গেট দিয়ে ঢুকতেই চোখে পড়ল ছেলেমেয়েরা সোৎসাহে রক্ত দিচ্ছেন। একটু ভেতরে খোলা চত্বরের পাশে চলছে পোস্টার প্রদর্শনী। বেলুন, ফেস্টুনে যেন ছেয়ে গেছে প্রান্তর। চারপাশে উৎসবের আমেজ। চলছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ফার্মেসি ডে উদ্যাপন। গত ১৯ ফেব্রুয়ারি দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল ফার্মেসি ক্লাবের নতুন লোগো উন্মোচন, পোস্টার প্রদর্শনী, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, সেমিনার, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বছরজুড়ে অনুষ্ঠিত বিজ্ঞান মেলা, পোস্টার প্রদর্শনী, খেলা, একাডেমিক অ্যাচিভমেন্ট ইত্যাদি ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার প্রদান করা হয় অনুষ্ঠানের সমাপনী পর্বে। এ ছাড়া বিভাগের শিক্ষক ফারজানা খাতুনের তত্ত্বাবধানে দিনব্যাপী চলেছে পেশেন্ট কাউন্সেলিং।বিভাগের শিক্ষক ও ফার্মেসি ডে উদ্যাপনের আহ্বায়ক ফারহানা রিজওয়ান বলেন, ‘আমরা প্রথমবারের মতো আয়োজন করছি এ অনুষ্ঠান। শিক্ষক-শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টার ফলেই এ অনুষ্ঠান সফল হয়েছে।’পুরোনো শিক্ষার্থীরাও এসেছিলেন উৎসবে। তাঁদেরই একজন শুভ্র চৌধুরী। এখন কাজ করছেন একটি বেসরকারি হাসপাতালে। তিনি বলেন, ‘এটা আমাদের জন্য বড় সুযোগ, মনে হচ্ছে যেন পুরোনো দিনে ফিরে এসেছি। এ আয়োজনের মাধ্যমে পুরোনো ও নতুন শিক্ষার্থীদের মধ্যে যোগসূত্র তৈরি হবে।’ তাঁর কথার সঙ্গে আওয়াজ তুলে সমর্থন জানালেন সাবরিনা নাসরিন, আশফাকুর রহমান, সাবরিনা কবীর প্রমুখ। তাঁরা সবাই ফার্মেসি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। অফিস থেকে ছুটি নিয়ে চলে এসেছেন প্রাণের তাগিদে। ফার্মেসি ডের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুকতাদির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি মোহাম্মদ ফরাসউদ্দিন। আরও উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক আহমদ শফি, উপ-উপাচার্য অধ্যাপক মুনীরউদ্দিন। ‘ডায়াবেটিস’ এবং ‘কোয়ালিটি মাইন্ড সেট ও কালচার’ বিষয়ে দুটি সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন আফরোজ জলিল ও ইসরাত আলম।ফার্মেসি বিভাগের প্রধান সুফিয়া ইসলাম বলেন, ‘এ রকম আয়োজনের ফলে পেশাগত যোগাযোগ তৈরি হয়। অনুষ্ঠানে আমরা বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানাই, তাঁরা আসেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, এর মাধ্যমে কাজের ক্ষেত্র তৈরি হয়।’১২টি দলের মধ্যে পোস্টার প্রদর্শনীতে প্রথম পুরস্কার জিতে নেন আরাফাত ছিদ্দিকী, ফাইরুজ জাহিন ও তাহমিদ জামিলের দল। পুরস্কার পেয়ে দারুণ খুশি তাঁরা। আবদুর মোকতাদির পোস্টার প্রদর্শনীর ভূয়সী প্রশংসা করে বলেন, ‘এই কাজগুলো ভবিষ্যতে আমাদের ওষুধশিল্পকে সমৃদ্ধ করতে সহায়ক ভূমিকা পালন করবে। ভালো ওষুধ তৈরির জন্য এসব গবেষণা খুব দরকার।’