নারায়ণগঞ্জে পেট্রলবোমাসহ হাতেনাতে দুই যুবককে গ্রেপ্তার করেন ফরিদা খানম। টগর নামে পরিচিত পুলিশের এই উপপরিদর্শক সাহসিকতার জন্য পেয়েছেন পুরস্কারও

আপনি কীভাবে বুঝলেন যুবকদের কাছে পেট্রলবোমা আছে?
১১ ফেব্রুয়ারি রাতে পাঁচজন কনস্টেবল নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে ডিউটি করছিলাম। চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিলাম বিভিন্ন যানবাহন ও মোটরসাইকেলে। রাত সোয়া ১০টার দিকে মোটরসাইকেল আরোহী দুই যুবক পুলিশের সিগন্যাল দেখেও না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই আমার সন্দেহ হয়। তাদের থামতে বলি। তারা পালাতে উদ্যত হয়। এদের মধ্যে একজন তার হাতে থাকা একটি শপিং ব্যাগ ছুড়ে মারে পাশের ডোবায়। পালিয়ে যাওয়ার সময় দৌড় গিয়ে ওই দুই যুবককে গ্রেপ্তার করি আমি। একজনের হাতে থাকা শপিং ব্যাগে পাওয়া যায় একটি পেট্রলবোমা। তাদের নাম রফিক ও গাজী।
তারপর কী হলো?
প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুবকেরা জানায়, তাদের দুটি পেট্রলবোমা দেওয়া হয়েছে লিংক রোডে যাত্রীবাহী বাস ও পুলিশের ওপর নিক্ষেপ করে জানমালের ক্ষতিসহ জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাই আমি। রাত সাড়ে তিনটায় গ্রেপ্তারকৃত ব্যক্তিদের স্বীকারোক্তি অনুযায়ী নাশকতার মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করা হয় নগরের মিশনপাড়া থেকে। গ্রেপ্তারকৃত দুই যুবক স্বীকার করেছে, তাদের কাছে থাকা দুটি শপিং ব্যাগেই পেট্রলবোমা ছিল।
আপনি পুলিশ বাহিনীতে যোগ দিয়েছেন কবে?
১৯৯৯ সালের ১ আগস্ট আমি পুলিশ বাহিনীতে যোগ দিই। এ পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেছি। কাজ করেছি জাতিসংঘের শান্তি মিশনে, হাইতিতে। আগামী দিনেও আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই আমি।
পুরস্কারপ্রাপ্তির পর অনুভূতি...
ঘটনার পরদিন ১২ ফেব্রুয়ারি সকালে নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদউদ্দিন তাঁর কার্যালয়ে ডেকে সাহসিকতার জন্য আমাকে নগদ ১০ হাজার টাকা পুরস্কার দেন। পরে ১৪ ফেব্রুয়ারি পুলিশ সদর দপ্তর থেকেও আমাকে ‘নাশকতাকারীদের আটক করায় বীরত্বের সম্মানস্বরূপ’ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক আমার হাতে তুলে দিয়েছেন এ পুরস্কার। পুরস্কারপ্রাপ্তি নিয়ে কী বলব, আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র।