দায়সারাভাবে শেষ হলো বোয়ালখালীর বৃক্ষমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়সারা আয়োজনের কারণে সীমিত দর্শক-ক্রেতার উপস্থিতির মধ্য দিয়ে শেষ হলো বোয়ালখালীতে আয়োজিত তিন দিনব্যাপী ফলদ, বনজ, ঔষধি ও প্রযুক্তি মেলা। উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মেলার আয়োজন করে। মেলা পরিদর্শনে দেখা যায়, মেলায় স্টল বসেছিল ২২টি। এর মধ্যে এক নার্সারির মালিকই একাধিক স্টল সাজিয়েছেন। জলিল ভান্ডার নার্সারির মো. ফরিদ বলেন, ‘মেলায় তিনটি স্টল সাজিয়েও বেচাকেনা ভালো হয়নি। প্রচারের অভাব ও রমজান মাস সামনে রেখে মেলার আয়োজন করায় ক্রেতা-দর্শক উপস্থিতি কম ছিল।’ স্বাস্থ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদসহ কয়েকটি সরকারি বিভাগের স্টল দেখা গেলেও সেগুলোর কার্যক্রম তেমন চোখে পড়েনি। অংশগ্রহণকারী কয়েকজন নার্সারি-মালিক বলেন, মেলার আয়োজকেরা মেলা উদ্বোধন করেই যেন দায় সেরেছেন। উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের মধ্যে সমন্বয়হীনতার কারণে মেলা তেমন জমেনি বলে জানান এক অংশগ্রহণকারী। উপজেলা কৃষি কর্মকর্তা এনায়েত-ই-রাব্বী বলেন, ‘বৃক্ষমেলা আয়োজনের জন্য ২০০৩ সালে যে বরাদ্দ ছিল, এখনো তা-ই রয়েছে। তাই ইচ্ছে থাকলেও বেশি কিছু করা যায় না।’ বৃষ্টির জন্য সরকারি স্টলগুলোতে সাময়িকভাবে কার্যক্রম স্থগিত ছিল বলে তিনি জানান। তবে এসব অব্যবস্থাপনার মধ্যেও সবার দৃষ্টি কেড়েছে মাশরুম চাষি সাইয়্যেদ মো. আলীর নতুন প্রযুক্তির চুলা। জ্বালানি ও খড়ি ছাড়াই দুই ঘণ্টা জ্বলবে এই চুলা। তন্দুরের মতো এই চুলার উচ্চতা ১৬ ইঞ্চি ও ব্যাস ১২ ইঞ্চি। মো. আলী বলেন, একটি কয়েল দিয়ে দুই ঘণ্টা জ্বলবে এ চুলা। দাম সাড়ে ৫০০ টাকা। কয়েলের দাম ২০ টাকা। গত ৩১ জুলাই মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম-৭ আসনের সাংসদ মঈন উদ্দিন খান বাদল। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতা নুরুল আলম, রেজাউল করিম, দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক কৃষ্ণপদ সাহা, কৃষি কর্মকর্তা এনায়েত-ই-রাব্বী, জাসদের নেতা মনছপ আলী, মনির খান, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বশর, চাষী মোহাম্মদ আলী। ২ আগস্ট সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বদরুচ মেহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলসাদ বেগম, নারী ভাইস চেয়ারম্যান সাহিদা আকতার প্রমুখ।