দিন শুরু হোক স্বাস্থ্যকর নাশতায়

গতকাল রাজধানীতে ‘স্বাস্থ্যকর নাশতা দিয়ে শুরু হোক আপনার দিন’ স্লোগান নিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করেছে বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, সানোফি বাংলাদেশ লিমিটেড এবং দৃক। এ উপলক্ষে শোভাযাত্রা, ডায়াবেটিস পরীক্ষা এবং বিশেষ প্রাতরাশের আয়োজন করা হয়।
আয়োজক সংগঠনগুলো জানিয়েছে, বাংলাদেশে বর্তমানে ৮০ লাখেরও বেশি মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত হলেও তাদের ৪০ ভাগই এখনো চিকিৎসার আওতায় আসেননি। এ রোগে আক্রান্ত হওয়ার বর্তমান হার বজায় থাকলে ২০৩০ সালের মধ্যে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার একমাত্র উপায় হলো জীবনযাপনের অভ্যাস পরিবর্তন করা। এই বিষয়টির মাথায় রেখেই এবারের বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন এবং অন্যান্য কার্যক্রমের আয়োজন করা হয়। বারডেম একাডেমির পরিচালক অধ্যাপক জাফর আহমেদ লতিফ বলেন, ‘পরিমিত ভোজন, নিয়ন্ত্রিত ওজন, প্রতিদিন নিয়মিত প্রাতর্ভ্রমণ—এই হলো সুস্থ জীবনযাপনের মূল মন্ত্র।’
ডায়াবেটিস নিয়ে জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে প্রতিবছর আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন এবং এর সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে পৃথিবীজুড়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে জাতিসংঘ ২০০৭ সালে বিশ্ব ডায়াবেটিস দিবস পালনের স্বীকৃতি দেয় এবং এ প্রস্তাবনা প্রদানে বাংলাদেশের অগ্রগণ্য ভূমিকা ছিল।

প্রখ্যাত ডায়াবেটলজিস্ট এবং বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের প্রধান অধ্যাপক এ কে আজাদ খান এ প্রসঙ্গে বলেন, ‘ডায়াবেটিস আজ এক মহামারিতে রূপ নিয়েছে। কিন্তু যথাযথ ব্যবস্থা নিলে তা প্রতিরোধ করা সম্ভব। আমাদের প্রত্যেকেরই মানবিক দায়িত্ব এই আগ্রাসী স্রোতকে প্রতিহত করতে সঠিক পদক্ষেপ নেওয়া।’
দিবসটি উদযাপনে গতকাল সানোফি বাংলাদেশ আয়োজিত শোভাযাত্রায় ৫০০ জনেরও বেশি সাইক্লিস্ট, ডায়াবেটিক আক্রান্ত ব্যক্তি, চিকিৎসক এবং সচেতন নাগরিকেরা অংশগ্রহণ করেন। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে যাত্রা শুরু করে এই শোভাযাত্র শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গিয়ে শেষ হয়। এ সময় সেখানে এতে অংশগ্রহণকারীদের মধ্যে স্বাস্থ্যকর প্রাতরাশ বিতরণ করা হয়।

বিশ্ব ডায়াবেটিস দিবস পালনে সানোফি ঢাকার বিভিন্ন স্থানে বিনা মূল্যে ব্লাড গ্লুকোজ পরিমাপ বা ডায়াবেটিস পরীক্ষারও ব্যবস্থা করে। সানোফির ব্যবস্থাপনা পরিচালক আসিম জামাল বলেন, ‘অত্যাধুনিক, সম্মিলিত এবং কার্যকরী উদ্ভাবনের মাধ্যমে ডায়াবেটিস রোগীদের জীবনযাত্রার মানোন্নয়নে সাহায্য করা সানোফির সব সময়ের প্রচেষ্টা। ৯০ বছরেরও বেশি সময়কালের অভিজ্ঞতার আলোকে সানোফি জানে যে ডায়াবেটিস রোগের ব্যবস্থাপনার প্রথম এবং প্রধান ধাপ হলো জনসচেতনতা বৃদ্ধি করা। প্রাত্যহিক জীবনযাত্রার সঙ্গে সম্পৃক্ত এই রোগ আমাদের ছোট ছোট অভ্যাস পরিবর্তন—যেমন স্বাস্থ্যকর নাশতা দিয়ে দিন শুরু করা এবং সঠিক সময়ে ওষুধ সেবন করা ইত্যাদির মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব।