দালালের মাধ্যমে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা!
কক্সবাজারের উখিয়া উপজেলার সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীর অনুপ্রবেশ অব্যাহত আছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, একশ্রেণীর দালালের সহায়তায় রোহিঙ্গারা নির্বিঘ্নে সীমান্ত অতিক্রম করে এ দেশে ঢুকছে।মিয়ানমারের সীমান্তে অবস্থিত উখিয়ার তুমব্রু গ্রামের বাসিন্দা মো. শাহজাহান জানান, সীমান্ত এলাকায় বসবাসকারী দেশীয় চিহ্নিত কিছু দালালের সহায়তায় মিয়ানমার থেকে দলে দলে রোহিঙ্গারা দেশে প্রবেশ করছে। ওই সব দালাল রোহিঙ্গাদের সীমান্ত পার করে উখিয়া থেকে দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে দিচ্ছে। এদিকে, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সূত্রে জানা যায়, ১৭ সেপ্টেম্বর বিকেলে তুমব্রু ও ঘুমধুম সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ১২ জন রোহিঙ্গাকে বিজিবি সদস্যরা আটক করে। এর আগে ১৫ সেপ্টেম্বর সকালে বালুখালী, পালংখালী ও তুমব্রু এলাকার সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ১৩ জন রোহিঙ্গাকে আটক করে বিজিবি সদস্যরা। ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীপক বড়ুয়া এ প্রসঙ্গে বলেন, ‘সীমান্তবর্তী ১০ থেকে ১৫ জন চিহ্নিত দালাল মিয়ানমার থেকে টাকার বিনিময়ে রোহিঙ্গাদের বাংলাদেশে পার করে দেশের বিভিন্ন স্থানে নিরাপদে চলে যাওয়ার এবং পাহাড়ি এলাকায় ঝুপড়িঘর তৈরি করে বসতি গড়ে তোলার সুযোগ করে দিচ্ছে।’বিজিবির ১৭-ব্যাটালিয়নের অধিনায়ক খালেকুজ্জামান জানান, চলতি মাসে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ২৩৯ জন রোহিঙ্গাকে আটক করার পর মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি। দালালের মাধ্যমে রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি খতিয়ে দেখা হবে।