দায়সারা তদন্ত: পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা যেকোনো মামলায় আসামির জবানবন্দি নিজ হাতে নথিভুক্ত করবেন। অভিযোগপত্রও লিখবেন নিজ হাতে, যা মামলার নথিপত্র (কেইস ডায়েরি বা সিডি বলে পরিচিত)। এর ব্যতিক্রম আইনের বরখেলাপ। নগরের চান্দগাঁও থানায় করা এ রকম একটি মামলার নথিপত্র নজরে আসে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমানের। যথাযথভাবে ঘটনার বর্ণনাগুলো নথিভুক্ত না করায় হাকিম এই মামলা থেকে আসামিকে অব্যাহতি দেন। আইন না মেনে অন্যের হাতে নথিপত্র লেখানোর কারণে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত। আদেশের চুম্বক অংশ তুলে ধরা হলো। অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য আছে। আসামি মো. ইকবাল হোসেন হাজিরা দিয়েছেন। নথি অভিযোগ গঠনের শুনানির জন্য নেওয়া হলো। উভয়পক্ষের বক্তব্য শুনলাম। এজাহার, প্রতিবেদন ও ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারায় যে তিনজন সাক্ষীর জবানবন্দি নথিভুক্ত করা হয়েছে তাঁদের বক্তব্য গভীরভাবে পর্যালোচনা করা হলো। আসামি ইকবালসহ তাঁর সহযোগী ১০/১২ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগ এজাহারভুক্ত ইকবালের বিরুদ্ধে সুনির্দিষ্ট নয়। এ ছাড়া নথিভুক্ত জবানবন্দিগুলো প্রায় হুবহু একই রকম। একই ঘটনার ব্যাপারে বক্তব্য দিলে দুই বা তিনজন কিংবা আরও অধিকসংখ্যক ব্যক্তির বক্তব্য হুবহু একই রকম হওয়ার কথা নয়। এটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। কাজেই তদন্তকারী কর্মকর্তার নেওয়া জবানবন্দি অনেকটা ‘সাজানো’ মনে হয়েছে। আরেকটি বিষয় উল্লেখ্য যে, অভিযোগপত্রের হাতের লেখার সঙ্গে তদন্ত কর্মকর্তা তথা অভিযোগপত্র দাখিলকারী পুলিশ কর্মকর্তা মো. নুরুল ইসলাম মঞ্জুর সইয়ের লেখার মিল নেই বলে মনে হয়েছে। এ ছাড়া জবানবন্দির বক্তব্যের হাতের লেখার সঙ্গেও মঞ্জুর সইয়ের হাতের লেখার মধ্যে অমিল দেখা গেছে। এই পরিপ্রেক্ষিতে ধারণা করা যায় যে, তদন্ত কর্মকর্তা নিজ হাতে জবানবন্দিগুলো নথিভুক্ত করেননি। এর ফলে তদন্ত কাজে ত্রুটি এবং অবহেলা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। এটা তদন্ত কর্মকর্তা মামলার নথি (সিডি) নিজ হাতে না লেখার প্রমাণ। এ বিষয়টি উদ্বেগজনকও বটে। সার্বিক বিবেচনায় আনীত অভিযোগ ভিত্তিহীন প্রতীয়মান হওয়ায় আসামিকে এই মামলার দায় হতে অব্যাহতি দেওয়া হলো। আর তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।