
২০ অক্টোবর দিনটা রাজধানীর সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের জন্য আর দশটা দিনের মতো ছিল না। ‘প্রথম আলো-জেডিসি জাতীয় বিতর্ক উৎসব ২০১৬’ এর পর্দা উঠবে বলে সেজেছিল পুরো প্রাঙ্গণ। এই প্রতিষ্ঠানে প্রায় সারা বছরই কোনো না কোনো উৎসব লেগে থাকে। তবু এই অনুষ্ঠানের আয়োজক ‘জোসেফাইট ডিবেটিং ক্লাব’-এর রয়েছে আলাদা মাহাত্ম্য। বাংলাদেশের অন্যতম ‘প্রাচীন’ স্কুল-ডিবেটিং ক্লাব বলে কথা! সংগঠনটি এতই পুরোনো যে সেই ১৯৬৯ সালে প্রতিষ্ঠার পর থেকে কতগুলো জাতীয় বিতর্ক উৎসব আয়োজন করা হয়েছে, তা এর সদস্যরাও ঠিকঠাক জানেন না।
উৎসবের দিন স্কুল প্রাঙ্গণে গিয়ে দেখা গেল, মাঠজুড়ে সাজ সাজ রব। ‘টুর্নামেন্ট ডিরেক্টর’ শাইয়ান সাদিক এবারের আয়োজন নিয়ে বেশ রোমাঞ্চিত। গত বছর এই প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাস করে এখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে পড়ছেন। বলছিলেন, ‘বছরের সেরা উৎসবটি আমরা করতে চাই’। আয়োজনে তাঁর কথার ছাপও পাওয়া গেল বেশ। আন্তস্কুল আর আন্তকলেজ—দুটি বিভাগে বিতর্ক তো হয়েছেই, পাশাপাশি নতুন বিতার্কিকদের জন্য ছিল আলাদা একটি বিভাগ।
স্কুল ও কলেজ—দুটি বিভাগে ৩২টি করে মোট ৬৪টি দল উৎসবে অংশ নয়। দুই বিভাগেই ‘ট্যাব ফরম্যাটে’ প্রাথমিকভাবে চার রাউন্ডে বিতর্ক অনুষ্ঠিত হয়। সেখান থেকে সেরা আটটি করে মোট ১৬টি দল চলে যায় নকআউট পর্বে। আর স্কুলের নব্য বিতার্কিকদের নিয়ে করা হয় ‘নোভিস’ বিভাগ। আয়োজকেরা জানালেন, বাংলাদেশে এই প্রথমবারের মতো নোভিস ক্যাটাগরিতে বিতর্ক করল বাংলা বিতার্কিকেরা।
সব বিভাগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২৩ অক্টোবর হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবার নটর ডেম কলেজ দুই হাত ভরে পুরস্কার নিয়ে গেছে। কলেজ পর্যায়ের চ্যাম্পিয়ন ও রানার্সআপ, দুটো পুরস্কারই বাগিয়েছে তারা। স্কুল পর্যায়ে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে সেন্ট গ্রেগরি হাইস্কুল আর রানার্সআপ মতিঝিল গভ. বয়েজ স্কুল। নোভিস বিভাগে চ্যাম্পিয়ন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও রানার্সআপ ওয়াইডব্লিউসিএ স্কুল। স্বাগতিক সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ও খালি হাতে ফেরেনি। কলেজ বিভাগের সেরা বিতার্কিক হয়েছে এই কলেজের সাকিফ খান। স্কুল বিভাগে এ পুরস্কারটি যৌথভাবে তানবিত তাহমিদ ও রাফিউল রাতুল অর্জন করে নেয়। দুজনই সেন্ট গ্রেগরি হাইস্কুলের ছাত্র।
শেষবারের মতো উৎসব প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় ব্যানারগুলো আবার চোখে পড়ল। সেখানে বড় করে লেখা আছে, ‘যুক্তির দ্রোহে লুপ্ত হোক জঙ্গিবাদের গ্লানি, ধ্বনিত হোক প্রগতির বাণী’।