দায় নিতে চায় না কেউ
চট্টগ্রামের সড়কগুলোর বেহাল অবস্থার দায় নিতে রাজি নয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) কিংবা চট্টগ্রাম সিটি করপোরেশন। চউকের প্রকৌশলীরা বলেছেন, তাঁরা ভালো সড়কই তৈরি করেছেন। কিন্তু পরবর্তী সময়ে নিয়মিত মেরামত ও সংস্কার না হওয়ায় সড়কগুলো টিকছে না। সিটি করপোরেশনের প্রকৌশলীদের দাবি, চউক যেসব সড়ক সিটি করপোরেশনকে হস্তান্তর করে, সেগুলোর গোড়াতেই গলদ থাকে। ফলে এগুলো কেবল সংস্কার নয়, নতুন প্রকল্প নিয়ে কাজ করতে হয়। চউকের প্রধান প্রকৌশলী ইকবাল হোসেন মজুমদার প্রথম আলোকে বলেন, ‘আমরা বরাবরই সঠিক নিয়ম মেনে সড়ক নির্মাণ করি। সিরাজদ্দৌলা সড়কসহ সাম্প্রতিক সময়ের বিভিন্ন সড়কের উন্নয়ন ও সংস্কারকাজ দেখলেই তা বোঝা যাবে। কিন্তু সড়কগুলো ভালো রাখতে হলে নিয়মিত সংস্কার ও মেরামত কাজ করা দরকার। এ কাজটি করে সিটি করপোরেশন। তারা সে জায়গা থেকে সরে গেছে। প্রতিটি সড়কেরই নিয়মিত সংস্কার দরকার। তা না হলে সড়কের কোনো অংশে পানি ঢুকলে তা আশপাশের সড়কও নষ্ট করে।’ কালুরঘাট সড়ক নষ্ট হওয়া সম্পর্কে তিনি বলেন, এ সড়ক দিয়ে সব সময় ভারী যানবাহন চলাচল করে। কাজেই নিয়মিত সংস্কার না করলে এ সড়ক টিকবে না। তিনি বলেন, সিটি করপোরেশন সম্প্রতি সারা শহরে সড়কের যে কার্পেটিং করেছে, তাতে সড়ক আরেক দফা খারাপ হয়েছে। এর আগে বরং সড়কগুলো যানচলাচলের উপযোগী ছিল। তবে সড়ক নষ্ট হওয়ার পেছনে তিনি ওয়াসাকেও দায়ী করেন। সিটি করপোরেশনের প্রকৌশলীরা বলেন, যে নিয়মনীতি মেনে সড়ক তৈরি করা দরকার, তা মানে না চউক। ফলে একটি সড়ক তৈরির এক বছর কিংবা তারও কম সময়ের মধ্যে সেটি নষ্ট হয়ে যায়। সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসাইন বলেন, গত কয়েক বছরে চউকের তৈরি করা সড়কগুলোর অবস্থা এতই খারাপ হয়ে পড়েছে যে এবারের বর্ষায় কার্পেটিং উঠে কংকর পর্যন্ত উঠে গেছে। কোথাও কোথাও সড়কের তলার ইটও দেখা যাচ্ছে। বেশির ভাগ সড়কে যে প্রশস্ত ড্রেন থাকা দরকার তা নেই। একই ধরনের মতামত দিয়েছেন সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মনিরুল হুদা। তিনি বলেন, ‘নগরের সড়কগুলোতে কঙ্করের ঢালাই (ম্যাকাডাম) ন্যূনতম তিন ফুট হওয়া দরকার। চউকের সড়কগুলোর অবস্থা পর্যবেক্ষণ করলে দেখা যায়, এগুলো এলজিআরডির নীতিমালা মেনে তৈরি করা হয়েছে। এতে হয়তো অর্থের সাশ্রয় হবে। কিন্তু সামগ্রিক চিন্তায় তা আমাদের জন্য ক্ষতিই হয়েছে।’