
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় আয়োজিত ঐতিহ্যবাহী মক্কার বলীখেলায় এবারও যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজারের উখিয়ার শামসু ও রামুর দিদার বলী। গত বছরও তাঁরা এ মাঠে বলীখেলায় যুগ্ম চ্যাম্পিয়ন হন।
২০ এপ্রিল (৭ বৈশাখ) বিকেলে উপজেলার মাদার্শা ইউনিয়নের বাবুনগর গ্রামের পাহাড়বেষ্টিত মক্কার মাঠে অনুষ্ঠিত হয় খেলা। এবার ছিল এই বলীখেলার ১৩৬তম আসর। বিকেল চারটার দিকে ঢোলের তালে বলীরা নেচে নেচে মাঠে প্রবেশ করেন। এর কিছুক্ষণ পর শুরু হয় বলীখেলা। ততক্ষণে মাঠের চারদিক পরিপূর্ণ হয়ে গেছে দর্শকে।
মেলার আয়োজকেরা জানান, এবারের বলীখেলায় কক্সবাজারের টেকনাফ, রামু, উখিয়া, মহেশখালী, দক্ষিণ চট্টগ্রামের বঁাশখালী, লোহাগাড়া, সাতকানিয়া ও বান্দরবানের ৪২ জন বলী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন। গত বছরের যুগ্ম চ্যাম্পিয়ন উখিয়ার শামসু ও রামুর দিদার বলীই ছিলেন মূল আকর্ষণ।
তাঁদের মধ্যে প্রায় ২৫ মিনিট ধরে লড়াই চলে। কিন্তু লড়াইয়ে কেউ কাউকে হারাতে পারেননি। তাই খেলার আয়োজক কমিটি উভয় বলীকে এবারও যুগ্মভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করেছেন।
এদিকে বলীখেলা ঘিরে এক কিলোমিটারজুড়ে বসে মেলা। এতে গৃহস্থালির নানা পণ্য থেকে শুরু করে রকমারি খাবারের দোকান বসে।
বাবুনগর গ্রামের বাসিন্দা এলাকার শামসুল আলম (৭০) জানান, বলীখেলা উপলক্ষে এলাকার প্রতিটি পরিবারে বাড়তি আনন্দ দেখা দেয়। দূরের স্বজনেরা বেড়াতে আসেন। তা ছাড়া গ্রাম ছেড়ে যঁারা শহরে বসবাস করছেন, তারাও বলীখেলা দেখতে প্রতিবছর কয়েক দিনের জন্য গ্রামে আসেন।
বলীখেলায় কথা হয় বান্দর-বানের সুয়ালক থেকে আসা লু প্রু মারমা (৪২) ও আবুল হোসেনের (৪৫) সঙ্গে। তাঁরা বলেন, মনের টানে গত পাঁচ বছর ধরে মক্কারো বলীখেলা দেখতে সাতকানিয়ার বাবুনগর গ্রামে চলে আসি।
বলীখেলার আয়োজক কমিটির সভাপতি মাদার্শা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিমুল আলম চৌধুরী (৬০) বলেন, ‘১৩৫ বছর আগে আমার দাদা তৎকালীন জমিদার মো. আবদুল কাদের বক্স চৌধুরী এলাকার মানুষের চিত্তবিনোদনের জন্য বৈশাখ মাসের ৭ তারিখে বলীখেলার আয়োজন করেছিলেন। সেই থেকে প্রতিবছর বলীখেলা অনুষ্ঠিত হয়ে আসছে।