
যানজটে আটকে ছিলাম রাজধানীর তোপখানা রোডে। সেখানেই দেখা পাই এক নারীর। ‘ক্যালেন্ডার, ক্যালেন্ডার’ বলে কাছে এসে জিজ্ঞেস করলেন, নতুন বছরের ক্যালেন্ডার নেব কি না। উত্তর দিতে হলো না, আমাদের অভিব্যক্তি দেখেই তিনি বুঝে নিলেন, ক্যালেন্ডার নিচ্ছি না। সামনের দিকে আরও দুই-একজনের কাছে তিনি গেলেন। সাধলেন, বিক্রিও হলো একটা।
তখন বিকেল প্রায় চারটা। সবুজসংকেতে গাড়ি চলতে শুরু করল। তবে বেশিদূর এগোল না। আবার থামতে হলো। বাইক যেখানে থমকে দাঁড়াল, আবার দেখা ক্যালেন্ডার-বিক্রেতা ওই নারীর সঙ্গে। পাশেই সড়কদ্বীপে বসে খাচ্ছিলেন। সঙ্গে দুই শিশু। প্লাস্টিকের বাটি থেকে ভাত নিয়ে নিজে একবার মুখে পুড়ছেন, আরেকবার তুলে দিচ্ছেন বাচ্চাদের মুখে। পাশেই ছিলাম। নেমে যাই কথা বলার জন্য।
‘লালশাক ভাজি দিয়ে ভাত খাই।’ কী খাচ্ছেন জানতে চাইলে ধীরে উত্তর দেন তিনি। কথায় কথায় জানা হলো তাঁর জীবনের গল্প। নাম পারভীন আক্তার। দুই সন্তান মিষ্টি ও পারভেজকে নিয়ে তাঁর সংসার। মেয়ের বয়স আট বছর, ছেলের পাঁচ। স্বামী? একটু ইতস্ততবোধ করলেন। তবে জানালেন, ‘সে রিকশা চালায়’। থাকেন মতিঝিলের মানিকনগরে।
গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। ঢাকায় কখন এসেছেন সেটা তিনি নিজেই মনে করতে পারেন না। পারভীন আক্তার বলেন, ‘খুব ছোটবেলায় খালুর সাথে আইছি।’ বয়স পঁচিশের ঘরে। ছোটবেলা থেকেই হকারি করেন। পারভীন আক্তার ক্ষীণ স্বরে কঠিন কথাটি বলেন, ‘মাইনষের বাড়িত বান্দির কাজ করার চেয়ে, এইটা ভালা।’
বছরের অন্য সময় তিনি মাস্ক ও ক্যান্ডি বিক্রি করেন। তবে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে জানুয়ারি মাসজুড়ে নতুন বছরের ক্যালেন্ডার বিক্রি করেন। ক্যালেন্ডার কেনেন পল্টনের পাইকারি দোকান থেকে। হিসাব করে বললেন, প্রতিদিন ৫০টির মতো ক্যালেন্ডার বিক্রি করতে পারেন। দুই টাকা দরে কেনা প্রতিটি ক্যালেন্ডার পাঁচ টাকা বিক্রি করেন। মেয়ে মিষ্টিকেও কাজে লাগিয়েছেন। ক্যান্ডি আর মাস্কের প্যাকেট হাতে ফেরি করে রাস্তায়।
ততক্ষণে তাঁদের খাওয়া শেষ হয়েছে। হাতে ক্যালেন্ডার নিয়ে আবার নেমে পড়েন রাস্তায়। জিজ্ঞেস করি, নতুন বছর নিয়ে কিছু ভাবছেন? ‘নতুন আর পুরান কী, আমগো সবদিনই সমান।’