দিনগুলো ছিল বিপদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনে ছুটি। ব্যস্ততাকে পাশ কাটিয়ে অবশেষে পাওয়া গেল সামান্য অবসর। রাজা সাঈদের ছেলে সাহিল একটা নীল বল নিয়ে ছোটাছুটি করতে থাকে ঘরের ভেতর। ওল্ডহ্যামে কাজ করতে আসার পর ছুটিছাটা তেমন পাননি তিনি। অনেক দিন যাওয়া হয়নি নিজ দেশ পাকিস্তানে। দেখা হয়নি বুড়ো মায়ের মুখ। সাহিলের মা আকিলার আপত্তি নেই। তবে অ্যাজমার সমস্যাটা হঠাৎ করেই বেড়ে গেছে। প্রায়ই অসুস্থ থাকতে হয়। তাই ছোট দুই সন্তানকে নিয়ে ওল্ডহ্যামে থাকার জন্য মনস্থির করেন আকিলা। রাজা সাঈদ পাঁচ বছরের ছেলেসন্তান সাহিলকে নিয়েই রওনা দেন। এবারের ছুটিটা না হয় বাপ-বেটা মিলেই কাটাক। শৈশব বড় আনন্দের। সাহিলের আনন্দ আর ধরে না। অজানা, অচেনা জায়গার প্রতি রয়েছে তার আকর্ষণ। ওল্ডহ্যাম ছেড়ে মাইলকে মাইল দূরে যাওয়া হবে বেড়াতে। নিঃসন্দেহে এটা অতি আনন্দের। অবিরাম হাসিতে তার ক্লান্তি নেই। রাজা সাঈদ মুগ্ধ দৃষ্টিতে তাঁর সন্তানকে দেখতে থাকেন। ছেলেটা কী খুশি! কাজের চাপে ওল্ডহ্যামের বাড়ি ছেড়ে খুব একটা বাইরে যাওয়া হয় না বললেই চলে। এবার থেকে যাবেন। ছেলেমেয়েদের খুশির জন্য যাবেন। তিনি যদি ঘুণাক্ষরেও টের পেতেন এই বাইরে যাওয়াই সন্তান সাহিলের জন্য কাল হবে, তবে কখনোই ওল্ডহ্যাম ছাড়তেন না। সত্যি বলছি, সামনের দিনগুলোতে পাকিস্তানে রয়েছে বিপদ। ভয়াবহ বিপদ। অশুভ যাত্রাপাঞ্জাব প্রদেশের একটি ছোট্ট জায়গা ঝেলুম। রাজধানী ইসলামাবাদ থেকে গাড়িতে যেতে সময় লাগে দুই ঘণ্টা। ফেব্রুয়ারির ১৮ তারিখে ম্যানচেস্টার থেকে আসেন রাজা সাঈদ। যাত্রাপথে ঝামেলা হয়নি কোনো। ছেলে সাজিলও খুশিমনে ছিল বাবার সঙ্গে। পাঞ্জাবে আসার পর তারা ঘুরেফিরে দেখেছিল আশপাশের জায়গাগুলো। সাহিল বেশির ভাগ সময় থাকে দাদির সঙ্গে। সময় খুব দ্রুত ফুরায়, ছুটিও একসময় একঘেয়ে হয়ে ওঠে। তাই তাড়াহুড়ো করেই পাকিস্তান ছাড়তে চান রাজা সাঈদ। ওল্ডহ্যামে আছে স্ত্রী আর দুই সন্তান। অনেক দিন হলো তাদের থেকে দূরে। চিন্তা হচ্ছিল খুব। দেরি না করে মার্চের ৩ তারিখই রওনা দেয় তারা। ভাইয়ের ট্যাক্সিতে চেপে যেতে থাকে এয়ারপোর্টে। ঠিক তখনই ঘটে বিপত্তি। রাজা সাঈদের ভাষায়—‘পরিবারের লোকদের হতে বিদায় নিচ্ছিলাম। সন্ধ্যা নেমেছে মাত্র। ঠিক তখনই আঁধার থেকে চারজন মুখোশধারী এসে হাজির হয় সামনে। তাদের গায়ে ছিল কালো কাপড়। হাতে গ্লাভস। প্রত্যেকেই নিয়ে এসেছিল বড় আকারের বন্দুক। ওয়েস্টকোট ভর্তি ছিল বুলেট আর গ্রেনেড। তারা রাজা সাঈদের বৃদ্ধ মাকে টেনেহিঁচড়ে ফেলে দিয়েছিল মাটিতে, চিত্কার করার ছিল না কোনো উপায়। বলেছিল, চিত্কার করার সঙ্গে সঙ্গেই গুলি করে মেরে ফেলা হবে। চারদিকে সুনসান নীরবতা। ভয়ে-আতঙ্কে টুঁ-শব্দটিও করছিল না কেউ। ঢিপঢিপ করছিল রাজা সাঈদের বুক। তিনি ভেবেছিলেন এটা ডাকাতি। কিন্তু ভুল ভাঙে যখন সন্তান সাহিলকে নিয়ে চলে যায় মুখোশধারীরা। ডাক ছেড়ে কেঁদে ওঠেন তিনি। সাহিলকে উদ্ধার করার নেই কোনো উপায়। যতক্ষণ না পর্যন্ত অপহরণকারীরা আঁধারে মিলায়, এতক্ষণ পর্যন্ত দূরে চেয়ে থাকেন তিনি। সাহিলের মা আকিলাকে কীভাবে এ খরব দেবেন। সন্তান-শোকে আকিলা তো পাগলই হয়ে যাবেন। রাজা সাঈদের চোখের সামনে এখন শুধু জমাট অন্ধকার। নিকশ কালো অন্ধকার।’