দিনটি ডিজিটাল!
আগামী পরশু বিশেষ এক দিন। এককথাতেই পাঠকেরা বুঝে যাবেন দিনটি কেন বিশেষ। পরশু হচ্ছে ২০১০ সালের অক্টোবর মাসের ১০ তারিখ। অর্থাৎ ১০.১০.১০। ১ আর ০-এর চমকে ভরা দিনটি নিয়ে বিশ্বব্যাপী নানা আয়োজনের প্রস্তুতি চলছে। থেমে নেই ভার্চুয়াল দুনিয়াও। বিশেষ এই দিনটি আবার আসবে শত বছর পরে। আর তাই উদ্যাপনের প্রস্তুতি চলছে নানাভাবে। বাইনারি হিসেবে সংখ্যাটি হচ্ছে ৪২। আর তাই ১০-এর পাশাপাশি ৪২ নিয়েও রয়েছে আয়োজন। দিনটিকে নানাভাবে আয়োজনের প্রস্তুতি নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের নানা সংগঠন। এ দিনকে সামনে রেখে তৈরি করা ফোরটিটুডে (www.fortytwoday.com) নামের ওয়েবসাইটে রয়েছে বিভিন্ন শহরের বিভিন্ন আয়োজনের তথ্য। এই দিনটিতে ৪২টি বাস নিয়ে বিভিন্ন শহরের অনেকেই বিভিন্ন কার্যক্রমও চালাবেন। ৪২ নামে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক, মাইক্রো ব্লগিং সাইট টুইটার, ফটো রাখার ওয়েবসাইট ফ্লিকারে খোলা হয়েছে বিশেষ পাতা। ওয়েবসাইটটির শেষে রয়েছে নির্দিষ্ট দিনটির অপেক্ষায় থাকা সময় গণনা। রয়েছে ওয়েবসাইট তৈরিতে আগ্রহী ব্যক্তিদের জন্য দারুণ সব ডোমেইন নাম আর বিশেষ ব্যাজ। বেশ কয়েকটি ওয়েবসাইটের সৌজন্যে চলবে জলবায়ু সচেতনতা নিয়ে বিভিন্ন কর্মকাণ্ডের পরিচালনা। বিজ্ঞানীদের পরামর্শ মতে তৈরি থ্রিফিফটি (www.350.org) নামের ওয়েবসাইটেও রয়েছে নানা আয়োজনের তথ্য। এ সাইটে বিশ্বের বিভিন্ন দেশে আগ্রহীরা দিনটিতে কী কী করবেন এবং কোথায় করবেন সে ব্যাপারে সাইটে নিবন্ধনের সুযোগ দিয়েছে। দিনটিতে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রমের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। ওয়েবসাইটটির আহ্বানে জলবায়ু-ন্যায়বিচারের দাবিতে বাংলাদেশের ১০ তরুণ এ দিনে সকাল ১০টা ১০ মিনিটে কেওক্রাডংয়ে পতাকা ওড়াবে। ১০১০ গ্লোবাল (www.1010global.org) সাইটে রয়েছে বিশেষ স্লোগান। এতে বলা হয়েছে সাধারণ একজন ব্যক্তি নিজে বিদ্যালয়ে, ব্যবসাপ্রতিষ্ঠানে বছরে ইচ্ছে করলেই ১০ শতাংশ কার্বন ব্যবহার কমাতে পারেন। সাইটে এ সংখ্যাটিকে ১০:১০ বলে দেখানো আছে। এবার তাই বিভিন্ন আয়োজনের পরিকল্পনা রয়েছে সাইটটির পক্ষ থেকে। ভিডিও দেখার ওয়েবসাইট মেটাটিউব (www.metatube.com) ওয়েবসাইটে এ দিনকে নিয়ে জ্যোতিষশাস্ত্র এবং ভবিষ্যৎ নিয়ে রয়েছে বিশেষ ভিডিও। জনপ্রিয় মুক্ত অপারেটিং সিস্টেম উবুন্টুর সর্বশেষ সংস্করণ উবুন্টু ১০.১০ বের হবে এ দিনে। ম্যাভেরিক মিরক্যাট নামের এ সংস্করণটির সংখ্যা আর বিশেষ দিনকে সামনে রেখে প্রকাশিত হচ্ছে। উবুন্টুর ওয়েবসাইটে (www.ubuntu.com) এ নিয়ে রয়েছে বিশেষ ব্যানার আর নতুন সংস্করণটি নিয়ে সময় গণনার বিশেষ ক্ষণগণনা (কাউন্টডাউন) ব্যানার। ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউবে (www.youtube.com) রয়েছে এ দিনকে নিয়ে নানা আয়োজনের কথা ও ভিডিও। এ ছাড়া ব্যক্তিগত এবং বিভিন্ন ফোরামেও এ দিনটির নানা বিষয় নিয়ে রয়েছে আলোচনা। এই দিনকে উপলক্ষ করে সারা বিশ্বের পাশাপাশি আমাদের দেশেও বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হবে। দেশের সফটওয়্যার খাতের অন্যতম সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি বিশেষ আয়োজন করছে। ভার্চুয়াল দুনিয়ায় এ দিনটিতে বিভিন্ন ব্লগ ও ওয়েবসাইটে নানা ধরনের পোস্ট আর আলোচনাও চলবে। সব মিলিয়ে বাস্তবতার পাশাপাশি এ দিনকে ঘিরে জমজমাট থাকবে ভার্চুয়াল দুনিয়াও।