব-কৈশোরে যেভাবে দৌড়েছি। আমার কর্মকাণ্ডে মেয়েটা মজা পাচ্ছে বলে মনে হয়। তার মুখের বিস্তৃত হাসি সে কথাই জানিয়ে দিচ্ছে। বৃষ্টির ফোঁটা ক্রমশ বড় হচ্ছে। কী অদ্ভুত! ভিজে যাচ্ছি, তবু দৌড়াতে ভালো লাগছে। মন চাইছে না দ্রুত তার কাছে পৌঁছে যাই। এই সুদূরে আমার জন্য ছাতা নিয়ে কোনো বৃষ্টিকন্যা অপেক্ষা করছে—এ দৃশ্য হারিয়ে ফেলার ক্ষমতা এটুকুর মধ্যে কখন যেন হারিয়ে ফেলেছি!
সোহেল নওরোজ
বাংলাদেশ ব্যাংক, খুলনা।