দিন কাটছে ভূমিকম্পের আতঙ্কে
আমি কাজ করছিলাম অফিসে। বেলা দুইটা বেজে ৪৯ মিনিটে (জাপানের সময়) শুরু হয় ভূমিকম্প। প্রথমে ভেবেছিলাম, এটা প্রতিদিনকার জীবনের আর দশটা সাধারণ ভূমিকম্পেরই মতো। কিন্তু ২০ সেকেন্ড পর পুরো দালান রোলার কোস্টারের মতো কাঁপতে শুরু করল। অফিসের সবাই আমরা সিদ্ধান্ত নিলাম, যেকোনোভাবে বাইরে বেরোতে হবে। স্ত্রীকে ফোন দিয়ে জানালাম, সে যেন বাড়ি থেকে বের হয়ে খোলা মাঠে গিয়ে দাঁড়ায়। চার তলা থেকে সিঁড়ি বেয়ে দ্রুত নামছিলাম আমি। মনে হচ্ছিল, এ নামা আর শেষ হবে না কখনো। যা-ই হোক, শেষ পর্যন্ত সবাই সহিসালামতে নেমে এসে দাঁড়ালাম পথে। মুঠোফোনের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না। যাতায়াতের কোনো ব্যবস্থা ছিল না। বড় বড় দালানে ঘেরা ছিল চারপাশটা। ভাবছিলাম, কোনটা সবার আগে ভেঙে পড়ে আমার ওপর। একসময় শান্ত হলো পরিস্থিতি। কিন্তু ভূমিকম্প হলো অনেকবার এবং এখনো হচ্ছে, যদিও ছোট আকারে। আমার স্ত্রীকে আবার ফোন করলাম। ফোনের সংযোগ পাওয়া গেল না। রাজ্যের দুশ্চিন্তা এসে ভর করল মাথায়। তড়িঘড়ি হেঁটেই রওনা হলাম বাড়ির পথে। সাত ঘণ্টা একটানা হাঁটা এবং ঘণ্টা খানেক দৌড়ানোর পর পৌঁছলাম বাড়িতে। বাড়িতে যাওয়ার মাঝপথে একটা ফোনবুথ থেকে ল্যান্ড ফোনে কথা বলতে পেরেছিলাম স্ত্রীর সঙ্গে। এখনও আমাদের দিনগুলো কাটছে বড় মাত্রার ভূমিকম্পের আতঙ্কে।