দিনভর দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকস্মিক ৪৮ ঘণ্টার গণপরিবহন ধর্মঘটের প্রথম দিনে গতকাল সোমবার নগরজীবনে স্থবিরতা নেমে আসে। প্রশাসনের সঙ্গে কোনো প্রকার আলোচনা ছাড়াই বাস মালিক-শ্রমিকেরা এই ধর্মঘটের ডাক দেয় বলে অভিযোগ রয়েছে। এমনকি ধর্মঘটের প্রথম দিনে দুপুর পর্যন্ত প্রশাসন ও বাস মালিক-শ্রমিকেরা এক টেবিলে বসতে পারেননি। এ ব্যাপারে উভয়পক্ষের মধ্যে কোনো সমঝোতার উদ্যোগ দুপুর পর্যন্ত দেখা যায়নি। তবে দুর্ভোগের শিকার সাধারণ মানুষের আলোচনার বিষয় ছিল এ বাস ধর্মঘট। অবশ্য বিকেল তিনটা থেকে প্রশাসন ও মালিক-শ্রমিকদের টনক নড়ে। উদ্ভূত পরিস্থিতিতে বিকেল তিনটার দিকে মালিক ও শ্রমিকেরা নিজেদের মধ্যে বৈঠকে বসেন। এর পর বিকেল পাঁচটার দিকে তাঁদের চট্টগ্রাম নগর পুলিশ কমিশনারের কার্যালয়ে বৈঠকের জন্য ডাকা হয়। পরিস্থিতি স্বাভাবিক করা এবং গণপরিবহন সচল করার উদ্দেশ্যেই এই দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে সকালে অফিসমুখো সাধারণ মানুষ যানবাহনসংকটে পড়ে দিশেহারা হন।বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাইদুল হক বলেন, ‘সকালে রাস্তায় এসে দেখি, কোনো বাস কিংবা রাইডার নেই। ওই অবস্থায় আমার মতো হাজার হাজার মানুষ বিপদে পড়ে যায়। এভাবে ধর্মঘট আহ্বান করা কোনোভাবেই উচিত না।’ সাইদুলের মতো অনেকে এ সময় ক্ষোভ প্রকাশ করেন।জানা গেছে, রোববার রাতে মালিকপক্ষের একটি অংশ নিজেদের মধ্যে বৈঠক করে ধর্মঘটের সিদ্ধান্ত নেন। এর আগে রোববার নগরের কয়েকটি স্থানে বর্ধিত ভাড়া আদায় করতে গিয়ে যাত্রীদের রোষানলে পড়েন বাস ও পরিবহন শ্রমিকেরা। তবে এ কারণে যে তাঁরা ধর্মঘট ডাকতে যাচ্ছে তা পুলিশের জানা ছিল না। কোনো আলোচনা ছাড়াই তাঁরা এই ধর্মঘট ডেকেছে বলে পুলিশের অভিযোগ।এ প্রসঙ্গে শহর এলাকা বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘সড়কে আমাদের নিরাপত্তা না থাকায় এই ধর্মঘট আহ্বান করা হয়েছে। রোববার সকালে যে আমাদের ওপর হামলা ও ভাঙচুর হয়েছে, সেটা পুলিশ জানত। এখন আলোচনা চলছে, দেখি আমরা হয়তো একটা সমাধানে পৌঁছাব।