দিনটি ছিল শূন্য আর একের
দারুণ একটি দিন, যা আবার আসবে শত বছর পর! আর এই দিনের বিশেষ একটি মুহূর্তের প্রকাশ কেবল বাইনারি সংখ্যাই! বাইনারি হলো সেই সংখ্যাপদ্ধতি, যা দিয়ে তথ্যপ্রযুক্তির উন্নয়ন এবং নতুন অগ্রযাত্রা। তাই এ মুহূর্তটি আনন্দ আয়োজনের মাধ্যমে উদ্যাপিত হয়েছে সারা বিশ্বের মতো বাংলাদেশেও। দিনটির অপেক্ষায় ছিলেন তথ্যপ্রযুক্তি, গণিতপ্রেমী একদল মানুষ। সংখ্যা দুটি দিয়ে যেমন যাত্রা শুরু হয় গণিতের, তেমনি এ দুই সংখ্যা দিয়েই ডিজিটাল প্রযুক্তির অগ্রগতি। তাই বিশেষ এই দিনের বিশেষ মুহূর্তকে মনে রাখতেই ১০ অক্টোবর, ২০১০ সকাল ১০টা ১০ মিনিটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে ঢাকায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি আয়োজন করে দারুণ এক সমাবেশের।বিশেষ মুহূর্তে যা হলোপ্রস্তুতির শুরুটা হয়েছিল বেশ কয়েক দিন আগে থেকেই। ১০টি বিশ্ববিদ্যালয়ের ১০টি দল নিবন্ধনের মাধ্যমে অংশ নিয়েছে ১০ মিনিটের বিশেষ গণিত ও তথ্যপ্রযুক্তি কুইজ প্রতিযোগিতায়। আয়োজনের ব্যাপারটি নানা মাধ্যমে শুরু থেকেই জানিয়েছেন আয়োজকেরা। তাই বিশেষ এই দিনে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণ ছিল বিশেষভাবে সাজানো। সবুজ ঘাসের ওপর তৈরি বিশেষ মঞ্চ, যেখানে বিশেষ মুহূর্তের উদ্যাপন উদ্বোধন হয়। নিবন্ধিত শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের আগেই সংগ্রহ করেন টি-শার্ট। তবে শুধু নিবন্ধিত শিক্ষার্থীরাই নন, সংখ্যাকে ভালোবেসে নির্দিষ্ট সময়ের আগে অনেক শিক্ষার্থীই নিবন্ধন করেছেন আর অংশ নিয়েছেন এ প্রতিযোগিতায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের স্নাতকোত্তর পরীক্ষার্থী সোহরাব হোসেন বলেন, ‘নিজ ক্যাম্পাসে এমন একটি আয়োজনে শামিল হতে পেরে ভালো লাগছে। দিনটি সত্যিই চমৎকার, আর তাই উদ্যাপনে যুক্ত হতেই চলে এসেছি।’ এমন যখন সবার ভালোলাগা, ততক্ষণে সবাই টি-শার্ট পরে প্রস্তুত সেই নির্দিষ্ট মুহূর্তের জন্য। সবার হাতেই নানা রঙের বেলুন। চারপাশের গাছের সঙ্গে সংখ্যা ঝোলানো। শিক্ষার্থীসহ উপস্থিত অনেকের হাতেই বিভিন্ন রঙে রাঙানো ০, ১। চারদিক দেখে মনে হচ্ছে, এ যেন এক টুকরো সংখ্যাস্থান! ‘বিশেষ দিনের বিশেষ মুহূর্তে এ আয়োজনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পেরে সত্যিই অনেক আনন্দ লাগছে’—এভাবেই নিজের ভালো লাগার কথা জানালেন বাইনারি মুহূর্ত উদ্যাপনে অংশ নেওয়া আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ব্রোঞ্জপদক জয়ী নাজিয়া চৌধুরীর মা জেসমিন আক্তার। অনুষ্ঠানস্থলে চলে শুধু সংখ্যা নিয়ে আলোচনা ও মজা। আর অনুষ্ঠানে যোগ দেওয়া সবার মধ্যেই ছিল উচ্ছ্বাস। নির্দিষ্ট সময় ১০টা ১০ মিনিটের ১ মিনিট আগে শুরু হয় বাইনারি সংখ্যায় ক্ষণগণনা। অবশেষে এল সেই স্মরণীয় মুহূর্ত। একসঙ্গে উড়ল সংখ্যাসংযুক্ত একঝাঁক বেলুন। চিৎকার আর তুমুল করতালির মাধ্যমে যেতে লাগল মুহূর্তটি। এ সময় মঞ্চে ছিলেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। ১ মিনিটের বক্তব্যে তিনি বললেন নতুন প্রজন্মের জন্য কিছু করে যাওয়ার কথা। সুন্দর মুহূর্ত পরবর্তী প্রজন্ম যাতে মনে রাখে, সেই ব্যবস্থা করার পাশাপাশি বললেন, নতুন প্রজন্মই দেশকে বদলে দেবে এবং তারাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। ‘তারিখখানা মিলেছে বেশ, দশ দশ আর দশ, দশে মিলে দেশটা গড়ার, অঙ্ক এবার কষ!’ দিনটি নিয়ে নিজের রচিত ছড়াটাও বললেন তিনি। অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি জামিলুর রেজা চৌধুরী একটু ব্যাখ্যাই দিলেন দিনটি নিয়ে। তিনি বলেন, বাইনারি মূলত প্রথমে এসেছিল কবিতার মাধ্যমেই! গণিতভীতি দূর করে নতুন প্রজন্মকে গণিতমনস্ক করাসহ প্রযুক্তির প্রতি আহ্বান করার সঙ্গে দিনটি উদ্যাপনের বিষয়টিও যে জড়িত, তাও উল্লেখ করেন তিনি। এ সময় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, বেসিস সভাপতি মাহবুব জামান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের অধ্যাপক হাসিনা বেগম। প্রতিযোগিতা এবং আয়োজনউদ্বোধন আর বেলুন ওড়ানোর পর শুরু হয় ১০ মিনিটের বিশেষ গণিত ও আইটিবিষয়ক লিখিত প্রতিযোগিতা। প্রশ্নের সময়ের জায়গায় লেখা ছিল ১০১০। অর্থাৎ ১০টা ১০ মিনিটকে বাইনারি হিসেবে ধরলে তা হয় ১০১০। প্রশ্নগুলো ছিলও সব ০ আর ১-কে ঘিরে। ১০ তলায় উঠতে ১০টি সিঁড়ি লাগে, তাহলে ১১ তলায় উঠতে কয়টা সিঁড়ি লাগবে? এখানে ১০ মানে ২ আর ১১ মানে ৩। আরও ছিল-পর্যায় সারণির ১০০০তম মৌল কোনটি? দশমিক সংখ্যাব্যবস্থার অঙ্কগুলোর যোগফল কত? প্রশ্ন যেমন ছিল বাইনারিতে, শিক্ষার্থীদের সব প্রশ্নের উত্তরও দিতে হয়েছে বাইনারিতে। এ ছাড়া ছিল তথ্যপ্রযুক্তির কিছু প্রশ্নও। বিশেষভাবে তৈরি এ প্রশ্নের সব সংখ্যা ছিল বাইনারিতে করা এবং উত্তরগুলোও এসেছিল বাইনারিতে! ১০ প্রশ্নের এ প্রশ্নপত্রে কয়টা প্রশ্ন আছে—এমন প্রশ্নের উত্তরও দিতে হয়েছে শিক্ষার্থীদের! সংখ্যা তো নয়, প্রতিযোগিতা ছিল সংখ্যা নিয়ে কিছু মজা করা—বললেন এক শিক্ষার্থী। প্রতিযোগিতা শেষ হতেই শুরু হলো শোভাযাত্রা। ব্যানার হাতে একদল শিক্ষার্থী আর পেছনে রঙিন সংখ্যা নিয়ে সবাই। সঙ্গে চলছে বাদ্যবাজনা। শোভাযাত্রাটি কার্জন হল থেকে দোয়েল চত্বর হয়ে শহীদ মিনারের পাশ কেটে এগিয়ে চলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দিকে। বুয়েটে ঢুকতেই শোভাযাত্রায় যোগ দেন বুয়েটের উপাচার্য এস এম নজরুল ইসলাম, উপ-উপাচার্য হাবিবুর রহমান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক এস এম লুৎফুল কবীরসহ অনেকে। বুয়েটের ক্যাফেটেরিয়ার সামনে গিয়ে থামে শোভাযাত্রা আর শুরু হয় তাৎক্ষণিক কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। ১০.১০.১০-এর বাইনারি সংখ্যাটি দশমিকে প্রকাশ করলে কত হবে? এমন প্রশ্ন দিয়ে তাৎক্ষণিক কুইজ শুরু হলেও পুরোটাই ছিল সংখ্যা নিয়ে খেলা। এর উত্তর ছিল ৪২।এ সময় সবার আগে হাততোলা শিক্ষার্থী সঠিক উত্তর দিয়ে জিতে নিয়েছেন পুরস্কার। তবে শর্ত ছিল, যিনি একবার পুরস্কার জিতে নেবেন, পরবর্তী সময় তিনি আর পুরস্কার পাবেন না। কুইজ প্রতিযোগিতা শেষ হতেই শুরু হয় শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতাপর্ব। এ পর্বে ব্রডব্যান্ড ইন্টারনেট, ডিজিটাল বাংলাদেশসহ নানা বিষয়ে তাৎক্ষণিক বক্তব্য দেন শিক্ষার্থীরা। এভাবে এগিয়ে চলে আয়োজন। দিনটি নিয়ে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, সত্যিই এমন একটি দিনের এ আয়োজন সাধারণভাবে নয়, বিশেষভাবে উল্লেখযোগ্য। বুয়েটের উপাচার্য গণিত ও লিখিত কুইজ প্রতিযোগিতা, তাৎক্ষণিক কুইজ আর উপস্থিত বক্তৃতায় বিজয়ীদের ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস সফটওয়্যার দেন পুরস্কার হিসেবে। আয়োজকদের কথাএ আয়োজন নিয়ে বেসিসের মহাসচিব ফোরকান বিন কাশেম বলেন, দিনটির বিশেষ সংখ্যাগুলোকে ভালোবেসে নতুন প্রজন্ম যাতে করে গণিত ও তথ্যপ্রযুক্তিতে আরও বেশি আগ্রহী হয়, সেটি ছিল এ আয়োজনের উদ্দেশ্য।দিবসটি পালনে সহযোগী হিসেবে ছিলেন ম্যাথ অলিম্পিয়াড ভলান্টিয়ার্স (মুভার্স)।শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বের সংখ্যাপ্রেমীরাও এই সময়ে শরিক ছিলেন এ অনুষ্ঠানের সঙ্গে। আনন্দ আয়োজনটি সরাসরি ওয়েবসাইটে সম্প্রচার করে কমজগৎ ডটকম।পুরো আয়োজনে সহযোগী ছিল প্রথম আলো।