শখের দুনিয়া
দিদারুলের সংগ্রহ
দিদারুল ইসলাম শখের সংগ্রাহক। ডাক টিকিট, মুদ্রাসহ দুর্লভ কিছু পেলেই নিজের সংগ্রহে রাখা তাঁর ছোটবেলার শখ। ১৯৯৭ সাল থেকে শুরু করেছেন গাড়ি সংগ্রহ।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পরিচয় ‘সুজন ভিডব্লিউ’। দিদারুল ইসলামের ডাকনামের সঙ্গে পুচ্ছ ‘ভিডব্লিউ’ হচ্ছে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগনের সংক্ষিপ্ত রূপ! তিনি একজন সংগ্রাহক। ডাক টিকিট, মুদ্রাসহ দুর্লভ কিছু পেলেই নিজের সংগ্রহে রাখা তাঁর ছোটবেলার শখ। ১৯৯৭ সাল থেকে শুরু করেছেন গাড়ি সংগ্রহ।
দিদারুল ইসলাম পেশায় ব্যবসায়ী। রাজধানীর ইস্কাটন গার্ডেনে তাঁর একটি কনভেনশন সেন্টার আছে। এ ছাড়াও অল্ডি গল্ডি অটো স্কোয়াড নামের গ্যারেজের স্বত্বাধিকারীও তিনি। সারাইখানায় পুরোনো মোটরসাইকেল ও গাড়ি পুনঃসংস্কারের কাজ করা হয়। তাঁর সংগ্রহ দেখে এসেছি ২ সেপ্টেম্বর।
দুরবিন
দিদারুল ইসলামের কাছে রয়েছে অপেরা শো দেখার দুটি দুরবিন। যার মধ্যে একটি অস্ট্রিচ বা উটপাখির চামড়ায় মোড়ানো আর অন্যটি হাতির দাঁত দিয়ে তৈরি। ইংরেজ ও ওলন্দাজ সাহেবেরা দূর থেকে অপেরা দেখার জন্য এই ধরণের দুরবিন ব্যবহার করতেন। অস্ট্রেলিয়া বেড়াতে গিয়ে এই দুরবিন জোড়া সংগ্রহ করেন তিনি।
বইয়ের বয়স ২০০ ছুঁই ছুঁই
বেশ কিছু পুরোনো বই রয়েছে দিদারুল ইসলামে সংগ্রহে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইতালীয় লেখক জিওভানি বোক্কাচ্চোর (১৩১৩–১৩৭৫) বিখ্যাত বই ডিকামেরোন। ১৮২৭ সালে প্রকাশিত বইটির দ্বিতীয় সংস্করণ রয়েছে দিদারুলের সংগ্রহে। ১৩৪৮ সালের পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়া কালো মৃত্যু বা কালো মড়ক নামক মহামারি–পরবর্তী সময়ে এই বইটি লেখা হয়েছে। এ ছাড়া ১৮৯৮ সালে প্রকাশিত মার্ক টোয়েনের দ্য অ্যাডভেঞ্চার অব হাকলবেরি ফিন বইটির দ্বিতীয় সংস্করণ রয়েছে তাঁর কাছে।
বাহারি বাহন
সব মিলিয়ে প্রায় অর্ধশত গাড়ি, মোটরসাইকেল আর বাস রয়েছে দিদারুলের সংগ্রহে। সবই মূলত ষাট ও সত্তরের দশকের। এর মধ্যে ১২টি ক্ল্যাসিক মডেলের ভক্সওয়াগন বিটল কার, ২টি ভক্সওয়াগন বাস ও ৩০টির বেশি ভেসপা মোটর বাইক সাজানো রয়েছে গ্যারেজে। ১৯৬৫ মডেলের বিটল গাড়িটি একজন সরকারি কর্মকর্তার ছিল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন ভারতে মুক্তিযোদ্ধাদের যাতায়াতের কাজে ব্যবহৃত হয়েছিল। আর ভক্সওয়াগনের বাসটিতে প্রয়াত ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর অটোগ্রাফ রয়েছে। প্রতিটি গাড়িই সচল। ২০০৫ সালে বিটল গাড়িগুলো নিয়ে বন্ধুদের সঙ্গে সড়কপথে নেপাল ঘুরে এসেছেন তিনি। ভেসপাগুলো দেশের বিভিন্ন স্থান থেকে সচল কিংবা একেবারে অচল অবস্থায় সংগ্রহ করেছেন। পরবর্তী সময়ে মেরামত করিয়ে নিয়েছেন। কোনোটি কিনেছেন পাঁচ হাজার, আবার কোনোটি পঞ্চাশ হাজার টাকায়।
সাইকেলের বাতি
রাতবিরাতে অন্ধকারে সাইকেল চালানোর জন্য আগে বিশেষ এক ধরণের বাতি ব্যবহার করা হতো। ১৯২০ সালের তৈরি এমনই একটি বাতি রয়েছে সুজনের সংগ্রহের তালিকায়। এই বাতি জ্বালাতে হতো কেরোসিন তেল দিয়ে। এরপর সলতের গোড়ায় আগুন জ্বালিয়ে দিলেই আলোকিত হয়ে ওঠে এই বাতি।