দিনটি কাটান ভিন্নতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপুলা পৃথিবীর তুলনায় নিজেদের ক্ষুদ্র আর গুরুত্বহীন মনে করার প্রবণতা রয়েছে মানুষের। অনেকেরই মনে হয়, পৃথিবী বদলে দেওয়ার মতো মহৎ কোনো কাজ বোধ হয় তাদের দ্বারা সম্ভবপর নয়। কিন্তু মানুষ একা না হোক, সম্মিলিত শক্তিতে পৃথিবী বদলাতে পারে। একমাত্র মানুষই পারে মানবিক পৃথিবী গড়তে।

এক বছরে ৩৬৫ দিন। প্রতিটা দিনই শুরু হয় বহুমুখী অপার সম্ভাবনা নিয়ে। অথচ বছর শেষে এতগুলো দিনের উল্লেখযোগ্য কোনো কাজ খুঁজে পাই না আমরা। তাই পুরো বছরে অন্তত একটা দিন হোক ভিন্ন রকম, কর্মময়—এই ভাবনা নিয়ে ১৯৯২ সালে ‘মেক আ ডিফারেন্স ডে’ নামে একটি দিবসের যাত্রা শুরু হয়। মার্কিন সাময়িকী ইউএসএ উইকএন্ড দিবসটি প্রচলন করে।

বন্ধুবান্ধব, প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করে আজকের দিনটি নিয়ে পরিকল্পনা করুন। কিংবা একা একাও কাটাতে পারেন ভিন্নভাবে। আশপাশে তাকিয়ে দেখুন, কার কী প্রয়োজন। অভাবী মানুষের পাশে দাঁড়ান। বন্ধুদের সঙ্গে নিয়ে ঘরহীনকে ঘর বানিয়ে দেওয়া যেতে পারে। নিজের পাড়া বা মহল্লায় ব্লাডব্যাংক প্রতিষ্ঠা করতে পারেন। সদলবল সারা দিন ধরে বৃক্ষরোপণ করা যেতে পারে। ক্ষুধার্তদের খাবার সরবরাহের উদ্যোগ নিলেও দারুণ হয়। অল্প কিছু ধারণা দেওয়া হলো। আপনিও ভাবুন ভিন্ন রকম দারুণ কিছু এবং দিনটি কাটান সেভাবে।

ডেজ অব দ্য ইয়ার অবলম্বনে