দিনভর কাজ আর মজা
শালবনবেষ্টিত গাজীপুরের বি. কে বাড়ী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের একটি আধাপাকা ঘরে ২৫ জন শিশু খেলছিল। মেঝের মধ্যে শতরঞ্জির ওপর খেলাধুলার মাধ্যমে চলছিল তাদের পড়াশোনা। বিদ্যালয়ের শিক্ষিকা নাসিমা আক্তার জানালেন, খেলার ছলে এখানে বর্ণমালা, সংখ্যার ধারণা ও শিক্ষামূলক কবিতা শেখানো হয়। পড়াশোনার প্রতি ভীতির পরিবর্তে আগ্রহ সৃষ্টি করতে এ পদ্ধতিতে শেখানো হয়। প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমাতে ইউএসএইড গত ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু করেছে ‘প্রতিভা’ নামের প্রকল্পটি। পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের আওতায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ১৬ জন শিক্ষার্থী গত বৃহস্পতিবার ইউএসএইডের অর্থায়নে চলমান এ প্রকল্পসহ মোট চারটি প্রকল্প পরিদর্শনে যান। গাজীপুর থেকে যাত্রা শুরু হলো ময়মনসিংহের ভালুকার দিকে। প্রায় এক ঘণ্টার যাত্রা শেষে সোশ্যাল মার্কেটিং কোম্পানির (এসএমসি) কারখানা পরিদর্শনে শিক্ষার্থীদের ছিল ব্যাপক উৎসাহ। বিশেষ করে খাবার স্যালাইন প্রস্তুত করা দেখে একজন বললেন, ‘ছোটবেলা থেকে সবাই এই জিনিসটি কমবেশি খেয়েছি। আজ এর প্রস্তুত প্রণালি দেখে বেশ মজা পেলাম।’ পরিদর্শনের ফাঁকে কারখানার উৎপাদন শাখার প্রধান আখতারুজ্জামান ভূঁইয়া জানালেন, প্রতিদিন এখানে আট থেকে নয় লাখ প্যাকেট খাবার স্যালাইন তৈরি করা হয়। ১৯৭৪ সাল থেকে ইউএসএইডের সহায়তায় এ প্রকল্পটি চলছে।কারখানা পরিদর্শন শেষে ময়মনসিংহ শহরে সূর্যের হাসি চিহ্নিত ক্লিনিক পরিদর্শনে যায় পরিদর্শক দল। চিকিৎসকের কক্ষের সামনে বিভিন্ন শ্রেণীর রোগীর ভিড় ছিল চোখে পড়ার মতো। চিকিৎসক স্নিগ্ধা দে জানান, ‘প্রসবকালীন নানা অসুখ নিয়েই সাধারণত রোগীরা এখানে আসে। এ ছাড়া জনসংখ্যা বৃদ্ধির হার কমাতে ছোট পরিবারের জন্যও উদ্বুদ্ধ করা হয় সাধারণ মানুষকে।’ সর্বশেষ এইডস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে ইউএসএইডের অর্থায়নে চলমান ‘মধুমিতা’ প্রকল্প পরিদর্শনে গিয়ে দেখা মেলে অনেক পুরুষ যৌনকর্মীর। ময়মনসিংহ শহরের ৮১৮ জন পুরুষ যৌনকর্মী এইডসের ঝুঁকি থেকে রক্ষা পেতে এ প্রকল্পের সঙ্গে সংযুক্ত হয়েছেন। ‘বন্ধুর কাছে মনের কথা’ স্লোগান নিয়ে ২০০৯ সালের ১ অক্টোবর থেকে মধুমিতা প্রকল্পটি শুরু করে ইউএসএইড। এইডস নিয়ে কাজ করে এ রকম ২২টি এনজিওকে মধুমিতা প্রকল্পের আওতায় কারিগরি সহায়তা দিচ্ছে তারা। এর অংশ হিসেবে ময়মনসিংহ শহরে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ারের সঙ্গে যৌথভাবে চালু করা হয়েছে এ প্রকল্প।অধ্যাপক নূর-উন-নবী বলেন, তাত্ত্বিক পড়াশোনার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতাও শিক্ষার্থীদের অনেক কিছু শিখতে সহায়তা করে। একদিনে চারটি প্রকল্প পরিদর্শনের পর পপুলেশন সায়েন্সেস বিভাগের ছাত্রী নারগিস সুলতানা বলেন, একদিনে একই সঙ্গে চারটি ভিন্ন প্রকল্পের পরিদর্শন সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা।