চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভারের গার্ডার ধসে ১৬ জন নিহত হওয়ার ঘটনায় পুলিশ দায়সারা অভিযোগপত্র দিয়েছে বলে অভিযোগ রাষ্ট্রপক্ষের কৌঁসুলির। এতে ফ্লাইওভার নির্মাণের তদারকির সঙ্গে যুক্ত মূল কর্মকর্তারা কর্তব্যে অবহেলার অভিযোগ থেকে রেহাই পেলেন।
আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ অভিযোগপত্রের ভিত্তিতে ১৮ জুন আদালত আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, অভিযোগপত্রটি আদালতে জমা দেওয়ার আগে নিয়ম অনুযায়ী পিপির মতামত নেননি তদন্ত কর্মকর্তা। এমনকি অভিযোগপত্রে কোনো ত্রুটি আছে কি না, আদালতে উপস্থাপনের আগে খতিয়ে দেখেনি পুলিশের প্রসিকিউশন শাখাও। এর ফলে অনাপত্তি দেওয়ার সুযোগ ছিল না। তিনি জানান, মহানগর হাকিম আদালত অভিযোগপত্র গ্রহণ করে বিচারের জন্য পাঠান মহানগর দায়রা জজ আদালতে। দায়রা জজ আদালতে অভিযোগপত্র পাঠানো হলে মূল হোতাদের বাদ দেওয়ার বিষয়টি রাষ্ট্রপক্ষের আইনজীবীদের নজরে আসে। পরে অধিকতর তদন্তের আবেদন করা হলেও খারিজ করে দেন আদালত।
একই কথা বলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুর রশিদ। তিনি বলেন, জনগুরুত্বপূর্ণ মামলাটির অভিযোগপত্র দেওয়ার আগে রাষ্ট্রপক্ষের মতামত নিলে ভালো হতো।
২০১২ সালের ২৪ নভেম্বর নগরের বহদ্দারহাটে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নির্মাণাধীন ফ্লাইওভারের ১২ ও ১৩ নম্বর গার্ডার ধসে ১৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বাদী হয়ে ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গত বছরের ২৪ অক্টোবর চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন আদালতে। গত ২২ ডিসেম্বর আদালত অভিযোগপত্র গ্রহণ করে বিচারের জন্য পাঠান মহানগর দায়রা জজ আদালতে। ৩ জুন নারাজি আবেদন করে অধিকতর তদন্তের আবেদন করেন মহানগর কৌঁসুলি। ১৮ জুন নারাজি আবেদন খারিজ করে আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত।
নারাজি আবেদন খারিজ হওয়ায় রাষ্ট্রপক্ষ অসন্তুষ্ট হয়েছে উল্লেখ করে ফখরুদ্দিন চৌধুরী বলেন, তদন্তকারী কর্মকর্তা গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করলে এজাহারে থাকা বাকি আসামিরা অব্যাহতি পেতেন না। ফ্লাইওভারটি নির্মাণকালে পরামর্শক প্রতিষ্ঠান, ঠিকাদার, তদারক কাজে নিয়োজিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা সতর্কতা অবলম্বন করলে এত লোকের জীবন বিপন্ন হতো না। প্রকল্প বাস্তবায়নকালে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হলে এ দুর্ঘটনা ঘটত না। দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহেলার কারণে এ দুর্ঘটনা।
পুলিশ প্রবিধান অনুযায়ী, অভিযোগপত্র পাওয়ার পর কোর্ট অফিসার সাক্ষীর স্মরকলিপি, প্রাথমিক তথ্য বিবরণী এবং নথি পড়ে মামলার সংক্ষিপ্ত সার তৈরি করবেন। যদি তদন্ত প্রতিবেদনে কোনো ত্রুটি-বিচ্যুতি দেখতে পান, তদন্তকারী কর্মকর্তাকে অবহিত করে চিঠি দেবেন।
জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ রেজাউল মাসুদ বলেন, ‘যেসব মামলায় ত্রুটি-বিচ্যুতি দেখতে পাই, আমরা তদন্তকারী কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করি। ফ্লাইওভার ধসের মামলাটির অভিযোগপত্র নজরে আসেনি।’
সদ্যবিদায়ী চট্টগ্রাম মহানগর পিপি কামাল উদ্দিন আহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘আলোচিত এ মামলার অভিযোগপত্র দাখিল করার আগে রাষ্ট্রপক্ষের কৌঁসুলির মতামত নেওয়ার নিয়ম থাকলেও তদন্তকারী কর্মকর্তা আমার কোনো মতামত নেয়নি।’
তদন্তকারী কর্মকর্তা যা বলেন: তদন্তকারী কর্মকর্তা নগরের চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) এস এম শহীদুল ইসলাম বলেন, ‘তদন্তে যাঁদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া গেছে, তাঁদের আসামি করা হয়েছে। তদন্তে কোনো ত্রুটি নেই।’
যাদের আসামি করা হয়েছে: অভিযোগপত্রে ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার অ্যান্ড পারিশা ট্রেড সিস্টেমসের তৎকালীন ব্যবস্থাপক গিয়াস উদ্দিন, একই প্রতিষ্ঠানের মনজুরুল ইসলাম, আবদুল জলিল, আমিনুর রহমান, আবদুল হাই, মোশাররফ হোসেন, শাহজাহান আলী ও রফিকুল ইসলামকে আসামি করা হয়।
যাঁদের বাদ দেওয়া হয়েছে: এজাহারে থাকা আসামি প্রকল্প পরিচালক এ এ এম হাবিবুর রহমান, আবদুর রাজ্জাক, এম এ মতিন, তানজিব হোসেন, সালাউদ্দিন আহমেদ চৌধুরী, হোসাইন আহমেদ, শাহ জাহান, আবদুল হান্নান, আবছার হোসেন, মোস্তাফিজুর রহমান, বাবুল কুমার বিশ্বাস, অরুণ কুমার বিশ্বাস, আবদুল খালেক মিয়া, বায়েজীদ মীর কামাল, মেজবাহুল কবির, সাইদুর রহমান, সোহেল হাছান, তৌহিদুর রহমান ও তারেক মাহমুদ। এ ছাড়া এ ঘটনায় যাদব চন্দ্র শীল নামের এক মানবাধিকারকর্মী আদালতে বাদী হয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান আবদুস ছালামকে আসামি করে আদালতে মামলা দায়ের করেছিলেন।