দিনটি ছিল শুধুই আনন্দের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ অক্টোবর, ২০১০। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সেদিন সবার জন্য খোলা। তাই ছোট্ট ওইটুকু রাস্তায় জন-জটটা বেশ বেঁধেছে। পা ফেলা তো দূরের কথা, তিল ধারণের জায়গাই যেন নেই। তার ওপর কার্তিকের সকালটাও সেদিন জন্ম দিয়েছে তেজি একটা সূর্যের। সেদিন সবাই ছিলেন বেশি মাত্রায় আনন্দিত, উচ্ছ্বসিত ও উদ্ভাসিত। আকাশের সূর্যটা ছিল তাদের আলোকিত ভবিষ্যতের প্রতীক। কারণ, দিনটি ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্মদিন। পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় দিনটিকে বরণ করে নেন। সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। এরপর বের হলো বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নিয়েছিলেন তাতে। শোভাযাত্রা শেষে কেক কাটা হলো। ওড়ানো হলো শান্তির প্রতীক পায়রা।সাংস্কৃতিক জোট মনমাতানো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানে গান হলো। গানের সঙ্গে বাদ্যের তালে তালে ছিল নাচের নহর। উদীচীর নাটক ও আবৃত্তি সংসদের আবৃত্তি ভিন্ন এক মাত্রা এনে দিয়েছিল সে আনন্দের উত্তাল ঢেউয়ে।বিশ্ববিদ্যালয়ের সব তরুণের চোখ-মুখে ছিল উচ্ছ্বাসের জোয়ার। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ সেমিস্টারের রেজা, আজিজ ও পিউ বলছিলেন, ‘জন্মদিনে আনন্দটা বিশেষ মাত্রার। আমরা সব বন্ধু মিলে ঢাকঢোল নিয়ে আনন্দ করছি। সবাই মিলে ঠিক করেছি, সারা দিন একসঙ্গে কাটাব, একসঙ্গে খাব, ঘুরে বেড়াব। এই দিনটি তো শুধুই আনন্দের।’ হ্যাঁ, যেন আনন্দ-বৃষ্টি ঝরে পড়ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়জুড়ে। আর হালকা বিজলিও চমকাচ্ছিল সমানে। বিজলি চমকানো মানে? আনন্দভরা মুহূর্তগুলো স্মৃতির অ্যালবামে আটকে রাখার জন্য ক্যামেরার আলো চমকাচ্ছিল পলে পলে।পদার্থবিজ্ঞান বিভাগের রায়হান বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্মদিন মানে আমারই জন্মদিন। নিজের জন্মদিনে যতটা আনন্দ হয়, তার চেয়েও বেশি আনন্দিত আমি। কারণ, এত মানুষ, বন্ধুবান্ধব আর শিক্ষকদের মিলনমেলা। অনেক ভালো একটা দিন কাটছে।’ সব মিলিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্মদিনে দিনভর চলেছিল আনন্দ-মিছিল। এই মিছিলে দুঃখবোধ বলে কিছু থাকার কথা নয়। কিন্তু কারও কারও মুখে দ্বিধাবোধের বাঁকা আঁচড়ও ছিল। ব্যবস্থাপনা বিভাগের মাসুদ দুশ্চিন্তার স্বরে বললেন, ‘আমাদের শিক্ষার্থীদের জন্য থাকার হল থেকেও নেই। এ বিষয়ে কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া উচিত।’ গণিত বিভাগের সাবিনা বলেন, ‘নামে কিছু আসে-যায় না, কাজেই পরিচয়। বিশ্বাস করি, অদূর ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয় বিশ্বের দরবারে প্রশংসিত হবে।’