দুর্বিষহ জীবন‘আমরা যা বলছি ঠিক তাই-ই করবে। নইলে পাঠানো হবে ছোট্ট উপহার। তোমার সন্তানের শরীরের যেকোনো একটি ক্ষতবিক্ষত অঙ্গ’—বলছিল অপহরণকারীদের একজন। ফোন দিতে খুব একটা দেরি করেনি তারা। রাজার মুঠোফোনের নম্বর কোথা থেকে পেল, কে জানে। অপহরণকারীদের ধারণা, রাজা সাঈদ একজন ধনী ব্যবসায়ী। তাই মুক্তিপণ হিসেবে চেয়ে বসে দুই লাখ পাউন্ড। সঠিক সময়ে না দিতে পারলে কালো ব্যাগে ভরে পাঠানো হবে সাহিলের মৃতদেহ। ঘাবড়ে যান রাজা সাঈদ। এত টাকা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। দিনভর কাঁদতে থাকেন মা আকিলা। জীবনের সব সুখ চলে গিয়ে তিতকুটে হয়ে ওঠে অস্থির জীবনটা। এরই মাঝে ধূর্ত অপহরণকারীদের সঙ্গে কয়েকবার কথা হয়। রাজার অপারগতা জেনে তারা মুক্তিপণের পরিমাণ কিছুটা কমায়। এক লাখ ১০ হাজার পাউন্ড। বাড়িয়ে দেয় টাকার জোগাড় করার সময়। তবে পুলিশকে জানানো যাবে না কিছুই। যদি জানানো হয় তবে পাকিস্তানে রাজা সাঈদের মা ও ভাইদের ওপর হামলা চালানো হবে।পাকিস্তান ছেড়ে ওল্ডহ্যামে চলে আসেন রাজা সাঈদ। নিজেদের মূল্যবান জিনিসগুলো বিক্রি করার পরও যে টাকা হাতে আসে, তার পরিমাণ সামান্য। তিনি ধার নেওয়া শুরু করেন। কাছের মানুষ এগিয়ে আসে তাঁর সাহায্যে। অবশেষে কোনোক্রমে জোগাড় হয় পুরো টাকা। এবার টাকা দেওয়ার পালা। অপহরণকারীরা আর অপেক্ষা করতে রাজি নয়। দিনে চারবার করে ফোন দিতে থাকে, হুমকিও বেড়ে যায় দ্বিগুণ হারে। মার্চের ১৩ তারিখ। বিকেল সাড়ে চারটার দিকে প্যারিসের একটি নির্দিষ্ট জায়গায় ব্যাগভর্তি টাকা নিয়ে আসেন রাজা সাঈদ। ক্যাপ পরিহিত একজন লোক এসে টাকাটা নিয়ে চলে যায়। সে সময় ফোনে কথা বলিয়ে দেওয়া হয় পাকিস্তানে থাকা ছেলে সাহিলের সঙ্গে। এরই কিছুক্ষণ পর ছেড়ে দেওয়া হয় তাকে। রাজা সাঈদের ভাই একটি স্কুল থেকে উদ্ধার করেন ছেলেটিকে। ফোনে রাজাকে জানানো হয়, তাঁর ছেলে এখন নিরাপদ। আর ভয়ের কিছু নেই। হাঁফ ছেড়ে বাঁচেন রাজা সাঈদ। ছেলেকে দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে মন। আর একটা সেকেন্ডও যেন অপেক্ষা করতে রাজি নন তিনি। কয়েক দিন পরের কথা। ছেলে সাহিলকে কোলে নিয়ে বসে আছেন আকিলা। একটু পরপর ছেলের গালে, কপালে চুমু খাচ্ছেন। সাহিল হাসছে। একটানা ক্লান্তিহীন হাসি। চোখে-মুখে একটুও ভয় নেই তার। ভয়ংকর অতীতটা হয়তো এরই মাঝে ভুলে গেছে। জল গড়িয়েছে অনেক দূর। উত্তর-পশ্চিম স্পেনের এক জায়গা থেকে অপহরণকারীদের তিনজনকে আটক করে ফরাসি পুলিশ। আর একদল ধরা পড়েছে পাকিস্তানে। লোভে পাপ, পাপে মৃত্যু—কথাটাই যেন পৃথিবীতে সত্যি হয়ে ওঠে বারবার। রাজা সাঈদ আর আকিলার অবশ্য অপহরণকারীদের নিয়ে আর মাথাব্যথা নেই। ছেলেকে পেয়েই খুশি তাঁরা। পৃথিবীর সব মা-বাবাই কি এমন পাগলাটে হয়? সন্তানকে পেলে ভুলে যায় সব? এর উত্তর জানা নেই, আমার জানা নেই।ওয়েবসাইট অবলম্বনে: মাহমুদুল হাসান