বুফে—শব্দটি শুনলেই চোখে ভেসে ওঠে দীর্ঘ টেবিলে সারি সারি সাজানো বাহারি পদের খাবার। নিজ হাতে নিয়ে নিন নিজের পছন্দসই সব খাবার। যতক্ষণ খুশি কবজি ডুবিয়ে, জিবের আশ মিটিয়ে খেতে থাকুন। স্বল্পাহারীদের জন্য আনন্দের ব্যাপার না হলেও ভোজনরসিকদের জন্য যে এই ব্যবস্থা রীতিমতো চোখ চকচক করে ওঠা ব্যাপার, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।
১৬ শতকের মাঝামাঝি সময়ে সুইডেনে বুফে ধারণার উৎপত্তি। ব্রানভিসবার্ড নামের একধরনের পানীয়ের প্রচলন হয় তখন। আমন্ত্রিত অতিথিরা রাতের খাবারের আগে হালকা চালের কথাবার্তার ফাঁকে ফাঁকে এটি পান করত। ১৮ শতকের দিকে স্মারগাসবার্ড নামে পরিচিত হয় এটি। ১৯৩৯ সালে নিউইয়র্কে অনুষ্ঠিত বিশ্বমেলায় সুইডেনের অংশগ্রহণের মধ্য দিয়ে বুফে ধারণাটি আন্তর্জাতিকভাবে পরিচিতি পায়। ওই মেলায় সুইডেন তাদের সেরা সব খাবার টেবিলে সাজিয়ে প্রদর্শন করে। এরপর ধীরে ধীরে এই ধারণা বৈশ্বিকভাবে জনপ্রিয় হতে শুরু করে।
আজ বুফে দিবস। ভোজনরসিকেরা দিনটি কাটাতে পারেন খানা-খাদ্যের মধ্য দিয়ে। তবে হ্যাঁ, মাথায় রাখবেন, যেন বেশি খেতে গিয়ে খাবার নষ্ট না হয়। পেট ভরে খান কিন্তু প্লেট ভরে নষ্ট করবেন না।
সূত্র: ডেজ অব দ্য ইয়ার