দিতে হবে সঠিক তথ্য

‘আমার যখন বিয়া হয়, বয়স তখন ১৪ বছর। এক বছর না যাইতেই আমার মাইয়্যা হয়। কিন্তু সে এত রোগা হইছিল যে দুই দিন পরই মইরা যায়। ডাক্তার কইছে, মাইয়্যা আমার অপুষ্টিতে ভুগতাছিল, হের লাইগ্যা মইরা গেছে। আসলে মাইয়্যা যখন পেডে আছিল, তখন তো কিছু বুঝতাম না। কী খাইতে হইব, কী করণ লাগব কিছুই বুঝি নাই।’ কথাগুলো বলছিল রাজধানীর কমলাপুর বস্তির বাসিন্দা ফরিদা বেগম (১৬)। এত কম বয়সে কেন তাকে বিয়ে দেওয়া হয়েছে এবং কেন সে জন্মনিয়ন্ত্রণের পদ্ধতি বেছে নেয়নি, তা জানতে চাইলে ফরিদা বলে, ‘কী করুম, বাবা-মায়ে বিয়া দিছে। আর আমি তো জন্মনিয়ন্ত্রণের পদ্ধতির কথা কিছু জানি না। কেউ আমারে কোনো দিন কিছু কয় নাই।’
ফরিদার বাবা মো. আলী রিকশা চালান। তাঁর কাছে জানতে চাই মেয়েকে কেন এত তাড়াতাড়ি বিয়ে দিলেন। তিনি বলেন, মেয়ে যথেষ্ট বড় হয়েছে তাই বিয়ে দিয়েছেন। বাল্যবিবাহের কুফল সম্পর্কে তিনি জানেন কি না জানতে চাইলে বলেন, ‘কত মাইয়্যারই তো অল্প বয়সে বিয়া হয়, কই তাগো তো কোনো অসুবিধা হয় নাই।’
বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারের ছাত্র পাভেল (ছদ্মনাম) বলেন, ‘কিশোর বয়সে যখন স্বপ্নদোষ হতো তখন ভয় পেতাম। ভাবতাম, কঠিন কোনো ব্যাধি হয়েছে বুঝি। লাজুক ছিলাম, কাউকে বলতে পারতাম না। মন খারাপ লাগত।’ এই তরুণ বেড়ে উঠেছেন শিক্ষিত মধ্যবিত্ত পরিবারে। তার পরও তিনি কথাগুলো কাউকে বলতে পারেননি।
ফরিদা ও পাভেলের মতো আমাদের দেশের এমন বহু কিশোর-কিশোরী ও তরুণ যৌন ও প্রজননস্বাস্থ্য সম্পর্কে অজ্ঞ। বহু কিশোর-কিশোরী তাদের বয়ঃসন্ধিকালের বিভিন্ন সমস্যা এবং প্রজননস্বাস্থ্য সম্পর্কে সচেতন নয়। এ নিয়ে কথা বলতেও তারা স্বাচ্ছন্দ্য বোধ করে না। যৌন ও প্রজননস্বাস্থ্য–সম্পর্কিত তথ্য তারা পরিপূর্ণভাবে জানে না। এই কিশোর-কিশোরীরা যখন যুব বয়সে পৌঁছাচ্ছে, তখন তারা বিভিন্ন সমস্যায় ঘুরপাক খাচ্ছে। এমনকি প্রাপ্তবয়স্কদের অনেকেই যৌন ও প্রজননস্বাস্থ্যের বিষয়গুলো সম্পর্কে অজ্ঞ। অজ্ঞতার কারণে তাঁরা নিজের সন্তানদের অল্প বয়সে বিয়ে দিচ্ছেন। ফরিদা ও তার বাবার কাছে প্রজননস্বাস্থ্য-সম্পর্কিত তথ্য ছিল না বলেই আজ ফরিদা সন্তানহারা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ১০ থেকে ১৯ বছরের মধ্যবর্তী বয়সটাকে বয়ঃসন্ধিকাল বা কৈশোরকাল বলে। এ সময়টাতে তাদের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে।
চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বয়ঃসন্ধিকালে কিশোর-কিশোরীদের মনে নানা প্রশ্ন জাগে। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ তৈরি হয়। মন-মেজাজ ঘন ঘন পরিবর্তন হয়। অল্পতেই রেগে যায়। স্বাধীন ও স্বনির্ভর হওয়ার ইচ্ছা জাগে, নিজেকে প্রাপ্তবয়স্ক ভাবে এবং অন্যদের কাছ থেকে সে ধরনের আচরণ প্রত্যাশা করে। না পেলে তাদের মধ্যে অপমান ও লজ্জাবোধ তৈরি হয়। আকাশ সংস্কৃতির প্রভাব, ইন্টারনেটে পর্নোগ্রাফির হাতছানি, প্রাপ্তবয়স্কদের উপযোগী ওয়েবসাইটে ঢুঁ মারা, মুঠোফোনে যৌন উত্তেজক কথা বলার সুযোগ কিশোর-কিশোরীদের জগৎকে ওলটপালট করে দিচ্ছে। তাই এই দলের কাছে সঠিক তথ্য না থাকলে বাল্যবিবাহ, অনাকাঙ্ক্ষিত সন্তান জন্ম দেওয়া বা অনিরাপদ যৌন সম্পর্কে তারা জড়িয়ে যাবে। কিন্তু এদের কাছে প্রজননস্বাস্থ্য সম্পর্কে সঠিক তথ্য থাকলে হয়তো তারা বিপথগামী কম হবে অথবা বিপদে পড়লেও করণীয়টা তাদের জানা থাকবে।
জনসংখ্যা বিশ্লেষক ও প্রজননস্বাস্থ্য নিয়ে যঁারা কাজ কেরন তাঁরা বলছেন, কৈশোরকালকে গুরুত্ব দিতে হবে। সরকারি ও বেসরকারিভাবে কিশোর-কিশোরী এবং যুবকদের পেছনে যথাযথ বিনিয়োগ করতে হবে। দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে মনোযোগই এদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পারে। বাল্যবিবাহের বিরুদ্ধে ব্যাপক প্রচারণা চালাতে হবে। এ ছাড়া পরিবারকেও এগিয়ে আসতে হবে। প্রজননস্বাস্থ্য নিয়ে সন্তানদের সঙ্গে কথা বলতে হবে। বাবা-মায়েরই দায়িত্ব কিশোর বয়সের সন্তানদের জড়তা ভাঙানো, তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। তবেই এ সমস্যার সমাধান সম্ভব।
দেশে সরকারি, বেসরকারি ও দাতাগোষ্ঠী পরিচালিত বিভিন্ন গবেষণায় কিশোর-কিশোরী বিশেষ করে কিশোরী-সংক্রান্ত পরিসংখ্যানগুলো ভয়াবহ। বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভের হিসাব বলছে, দেশে কৈশোর মাতৃত্বের হার ৩৩ শতাংশ। দুই দশক ধরেই এই হার অপরিবর্তিত আছে। বাংলাদেশ মাতৃস্বাস্থ্যসেবা জরিপে বলা হয়েছে, দেশে ১৫ থেকে ১৯ বছরের কিশোরীদের মধ্যে প্রজনন হার প্রতি এক হাজারে ১৩৫ জন, যা বিশ্বে সর্বোচ্চ। দেশে মেয়েদের গড় বিয়ের বয়স হচ্ছে ১৫ দশমিক ৮ বছর।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অ্যাডোলোসেন্ট অ্যান্ড রিপ্রোডাকটিভ হেলথ-বিষয়ক কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার চিকিৎসক শিমুল কলি হোসেন স্বীকার করেন, সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে কিশোর-কিশোরীদের জন্য আলাদা কর্নার তৈরি করে বিভিন্ন তথ্য জানানো ও স্বাস্থ্যসেবা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ এখনো বেশ খানিকটা পিছিয়ে আছে। এ পর্যন্ত জেলা ও ইউনিয়ন পর্যায়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের মাত্র ৩৮টিতে আলাদা কর্নারে কিশোর-কিশোরীদের সেবা দেওয়া হচ্ছে। এটি যথেষ্ট নয়। এ সেবার হার আরও বাড়াতে হবে।