কক্সবাজারের ঐতিহ্যবাহী ডিসি সাহেবের ৫৭তম বলীখেলায় রামুর দিদার বলী আবারও চ্যাম্পিয়ন হয়েছেন। এ নিয়ে ডিসি সাহেবের বলীখেলায় দিদার বলী চ্যাম্পিয়ন হয়েছেন ১২ বার। শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে গত শুক্রবার বিকেলে দুই দিনব্যাপী ‘ডিসি সাহেবের বলীখেলা ও মেলার’ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রুহুল আমিন। পুরো আয়োজনে সহযোগিতা করে গ্রামীণ ফোন। টেকনাফ, উখিয়া, সদর, মহেশখালী, চকরিয়া, রামুসহ জেলার বিভিন্ন স্থান থেকে শতাধিক বলী এই খেলায় অংশ নেন। শনিবার বিকেলে উখিয়ার শামসু বলীর সঙ্গে চূড়ান্তপর্বের লড়াই করেন রামুর দিদার বলী। ১৬ মিনিটের মাথায় শামসু বলীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন তিনি। এর আগে রামুর নন্দাখালীর শাহাবউদ্দিন বলীকে পরাজিত করে মহেশখালীর রাসেল এবং নন্দাখালীর সেলিম বলীকে পরাজিত করে সদর উপজেলার নাপিতখালীর শহিদউল্লাহ বলী দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন।জেলা প্রশাসক মো. রুহুল আমিন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি নুরুল হুদা চৌধুরী, যুগ্ম সম্পাদক অনুপ বড়ুয়া, কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, গ্রামীণ ফোনের চট্টগ্রাম ও কক্সবাজারের আঞ্চলিক প্রধান বাকি উল্লাহ ও তানভীর তারেক প্রমুখ। জেলা প্রশাসক বলেন, ১৯৫৭ সাল থেকে এই স্টেডিয়ামে ডিসি সাহেবের বলী খেলা হয়ে আসছে। গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে এই বলীখেলা ও মেলা অব্যাহত রাখা হবে।